
প্রযুক্তি ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বাজারে প্রতিযোগিতা আরো জোরদার করতে নিজস্ব এআই সহকারী বা এজেন্ট উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স। মেটার ‘মিউজ এআই’কে টেক্কা দেয়ার লক্ষ্যেই নতুন এই প্রযুক্তি নিয়ে কাজ করছে চীনা প্রযুক্তি জায়ান্টটি। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন এআই এজেন্টটি উন্মোচন করতে পারে বাইটড্যান্স। তবে এর নাম, কার্যপদ্ধতি কিংবা সম্ভাব্য সুবিধা সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
বাইটড্যান্সের নতুন এজেন্টটি মেটার মিউজ এআইয়ের মতো কাজ করবে। মেটার দাবি, এরই মধ্যে এক কোটিরও বেশি ব্যবহারকারী আকৃষ্ট করেছে মিউজ। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের মতে, এআই এজেন্টটি তাদের অন্যান্য অ্যাপের তুলনায় ব্যবহারকারী প্রতি বেশি আয় তৈরির সম্ভাবনা রাখে। এমনকি মেটার এআই স্মার্ট চশমার সাথেও এর সংযুক্তির পরিকল্পনা রয়েছে। বাইটড্যান্সের এই উদ্যোগ মূলত বৈশ্বিক এআই প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্তিশালী করার কৌশলের অংশ। কোম্পানিটির সহ-প্রতিষ্ঠাতা ঝাং ইমিং সম্প্রতি কর্মীদের বলেছেন, এআই খাতে শীর্ষ প্রতিদ্বন্দ্বীদের পর্যায়ে পৌঁছাতে ২০২৯ বা ২০৩০ সাল পর্যন্ত সময় লাগতে পারে। ভিডিও জেনারেশন মডেল ‘সিড্যান্স’-এর মাধ্যমে ইতোমধ্যে এআই জগতে পরিচিতি পেয়েছে বাইটড্যান্স। তবে নতুন এআই এজেন্ট বাজারে এলে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হতে পারে। বিশেষ করে ব্যক্তিগত এজেন্টগুলোকে ব্যবহারকারীর কতটুকু তথ্য ব্যবহারের অনুমতি দেয়া উচিত, তা নিয়ে প্রশ্ন উঠতে পারে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








