
- বাহরাইনে মার্কিন রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি তেহরানের
- হরমুজ প্রণালীর আকাশসীমায় যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত
- নির্বাচনে হারের পর যুদ্ধনীতি নিয়ে প্রশাসনে মতবিরোধ
ইরানের সাথে নতুন করে কোনো চুক্তি করার প্রয়োজন নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের সাথে চুক্তির সেই সময় অনেক আগেই পার হয়ে গেছে। এ দিকে বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর আগাম সতর্কবার্তা প্রদানকারী একটি রাডার ব্যবস্থায় আঘাত হেনে তা ধ্বংস করার দাবি করেছে ইরান। শুক্রবার ভোরে এই হামলার ঘটনার ঠিক কয়েক ঘণ্টা আগে ট্রাম্প তার এই অবস্থানের কথা জানান। এ ছাড়া পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের নৌবাহিনী।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে দেশের অভ্যন্তরীণ বিষয়গুলোতে মনোযোগ দেয়ার নির্দেশ দিয়েছেন। ডেমোক্র্যাট-শাসিত শহর ও অঙ্গরাজ্যগুলোতে চলমান অপরাধ ও দুর্নীতির বিষয়টি উদ্ঘাটন করতে ভ্যান্সকে বলেছেন তিনি। ট্রাম্প বলেন, ইরানের শত শত বিলিয়ন ডলারের সম্পদ যুক্তরাষ্ট্র আটকে রেখেছে এবং কৌশলগত হরমুজ প্রণালীও এখন তাদের দখলেই রয়েছে। মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বিজয়ের পর ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ মহলে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের কৌশল নিয়ে মতপার্থক্য তৈরি হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, তেহরানের ওপর অর্থনৈতিক চাপের কৌশল ইতোমধ্যে কার্যকর ফল দিচ্ছে, তাই বড় পরিসরে নতুন করে সামরিক অভিযানের কোনো প্রয়োজন নেই। এর আগে গত সপ্তাহে ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেয়ার হুমকি দিলেও চলতি সপ্তাহে ট্রাম্প সুর নরম করে বলেছেন, নতুন করে হামলা চালানোর সম্ভাবনা বেশ কম। মার্কিন নীতিতে এই পরিবর্তন আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
ভ্যান্সের ভূমিকা
ইরানের সাথে কূটনৈতিক উপায়ে একটি চুক্তিতে পৌঁছানোর পক্ষে জোরালো অবস্থান নিয়েছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গত এপ্রিলে ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে জুনের সমঝোতা স্মারক স্বাক্ষরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। এমনকি সুইজারল্যান্ডে ইরানের সাথে সরাসরি আলোচনা এবং কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন ভ্যান্স। তবে সম্প্রতি মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ভ্যান্স প্রকাশ্যেই প্রশ্ন তোলেন যে, রাজনৈতিক ও অর্থনৈতিক চড়া মূল্য দিয়ে এই যুদ্ধ চালিয়ে যাওয়া আদৌ যৌক্তিক ছিল কি না।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে ঠেকায় ভ্যান্স এই ইরান যুদ্ধের রাজনৈতিক দায় থেকে নিজের দূরত্ব বজায় রাখার কৌশল নিয়েছেন। এর আগে জি-৭ শীর্ষ সম্মেলনের সময় ট্রাম্প রসিকতার সুরে বলেছিলেন, এই উদ্যোগ সফল হলে তিনি কৃতিত্ব নেবেন আর ব্যর্থ হলে এর দায় ভ্যান্সের ওপর বর্তাবে। বর্তমান পরিস্থিতিতে ট্রাম্প ভ্যান্সকে পররাষ্ট্রনীতি বা কূটনৈতিক প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যস্ত রাখছেন বলে ধারণা করা হচ্ছে।
প্রণালীর নিয়ন্ত্রণ
এ দিকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে মার্কিন দাবি ও বাস্তব পরিস্থিতির মধ্যে বড় ফারাক তৈরি হয়েছে। গত এক সপ্তাহে প্রণালীটি অতিক্রম করার সময় বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজ নৌ-মাইনের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা ইরানি বাহিনীর হামলার শিকার হয়েছে। তা সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট দাবি করে চলেছেন যে এই গুরুত্বপূর্ণ জলপথটি সম্পূর্ণ ওয়াশিংটনের নিয়ন্ত্রণেই রয়েছে। অন্য দিকে ইরানের শীর্ষ আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সাফ জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালী আর কখনো যুদ্ধপূর্ব স্বাভাবিক অবস্থায় ফিরবে না এবং বাণিজ্যিক জাহাজগুলো আগের মতো বিনা মাশুলে চলাচল করতে পারবে না।
তেহরান যুদ্ধবিরতি এবং প্রণালীটি পুনরায় খুলে দেয়ার বিষয়ে সাতটি শর্তসংবলিত একটি প্রস্তাব কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে দিয়েছে। এই শর্তগুলোর মধ্যে রয়েছে মার্কিন নৌ-অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি অর্থ ফেরত দেয়া এবং সব ফ্রন্টে যুদ্ধ সমাপ্তির আনুষ্ঠানিক ঘোষণা। তবে পারমাণবিক ইস্যু বা অন্যান্য শর্ত ছাড়া এসব দাবিতে ওয়াশিংটন এর আগে রাজি হয়নি।
উপসাগরীয় উদ্বেগ
বাহরাইনে মার্কিন রাডার ব্যবস্থায় হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। দক্ষিণ ইরানের বন্দরনগরী সিরিকে একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেহরান। এর বিপরীতে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন যে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলো- বিশেষ করে সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন-ইরানের বিরুদ্ধে বড় পরিসরে নতুন হামলা চালানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে।
সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো বর্তমান স্থবির অবস্থাকে শ্রেয় মনে করলেও এটিকে কোনো স্থায়ী সমাধান হিসেবে মেনে নিতে নারাজ। চ্যাথাম হাউজের মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ আনিসেহ বাসিরি তাবরিজির মতে, বর্তমান পরিস্থিতি মূলত ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ এমন একটি স্থবিরতার মধ্য দিয়ে যাচ্ছে। উপসাগরীয় অঞ্চলের এই ভঙ্গুর নিরাপত্তা পরিস্থিতি এবং বৈশ্বিক বাণিজ্যের প্রধান রুট হরমুজ প্রণালীর অনিশ্চিত ভবিষ্যৎ আগামী দিনে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








