আগডুম বাগডুম কবিতা গুলি

 

Advertisement


এই হেমন্ত
সুমন রায়হান 

শীতে লাগে ঠাণ্ডা ভীষণ
গ্রীষ্মে গরম বেশি
নিয়ে আসে এই হেমন্ত 
আরামদায়ক এসি। 

ভোরে শিশির হিম কুয়াশা
দেয় বিছিয়ে জাল
কোথায় পেলে এমন এসি
নিখাঁদ ন্যাচারাল?

তোমার সাথে করতে চাই
সুখের বসবাস
এই হেমন্ত তুমি কি ভাই
থাকবে বারো মাস?

 

 

ভোরের আলো
রবিউল মাশরাফী

ভোর হয়েছে, পুব আকাশে ফুটছে আলোর ফুল
পাতার ফাঁকে পাখির দলে আনন্দে মশগুল 
সূর্য মামা হাসছে দেখো নীল আকাশের গায়
সেই হাসিতে মিশে যেতে কে না বলো চায়?

শয্যা ছাড়ো বাবা সোনা! অলস থাকা নয়
ভোরের বাতাস গায় মাখালে স্বাস্থ্য ভালো হয়
ঘুম রাজাকে দূর করে দাও খোলো দুটি চোখ
মিষ্টি রোদের কুসুম তাপে মনটা ভালো হোক।

যতন করে দাতন দিয়ে দাঁত করে নাও সাফ
সুস্থ্য শরীর রাখতে হলে হাঁটো কয়েক ধাপ
খুশি মনে ইশকুলে যাও পড়ো দিয়ে মন
সকাল বেলার পড়াশোনা সেরা সারাক্ষণ।

সময় মতো কাজ করে যে, পায় সে বড় সুখ
আলোর পথে চললে তোমায় কেউ দেবে না দুখ
গুরুজনের কথা শোনো ধরো আলোর পথ
সারাজীবন বীরের মতো থেকো তুমি সৎ।

নিয়ম মেনে চললে তুমি হবে সবার প্রিয়
ছোট্ট সোনা, মন দিয়ে এই সহজ শিক্ষা নিও।



ছড়ার দেশে 
আলম নজরুল 

ছড়ার দেশে আজ বসেছে 
ছড়াকারের মেলা
অন্ত্যমিল আর ছন্দ নিয়ে 
চলছে দারুণ খেলা। 

কেউ বা লেখে পাখি নিয়ে 
কেউ বা আবার ফুল নিয়ে 
কেউ বা লেখে খুকুমণির 
খোঁপা বাঁধা চুল নিয়ে। 

আমি লিখি পদ্য -ছড়া 
নেই তাতে সুর ছন্দ যে 
আমার ছড়ায় পাবে সবাই 
গোলাপ ফুলের গন্ধ যে।


মনপাখি
রহমান জীবন

মনটা আমার মুক্ত পাখি
ইচ্ছে মতো ঘোরে
পাখা ছাড়াই উড়তে পারে
বিশাল আকাশজুড়ে।

যখন তখন ছুটতে পারে
সাগর পাহাড় বনে
একা একাই লড়তে জানে
ঘোর বিপদের ক্ষণে।

বাঁধনহারা মনপাখিটা
ভয় করে না কিছু
দুরন্ত এ মন যে আমার
ছোটে উঁচু-নিচু।

 

 

 

কুটুম পাখি 
সারমিন চৌধুরী 

কুটুম পাখি দলে দলে
বাংলাদেশে আসে
হাওর-বাঁওড় সাঁতার কেটে 
মনের সুখে ভাসে।

শীত সকালে মিষ্টি সুরে
ডাকাডাকি করে
তাদের ওড়াউড়ি দেখে
খুশির পুলক ঝরে।

মাছ বা পোকা খেয়ে
কী আনন্দে ঘুরে
ঝাঁকে ঝাঁকে উড়তে দেখে
হৃদয় নয়ন জুড়ে।

মিলেমিশে পাখিগুলো
রক্ষা করতে হবে
বাংলাদেশের পাখির সাথে
বাড়বে শোভা তবে।



চাচা-চাচী
দেবাশীষ চক্রবর্তী

করিম চাচার মনটা নরম
কিন্তু ভীষণ মাথা গরম।

হঠাৎ চাচা রেগে গেলে
তার মাথাতে বরফ ঢেলে
চাচী নেচে ঘুরে ঘুরে
ছড়া শোনায় নাকি সুরে।

অমনি চাচার রাগ কমে যায়
খুশি মনে দই চেটে খায়
তারপরেতে চাচা-চাচী
হেসে বলে, দারুণ আছি।
(ভারত থেকে)

 

মিষ্টি চুরি
তুষার কুমার সাহা

বাক্স থেকে মিষ্টি নিলো কে রে?
লাঠি নিয়ে আসছে মা যে তেড়ে।
বলছি আমি, ‘খাইনি মিষ্টি, মা, মা!’
এপাশ থেকে লুকিয়ে দেখে মামা।