এআইয়ের দুনিয়ায় কে সেরা?
এআইয়ের দুনিয়ায় কে সেরা?।

নাজমুল হোসেন
ওপেনএআইয়ের তৈরি চ্যাটবট হলো চ্যাটজিপিটি। মূলত চ্যাটজিপিটির প্রত্যাবর্তনের সাথে এআইয়ের জগতে শুরু হয় বিপ্লব। অ্যান্ড্রয়েড ও আইওএসেও চ্যাটজিপিটি ব্যবহার করা যায়। চ্যাটজিপিটি অন্যান্য এআই বট থেকে দ্রুত কাজ করে। তবে এটি কোপাইলটের মতো তথ্যের সাথে লিংক সরবরাহ করে না। ফলে তথ্যের সত্যতা যাচাইয়ে বেগ পেতে হয়। এতে সর্বাধুনিক এআই প্রযুক্তির সাথে নিয়মিতভাবে নতুন ফিচার যুক্ত এবং আরো উন্নত করার প্রচেষ্টা চলছে। 
অ্যানথ্রোপিকের ক্লড
ক্লড হলো অ্যানথ্রোপিক কর্তৃক তৈরি একটি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। এটি লেখালেখি, প্রোগ্রামিং, গবেষণা ও জটিল তথ্য বিশ্লেষণে দারুণ কার্যকর। সম্প্রতি অ্যানথ্রোপিক জানিয়েছে, গবেষণা ও উন্নয়নমূলক কাজের একটি অভ্যন্তরীণ পর্যালোচনায় দেখা গেছে যে ক্লড প্রায় ২৬ শতাংশ ক্ষেত্রে সেই কাজের ‘নেতৃত্ব’ দিতে সক্ষম হয়েছে, যেখানে মানুষ কেবল তদারকির ভূমিকা পালন করেছে এবং উচ্চপর্যায়ের দিকনির্দেশনা দিয়েছে। 
গুগলের জেমিনি
রিয়েল-টাইম তথ্য ও গুগল সার্ভিস ব্যবহারের জন্য সেরা জেমিনি। এর ইন্টারফেস অনেকটা চ্যাটজিপিটির মতোই। কোপাইলট ও মাইক্রোসফটের মতো গুগলের বিভিন্ন সেবা ব্যবহার করলে জেমিনি বেশ কার্যকর এআই টুল হিসেবে ভূমিকা রাখে। গুগল ডকস ও জিমেইলের ক্ষেত্রে বিষয়টি বোঝা যায়। চ্যাটজিপিটির মতো হলেও জেমিনি তুলনামূলকভাবে দক্ষ। তবে এর ভালো দিক হচ্ছে, এটি কোপাইলটের মতো তথ্যের উৎস জানিয়ে দেয়। গুগলের সাথে সরাসরি যুক্ত থাকার কারণে জিমেইল, গুগল সার্চ, ডক্স বা রিয়েল-টাইম তথ্যের ওপর ভিত্তি করে কোনো বিষয় নিয়ে দ্রুত রিসার্চ বা সারসংক্ষেপ বের করতে জেমিনি অগ্রসর ভূমিকা রাখছে। 
এক্সএআইয়ের গ্রোক 
চ্যাটবট নিয়ে চলা প্রতিযোগিতায় আছে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআইয়ের তৈরি গ্রোক চ্যাটবট। এই চ্যাটবটের কাজের ধরন একটু আলাদা। নির্মাতারা চ্যাটবটটিকে এমনভাবে তৈরি করেছেন, যাতে এটি অনেক সময় প্রচলিত ধারণা থেকে বেরিয়ে এসে ব্যতিক্রমী উত্তর দেয়। কখনো রসিকতা করে, কখনো প্রচলিত চিন্তাধারাকে চ্যালেঞ্জ করে ব্যবহারকারীদের চমকে দেয়। গ্রোক সরাসরি রিয়েল টাইম ওয়েব সার্চ করতে পারে। শুধু তা-ই নয়, এটি নির্দিষ্ট প্রোফাইল, পোস্ট ও লিংকের তথ্য বিশ্লেষণ করতে সক্ষম। ফলে ব্যবহারকারীরা যেকোনো সময় নির্দিষ্ট বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের সর্বশেষ তথ্য জানতে পারেন। 
মাইক্রোসফটের কোপাইলট
মাইক্রোসফটের বিং, ওয়ান ড্রাইভ ও উইন্ডোজে সরাসরি কোপাইলটের সেবা পাওয়া যায়। এ ছাড়া মোবাইল অ্যাপ ও ব্রাউজ করে ব্যবহারের সুবিধাও আছে। অ্যাকাউন্ট না খুলে ব্যবহার করা গেলেও পুরো সেবা পেতে মাইক্রোসফট অ্যাকাউন্টের মাধ্যমে নিবন্ধন করতে হবে। কোপাইলট সাধারণত বিংয়ের সার্চ ইঞ্জিন ব্যবহার করে। 
এআই থেকে পাওয়া সব তথ্যের সাথে ওয়েবসাইটের লিংক সংযুক্ত করা থাকে, যাতে তথ্যগত বিভ্রান্তি তৈরি না হয়। কোপাইলটে যে এআই ইঞ্জিন ব্যবহার করা হয়, তা মূলত ওপেন এআইয়ের জিপিটি-৪ মডেল। তবে এর টুলগুলো বিভিন্ন দিক থেকে আলাদা। যেমন কোপাইলটের তিনটি চ্যাট সেটিং আউটপুট দেয়ার ক্ষেত্রে বেশ সৃজনশীল, ভারসাম্যপূর্ণ ও কার্যকরী। মাইক্রোসফটের বিভিন্ন সেবা ব্যবহার করতে অভ্যস্ত হলে কোপাইলট তার খুবই পছন্দ হবে। 
আপনার জন্য কোন চ্যাটবট ভালো, তা নির্ভর করে আপনার কাজের ধরনের ওপর। 
কোডিং ও ডেভেলপমেন্ট : জটিল কোডিং, বাগ ফিক্সিং এবং এজেন্টিক কোডিং ফিচারের ক্ষেত্রে ক্লড এগিয়ে রয়েছে। দীর্ঘ বড় টেক্সট, পিডিএফ বা ফাইন্যান্সিয়াল রিস্ক অ্যানালিসিস অত্যন্ত নিখুঁতভাবে করতে পারে। লেখালিখি ও সৃজনশীলতার ক্ষেত্রে অযথা তোষামোদি না করে যৌক্তিক মতামত ও অনিশ্চয়তা প্রকাশ করতে পারে ক্লড।
চ্যাটজিপিটি হলো অলরাউন্ডার টুলকিট। ছবি তৈরি, ভয়েস চ্যাট এবং ওয়েব ব্রাউজিংয়ের মতো ফিচারে চ্যাটজিপিটি অনেক এগিয়ে। রিয়েল-টাইম ইন্টারনেট সার্চ এবং জটিল গাণিতিক সমীকরণের ক্ষেত্রে এটি বেশ নির্ভরযোগ্য। বিভিন্ন অ্যাপ ও টুলের সাথে সহজে ইন্টিগ্রেট করা যায়।
কোপাইলট, চ্যাটজিপিটি ও জেমিনিসহ সব চ্যাটবটই ফ্রি ব্যবহার করা যায়। তবে ফ্রি ভার্সনে কোপাইলটের বেশি ফিচার পাওয়া যায়। অর্থ ব্যয় করলে চ্যাটজিপিটি মোটামুটি ভালো সেবা দেয়। গুগলের ভক্ত হলে চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন জেমিনি।

Advertisement