হৃতিক কি জেমস বন্ড হচ্ছেন?
হৃতিক কি জেমস বন্ড হচ্ছেন?।

বিনোদন প্রতিবেদক
জেমস বন্ডের চরিত্রে এবার কি দেখা যাবে বলিউডের কোনো অভিনেতাকে? হলিউডের জনপ্রিয় এই গোয়েন্দা চরিত্রে অভিনয় করবেন, তা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে আলোচনা। এরই মধ্যে সম্ভাব্য বন্ড হিসেবে আলোচনায় উঠে এসেছে বলিউড অভিনেতা হৃতিক রোশনের নাম। পর্দায় হৃতিকের ব্যক্তিত্ব, স্টাইল, শারীরিক গঠন ও অ্যাকশন দৃশ্যে সাবলীলতা- সব মিলিয়ে তাকে পরবর্তী জেমস বন্ড হিসেবে দেখতে চান অনেক ভক্ত। যদিও এখন পর্যন্ত বন্ডের চরিত্রে তার অভিনয়ের কোনো আনুষ্ঠানিক খবর নেই, তবু সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে জল্পনা বাড়ছে। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে আয়োজিত ২০২৬ সালের ফিল্ম গালায় উপস্থিত হয়েছিলেন হৃতিক। সেখানে হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান ও ‘ডিউন’খ্যাত পরিচালক ডেনিস ভিলনভের সাথে দেখা যায় তাকে। অনুষ্ঠানে কালো রঙের বিশেষভাবে তৈরি স্যুটে নজর কাড়েন এই বলিউড তারকা।
অনুষ্ঠানে হৃতিকের উপস্থিতি এবং ভিলনভের সাথে তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা আলোচনা। অনুরাগীদের একাংশের মতে, হৃতিকের ব্যক্তিত্ব, স্টাইল ও অ্যাকশন দৃশ্যে সাবলীলতা তাকে জেমস বন্ডের চরিত্রের জন্য উপযুক্ত করে তুলতে পারে। 
এই জল্পনার অন্যতম কারণ পরবর্তী জেমস বন্ড সিনেমার পরিচালকের দায়িত্বে রয়েছেন ডেনিস ভিলনভ। ফলে একই অনুষ্ঠানে হৃতিক ও এই নির্মাতার উপস্থিতিকে ঘিরে অনুরাগীদের আগ্রহ বেড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ হৃতিককে বন্ডের চরিত্রের জন্য অডিশন দেয়ার দাবি জানিয়েছেন। আবার অনেকের মতে, ভিলনভের পরিচালনায় ০০৭-এর ভূমিকায় হৃতিককে দেখা গেলে তা হতে পারে দারুণ এক অভিজ্ঞতা।

Advertisement