বেনাপোলে মিথ্যা ঘোষণায় কেমিক্যাল পাচারের চেষ্টা

 বেনাপোল (যশোর) সংবাদদাতা

Advertisement

বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে কেমিক্যাল পাচার ও শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে ২৫ টন পণ্যসহ একটি ট্রাক আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। গত বুধবার রাত ৮টার দিকে বন্দরের ৯ নম্বর শেড থেকে পণ্য চালানটি বের করে নেয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করা হয়।
আটক ট্রাকের নম্বর যশোর-ট-১১-৬৩৯৩। চালানটির আমদানিকারক ঢাকার অনিন্দিতা ইন্টারন্যাশনাল এবং সিঅ্যান্ডএফ এজেন্ট ব্রাইট ইন্টারন্যাশনাল। সংশ্লিষ্ট বিল অব এন্ট্রি নম্বর সি-৭৭১৫৪। গত ৮ নভেম্বর চালানটি বেনাপোল বন্দরে প্রবেশ করে।
কাস্টমস সূত্র জানায়, আমদানি-সংক্রান্ত কাগজপত্রে পণ্যটির ঘোষণা দেয়া হয়েছে ট্যালকম পাউডার হিসেবে। কিন্তু চালানটি বন্দরে প্রবেশের পর যথাযথ অ্যাসেসমেন্ট ছাড়াই ট্রাকে লোড করে বের করে নেয়ার প্রস্তুতি চলছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় কাস্টমস কর্মকর্তারা অভিযান চালিয়ে কাগজপত্র যাচাই করেন। এতে ঘোষিত পণ্যের পরিচয় নিয়ে সন্দেহ দেখা দেয়।
কাস্টমস কর্মকর্তাদের ধারণা, ট্যালকম পাউডারের ঘোষণা দিয়ে অন্য কোনো মূল্যবান কেমিক্যাল আমদানি করে শুল্ক ফাঁকির চেষ্টা হয়ে থাকতে পারে। তবে পরীক্ষাগারের প্রতিবেদন ছাড়া পণ্যের প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব নয়। এ কারণে চালানটি জব্দ করে পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে।
বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার বায়জিদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, বন্দরের ৯ নম্বর শেডে একটি চালান খালাসের পর একই দিন বাংলাদেশী ট্রাকে লোড করে বের করে নেয়া হচ্ছে। পরে কর্মকর্তারা গিয়ে কাগজপত্র যাচাই করেন।