এনআইডি জটিলতায় বন্ধ সাংবাদিক ইসাহাক আলীর চিকিৎসা

নাটোর প্রতিনিধি

Advertisement

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বাবা-মায়ের নাম সংশোধন করতে না পারায় পাসপোর্ট তৈরি ও বিদেশে উন্নত চিকিৎসা নেয়া অনিশ্চিত হয়ে পড়েছে নাটোরের সাংবাদিক ইসাহাক আলীর। দুই কিডনি বিকলসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে সঙ্কটাপন্ন অবস্থায় থাকলেও পরিচয়পত্রের জটিলতায় প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে পারছেন না তিনি।
ইসাহাক আলী বৈশাখী টেলিভিশন ও দৈনিক মানবজমিনের নাটোর জেলা প্রতিনিধি এবং নাটোর প্রেস ক্লাবের জুনিয়র সহসভাপতি। দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন তিনি। পাশাপাশি তিন বছর ধরে স্ট্রোকজনিত জটিলতায় আক্রান্ত। বর্তমানে তার রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা ১০-এর কাছাকাছি বলে জানিয়েছেন তিনি। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেয়ার পাশাপাশি একাধিকবার আইসিইউতে থাকতে হয়েছে তাকে।
ইসাহাক জানান, জন্মের পর নিঃসন্তান বড় চাচা আলতাফ হোসেন ও চাচি সালেহা বেগমের কাছে বড় হয়েছেন। জন্ম নিবন্ধন, শিক্ষাগত সনদ ও এনআইডিতে তাদের নাম রয়েছে। কিন্তু জমির দলিলে জন্মদাতা বাবা সুলতান মাহমুদের নাম থাকায় সম্পত্তিসংক্রান্ত কাজসহ বিভিন্ন দাফতরিক কাজে জটিলতা তৈরি হয়েছে। এ সমস্যা সমাধানে জন্ম নিবন্ধন সংশোধন ও এফিডেভিট করেছেন তিনি। তার দাবি, উপজেলা ও জেলা নির্বাচন কর্মকর্তারা তদন্ত করে প্রতিবেদন জমা দিলেও এনআইডি সংশোধন হয়নি। সম্প্রতি নির্বাচন কমিশন থেকে ১৫ দিনের মধ্যে এসএসসি ও এইচএসসি সনদ সংশোধন করে জমা দিতে বলা হয়েছে। কিন্তু শিক্ষা বোর্ডের প্রক্রিয়ায় এত অল্প সময়ে সনদ সংশোধন সম্ভব নয়।
ফেসবুক লাইভে নিজের অসহায়ত্ব তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মানবিক সহযোগিতা কামনা করেন তিনি। অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে তদন্ত প্রতিবেদন ও দাখিল করা নথির ভিত্তিতে এনআইডি সংশোধন এবং চিকিৎসার প্রয়োজনে পাসপোর্ট তৈরির বিকল্প আইনসম্মত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।