সিজেএফবির বিশেষ সম্মাননা পাচ্ছেন চয়নিকা চৌধুরী
সিজেএফবির বিশেষ সম্মাননা পাচ্ছেন চয়নিকা চৌধুরী।

আলমগীর কবির
নাটক নির্মাণে ২৫ বছরের পথচলা। এ দীর্ঘ সময়ে নির্মাণ করেছেন ৪৭৫টি একক নাটক, ১৮টি ধারাবাহিক নাটক ও দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। কাজের মধ্য দিয়ে অর্জন করেছেন দর্শকের ভালোবাসা ও স্বীকৃতি। এবার সেই দীর্ঘ পথচলার স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন নন্দিত নির্মাতা ও নাট্যকার চয়নিকা চৌধুরী। ‘ইউরো কোলা প্রেজেন্টস ইটিভি-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬’-এর বিশেষ সম্মাননা পাচ্ছেন তিনি। দেশের প্রধান জাতীয় দৈনিক, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) তাকে এ সম্মাননা দিচ্ছে।
আগামী ১৬ ডিসেম্বর, বুধবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র্র হল অব ফেমে বসবে সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডের ২৫তম আসর। জমকালো এ আয়োজনে আনুষ্ঠানিকভাবে চয়নিকা চৌধুরীর হাতে বিশেষ সম্মাননা তুলে দেয়া হবে। দীর্ঘ আড়াই দশকের কর্মজীবনে নাটক নির্মাণের পাশাপাশি গল্প ও কাহিনী রচনাতেও নিজের সৃজনশীলতার স্বাক্ষর রেখেছেন চয়নিকা। তার নির্মিত কাজ দর্শকমহলে প্রশংসিত হয়েছে। এখনো নির্মাণ ও কাহিনী রচনায় সক্রিয় তিনি। নতুন নতুন কাজের মধ্য দিয়ে দর্শকের সাথে তৈরি করে চলেছেন নিবিড় সংযোগ। বিশেষ সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় চয়নিকা চৌধুরী বলেন, ‘অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজকের এই অবস্থানে আসতে পেরেছি। চলার পথে বাধা-বিপত্তি এসেছে বহুবার। তবু কাক্সিক্ষত লক্ষ্য থেকে সরে না গিয়ে কাজকে প্রাধান্য দিয়েছি। এভাবেই সাফল্যের দেখা পেয়েছি। অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েছে ২৫ বছরের দীর্ঘ পথচলা। এই অর্জনে সিজেএফবি আমাকে যে সম্মাননা জানাচ্ছে, তাতে আমি গর্বিত।’
নির্মাতা হিসেবে দীর্ঘদিনের নিষ্ঠা, সৃজনশীলতা ও কাজের স্বীকৃতি হিসেবে এ সম্মাননাকে দেখছেন চয়নিকা। তার এই প্রাপ্তি দেশের নাট্যাঙ্গনের জন্যও আনন্দের।

Advertisement