হাবিব, ইমরানের সাথে গান আনিসার জীবনের বিশেষ প্রাপ্তি
হাবিব, ইমরানের সাথে গান আনিসার জীবনের বিশেষ প্রাপ্তি।

সাকিবুল হাসান
আতিয়া আনিসা এই প্রজন্মের অন্যতম শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী। তার কণ্ঠে প্রকাশিত বেশ কিছু মৌলিক গান পেয়েছে জনপ্রিয়তা। সিনেমার গানে তুমুল জনপ্রিয়তা পেয়ে তিনি শ্রোতা দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছেন। সিনেমায় গান গেয়ে শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। বাংলাদেশের আধুনিক গানে যে গুণী সঙ্গীতশিল্পী এক বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছিলেন সেই হাবিব ওয়াহিদের সুরে হাবিব ওয়াহিদের সাথে বেশ কিছু গান গেয়েছেন আতিয়া আনিসা। আবার এই প্রজন্মের অপ্রতিদ্বন্দ্বী সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুলের সাথেও বেশ কিছু গান গেয়েছেন আতিয়া আনিসা। ইমরানের সুর সঙ্গীতেও গান গেয়েছেন আনিসা। হাবিব ওয়াহিদের সুরে আতিয়া আনিসা গেয়েছেন ‘হোক বাড়াবাড়ি’, ‘কোন খেয়ালে’, ‘ঘোর কেটে যায়’, ‘চাই কাছে তোকে’ এবং ‘তোর আদরে’ গানগুলো গেয়েছেন। সব গানে আতিয়া আনিসার সাথে দ্বৈতকণ্ঠে গেয়েছেনও হাবিব। অন্যদিকে ইমরান মাহমুদুলের সাথে আতিয়া আনিসা এখন পর্যন্ত ১৩টি গান গেয়েছেন। যার মধ্যে ছয়টি গানের সুর ইমরানের। বাকি গানগুলো অন্যদের সুর করা। ইমরান ও আতিয়া আনিসার প্রথম গান ছিল ২০১৯ সালে ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশিত ‘মেঘেরই খামে’ গানটি। এই গানের সুর সঙ্গীত ইমরানের। অন্য গানগুলো হচ্ছে- ‘কী মায়া দিয়েছ তুমিগো আমারে’, ‘তুই আমার’, ‘যদি একদিন’, ‘আমি আর তুই’, ‘আমি তোমার প্রেমে পড়েছি’, ‘ছেড়ে যাবো কোথায়’ ইত্যাদি। আতিয়া আনিসা বলেন, ‘কিছু মানুষের সাথে কাজ করার অভিজ্ঞতা একজন শিল্পীর জীবনে বিশেষ প্রাপ্তি হয়ে থাকে। হাবিব ভাইয়া ও ইমরান ভাইয়া। দু’জনই আমার অত্যন্ত পছন্দের, শ্রদ্ধার ও ভালোবাসার মানুষ। তাদের সাথে কাজ করার এবং তাদের সৃষ্টির অংশ হতে পারা আমার জন্য সত্যিই আনন্দের। দু’জন গুণী সঙ্গীতজ্ঞের সাথে কাজ করার এই অভিজ্ঞতা আমার সঙ্গীত জীবনের জন্য অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার। তাদের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা।’ আতিয়া আনিসা ২০১৭ সালের সেরাকণ্ঠ এবং ২০১৮ সালের সারেগামাপাতে অংশগ্রহণ করা মেধাবী শিল্পী। আনিসা এখন পর্যন্ত বেশ কিছু সিনেমাতে গান গেয়েছেন (প্লে-ব্যাক)। যার মধ্যে ‘পরাণ’ সিনেমায় তার কণ্ঠের ‘চলো নিরালায়’ গানটি তুমুল জনপ্রিয়তা পায়। ‘পায়ের ছাপ’ সিনেমার ‘এই শহরের পথে পথে’ গানটি গাওয়ার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।

Advertisement