বাংলাদেশের প্রেক্ষাগৃহে তুর্কি হরর সিনেমা ‘সয়’
বাংলাদেশের প্রেক্ষাগৃহে তুর্কি হরর সিনেমা ‘সয়’।

বিনোদন ডেস্ক
তুর্কি টেলিভিশন সিরিজের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় আন্তর্জাতিক অঙ্গনে জায়গা করে নিচ্ছে দেশটির সিনেমাও। নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতির সাথে আধুনিক নির্মাণশৈলীর মেলবন্ধন তুর্কি সিনেমাকে দিয়েছে স্বতন্ত্র পরিচিতি। পারিবারিক সম্পর্ক, প্রেম-ভালোবাসা ও সামাজিক গল্পের পাশাপাশি সাম্প্রতিক সময়ে হরর সিনেমা দিয়েও দর্শকদের আকৃষ্ট করছেন তুর্কি নির্মাতারা। এবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তুরস্কের আলোচিত অতিপ্রাকৃত হরর সিনেমা ‘সয়’। ১৩ নভেম্বর সিনেমাটি মুক্তি দিয়েছে স্টার সিনেপ্লেক্স। ম্যাক্সিম আলেকজান্দ্রে পরিচালিত সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে প্রাচীন মিসরীয় অভিশাপ, পারিবারিক রহস্য ও অশুভ শক্তিকে ঘিরে। গল্পের শুরু প্রায় ৬০ বছর আগের একটি ঘটনা দিয়ে। মিসরের একটি প্রাচীন সমাধি লুণ্ঠনের সময় মুরাত নামের এক ব্যক্তি খুঁজে পান একটি চিত্রকর্ম। সেটি হাতে পাওয়ার পর অজান্তেই তিনি ডেকে আনেন ভয়ঙ্কর এক অভিশাপ। এর পরিণতিতে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ইস্তাম্বুলের একটি অন্ধকার প্রাসাদে বন্দিজীবন কাটাতে বাধ্য হন তিনি। বহু বছর পর মৃত্যুশয্যায় থাকা মুরাত তার নাতি ক্যানকে সেই প্রাসাদে ডেকে পাঠান। ক্যান তার প্রেমিকা বাসাক ও কয়েকজন বন্ধুকে নিয়ে পরিবারের পুরনো প্রাসাদে যায়। কিন্তু সেখানে পৌঁছানোর পরই বদলে যেতে থাকে পরিস্থিতি। ঘন কুয়াশা প্রাসাদটিকে বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে ফেলে।  একপর্যায়ে উন্মোচিত হতে থাকে পরিবারের অতীতের অন্ধকার ইতিহাস। জানা যায়, প্রাসাদটির সাথে জড়িয়ে আছে প্রাচীন মিসরের এক ভয়ঙ্কর অভিশাপ। অভিশপ্ত চিত্রকর্মের মাধ্যমে আবারো জেগে ওঠে অশুভ শক্তি। এরপর বন্ধুদের মধ্যে তৈরি হয় অবিশ্বাস ও সন্দেহ। সামনে আসে বিশ্বাসঘাতকতা। একের পর এক অতিপ্রাকৃত আক্রমণে বাড়তে থাকে আতঙ্ক। শেষ পর্যন্ত বাসাককে এমন এক কঠিন সিদ্ধান্ত নিতে হয়, যার ওপর নির্ভর করছে পুরো পরিবারের ভবিষ্যৎ। প্রাচীন মিসরের অভিশাপের সাথে পারিবারিক গোপন ইতিহাস ও মনস্তাত্ত্বিক ভয়ের মেলবন্ধন সিনেমাটির অন্যতম আকর্ষণ। রহস্যময় প্রাসাদ, অতীতের পাপ, বিশ্বাসঘাতকতা এবং বংশপরম্পরায় বয়ে চলা অশুভ শক্তি গল্পে তৈরি করেছে ভিন্ন আবহ। তুর্কি হরর সিনেমায় প্রচলিত জিন-নির্ভর গল্পের বাইরে গিয়ে প্রাচীন মিসরীয় অভিশাপকে কেন্দ্র করে নির্মিত হওয়ায় ‘সয়’ দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে। হরর ঘরানার সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে থাকতে পারে রহস্য ও আতঙ্কে মোড়া এই ছবি।

Advertisement