
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গরম পানি দিয়ে ঝলসে দেয়া ১৩ বছর বয়সী আফরিন আক্তারের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার মঙ্গলেরগাঁও কান্দাপাড়া গ্রামের নিজ বাড়িতে চিকিৎসার অভাবে সেই কিশোরীর মৃত্যু হয়।
জমিসংক্রান্ত বিরোধের জেরে গত ২৫ সেপ্টেম্বর দুপুরে আপন মামী ঘুমন্ত অবস্থায় আফরিন আক্তারের শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেয়। এ ঘটনায় গত ২৭ অক্টোবর নিহত কিশোরীর মা রওশন আরা বাদি হয়ে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত মামা জাকির হোসেন, মামী সোনিয়া আক্তার ও সোনিয়ার বোনজামাই মোস্তফা মিয়া কারাগারে রয়েছেন।
জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া গ্রামের রওশন আরার সাথে দীর্ঘদিন ধরে তার ছোট ভাই জাকির হোসেনের জমিসংক্রান্ত বিরোধ চলেছিল। এ বিরোধের জেরে অভিযুক্তদের ছোড়া গরম পানিতে কোমরসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
দগ্ধ ওই কিশোরী ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে দীর্ঘ এক মাস চিকিৎসা গ্রহণ করে। পরে টাকার অভাবে তাকে বাড়ি নিয়ে আসে তার পরিবার। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার স্থানীয়দের কাছে বিচার দাবি করে। কয়েক দফায় সালিসি বৈঠক বসলেও কোনো সমাধান হয়নি।
ভুক্তভোগী কিশোরীর মা রওশন আরা জানান, তার ভাইয়ের স্ত্রী সোনিয়া আক্তার তার মেয়ের গায়ে ঘুমন্ত অবস্থায় গরম পানি ঢেলে দেয়। অর্থাভাবে তার মেয়েকে চিকিৎসা শেষ না করে বাড়ি নিয়ে আসেন। বিষয়টি মীমাংসার জন্য একাধিকবার বিচার সালিস ডাকা হয়। তার মেয়ের চিকিৎসার ব্যয়ভার বহন করলেই সমস্যার সমাধান হতো। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, নিহত কিশোরীর মায়ের দায়ের করা মামলাটি হত্যা মামলায় রূপান্তর হবে। এ হত্যাকাণ্ডের জড়িত অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








