
রয়টার্স, আনাদোলু ও তাস
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ভলগোগ্রাদের একটি শিল্পাঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত চারজন নিহত এবং আরো দু’জন আহত হয়েছেন। শুক্রবার আঞ্চলিক গভর্নর আন্দ্রেই বোচারভ এই তথ্য নিশ্চিত করেছেন। শহরটিতে এখন পর্যন্ত এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে জানা গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্টালিনগ্রাদ নামে পরিচিত এই শহরে রাশিয়ার অন্যতম বৃহৎ তেল শোধনাগার পরিচালনা করে জ্বালানি প্রতিষ্ঠান লুকঅয়েল। এ ছাড়া সেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিল্পকারখানা রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে শোধনাগারটিতে বড় ধরনের অগ্নিকাণ্ডের দৃশ্য দেখা গেছে বলে দাবি করা হলেও এর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দারাও রাতভর বিকট বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। তবে এবারের হামলায় শোধনাগারটি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, সে বিষয়ে রুশ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এবং লুকঅয়েলের সাথে যোগাযোগ করা হলেও প্রতিষ্ঠানটি সাড়া দেয়নি। এর আগেও গত ২৯ মে, ৩১ জুলাই এবং গত মাসে শোধনাগারটিতে হামলা হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত জ্বালানি খাতকেন্দ্রিক যুদ্ধবিরতি কার্যকর না হওয়ার পর গত অক্টোবরের শেষ দিক থেকে রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ইউক্রেনের ড্রোন হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
এ দিকে সঙ্ঘাতের মধ্যেই বড় ধরনের বন্দিবিনিময়ে সম্মতি জানিয়েছে রাশিয়া ও ইউক্রেন। গত বৃহস্পতিবার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা ও বিশেষ দূত জ্যারেড কুশনারের সাথে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি এটিকে একটি বাস্তব অর্জন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে অভিহিত করেন।
তবে এই বন্দিবিনিময়ের তারিখ, সংখ্যা কিংবা বিস্তারিত পরিকল্পনা এখনো প্রকাশ করা হয়নি। জেলেনস্কি জানান, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনায় অগ্রগতি হয়েছে এবং সর্বশেষ বৈঠক যুদ্ধ অবসানের বিষয়ে নতুন আশার সঞ্চার করেছে। এ বিষয়ে আরো বৈঠক হবে এবং প্রতিটি পর্ব থেকেই সুনির্দিষ্ট অগ্রগতি আসা উচিত বলে তিনি মনে করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








