সংক্ষিপ্ত সংবাদ


আত্রাইয়ে যুবদলের কর্মিসভা

Advertisement

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আত্রাই উপজেলা শাখার উদ্যোগে একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে এই সভার আয়োজন করা হয়। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা যুবদলের সভাপতি মো: মাসুদ হায়দার টিপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল। বিশেষ অতিথি ছিলেন এ কে এম রওশন উল ইসলাম ও মো: খোরশেদ আলম। বক্তারা বলেন, বিগত দিনে ফ্যাসিবাদী সরকারের জুলুম উপেক্ষা করে যুবদল কর্মীরা রাজপথে লড়াই করেছে। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফার বার্তা প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আত্রাইয়ে বিএনপি ও যুবদল অত্যন্ত ঐক্যবদ্ধ রয়েছে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরো শক্তিশালী ও গতিশীল করার ওপর জোর দিয়ে নেতাকর্মীদের এক সাথে কাজ করার আহ্বান জানানো হয়। আত্রাই (নওগাঁ) সংবাদদাতা।

সাভার কলেজে পুনর্মিলনী উৎসব

আনন্দ উদযাপনের মধ্যদিয়ে আজ শনিবার দিনব্যাপী সাভার কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে পুনর্মিলনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কলেজ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়েছে। ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান সালাউদ্দিনের তত্ত্বাবধানে কলেজ প্রাঙ্গণ বর্ণিল সাজে সেজেছে। ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠের প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাদ্যমন্ত্রী মিজ্ আফরোজা খানম রিতা। এ ছাড়া বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। দিনব্যাপী এই বর্ণিল আয়োজনে শিক্ষার্থীদের অভ্যর্থনা, কেক কাটা, সম্মাননা স্মারক প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও র‌্যাফেল ড্র অন্তর্ভুক্ত রয়েছে। আয়োজকরা এই মিলনমেলা সফল করতে দীর্ঘদিন ধরে কাজ করেছেন। সাভার (ঢাকা) সংবাদদাতা।

কালীগঞ্জে যৌতুকের জন্য নির্যাতন

ঝিনাইদহের কালীগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে নাজমিন খাতুন (২৫) নামে এক গৃহবধূকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত স্বামী জাহিদ হাসান শুভর বাড়ি মহেশপুর উপজেলার ঈর্শডাঙ্গা গ্রামে। গতকাল শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে যৌতুক চাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মারধর করে এক বছর বয়সী সন্তানসহ নাজমিনকে বাড়ি থেকে বের করে দেয়া হয়। পরে তার বাবা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভুক্তভোগী নাজমিন জানান, তার স্বামী প্রায়ই বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে চাপ দিতেন এবং চাহিদামতো টাকা না পেলে নির্যাতন করতেন। এ ঘটনায় তিনি কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। চিকিৎসক জানান, তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানান, অভিযোগের তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা।

নাচোলে ডায়াবেটিস সচেতনতা সভা

ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং রোগ প্রতিরোধে আগাম সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাচোল ডায়াবেটিক সমিতির আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আব্দুল সাত্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ, জামায়াত নেতা ইয়াহিয়া খালেদ ও বিএনপি নেতা আবু তাহের খোকন। সভায় ডায়াবেটিসের ঝুঁকি সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সুষম খাদ্যাভ্যাসের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি নাচোল এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ডায়াবেটিস প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সম্মিলিতভাবে কাজ করার ওপর জোর দেয়া হয়। নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা।

৮৪ কোটি টাকার পণ্য জব্দ

সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে গত আড়াই মাসে ৮৪ কোটি টাকার বেশি মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি যশোর রিজিয়ন। এসব অভিযানে ১৫২ জনকে আটক করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৯ কেজির বেশি স্বর্ণ, আগ্নেয়াস্ত্র, ইয়াবা, হেরোইন, গাঁজা ও ফেনসিডিল। অন্য দিকে, কুষ্টিয়া ব্যাটালিয়ন এককভাবে সাড়ে চার কোটি টাকার মালামাল জব্দ করেছে। শুক্রবার ৪৭ বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত সুরা ও চোরাচালান দমনে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। কুষ্টিয়া থেকে সুন্দরবন পর্যন্ত প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় কুষ্টিয়া ও খুলনা সেক্টরের সাতটি ব্যাটালিয়ন এই অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত মাদকের মধ্যে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট, মদ ও আইস রয়েছে। কুষ্টিয়া প্রতিনিধি।

নড়াইলে এনসিপির পরিচিতি সভা

জাতীয় নাগরিক পার্টি নড়াইলের লোহাগড়া উপজেলার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার লক্ষ্মীপাশাস্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এরপর কালিয়ার মাধবপাশা এলাকায় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন নেতারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনসিপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরা। তিনি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি। জোটবদ্ধভাবে কোনো প্রার্থী দেয়া হবে না। এতে দলের সাংগঠনিক পরিচিতি বৃদ্ধি পাবে। প্রতিটি ইউনিয়নে দলীয় প্রার্থীর নাম দ্রুত ঘোষণা করা হবে। নতুন দল হিসেবে জনগণের মাঝে আস্থা অর্জিত হয়েছে এবং দলীয় কার্যক্রম আরো জোরদার করা হচ্ছে। জেলা কমিটির আহ্বায়ক কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আবুল বাশার, উজ্জল মোল্যাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দলীয় শক্তি বৃদ্ধির জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। নড়াইল প্রতিনিধি।

শালিখায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই

মাগুরার শালিখা উপজেলার বুনাগাতী ইউনিয়নের নরপতি গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গোবিন্দ রায়ের বসতঘর, আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, একটি অনুষ্ঠানে পরিবারের সবাই যোগ দেয়ার কারণে ঘরটি খালি ছিল। ওই সময় ঝড়-বৃষ্টির পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলে হঠাৎ আগুন লাগে। আগুনের তীব্রতা বেশি থাকায় স্থানীয়রা এগিয়ে এলেও ঘরের কাছে যেতে পারেননি। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটকে আগুনের কারণ বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে পরিবারটি চরম অসহায় অবস্থায় পড়েছেন। ক্ষতিগ্রস্ত এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় প্রশাসন ও বিত্তবানদের প্রতি এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন। শালিখা (মাগুরা) সংবাদদাতা।

ময়মনসিংহে কিশোরকে ছুরিকাঘাত

ময়মনসিংহ নগরীর চর কালিবাড়ি এলাকায় এক কিশোরের ছুরিকাঘাতে রানা (১৬) নামে আরেক কিশোর নিহত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বুধবার রাতে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। নিহত রানা ফুলপুর উপজেলার হোসেনপুর গ্রামের মুস্তাফিজুর রহমানের ছেলে। অভিযুক্ত মোখলেস ও তার পরিবারের সদস্যরা ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। পুলিশ জানায়, তারা দুজনেই স্থানীয় একটি বোতল তৈরির কারখানায় শ্রমিক হিসেবে কাজ করত। বুধবার সন্ধ্যায় কাজ করার সময় কোনো এক বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে রানার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে হাসপাতালে ভর্তি করেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবিরুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। ময়মনসিংহ অফিস।