
তিস্তা ব্যারাজ-সংলগ্ন এলাকায় অবৈধভাবে নির্বিচারে পাথর উত্তোলন ও লুটপাট শুধু রাষ্ট্রীয় সম্পদের আত্মসাৎই নয়; পরিবেশের বিপর্যয়ও বটে। নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া, তেলিবাজার ও তিস্তা বাজার এলাকায় প্রশাসনের জব্দকৃত পাথরের একবারের নিলামের কাগজ বারবার ব্যবহার করে অবৈধ পাথর বৈধের যে জালিয়াতি, তা প্রশাসনিক নজরদারির দুর্বলতা ছাড়া আর কিছু নয়। নয়া দিগন্তে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
যে এলাকায় পাঁচটি বিজিবি ক্যাম্প এবং নৌপুলিশের কড়া পাহারা বিদ্যমান, সেখানে কিভাবে এমন সঙ্ঘবদ্ধ জালিয়াতি কর্মকাণ্ড করা সম্ভব, এমন প্রশ্ন ওঠা স্বাভাবিক। গত ১৪ অক্টোবর উপজেলা প্রশাসন পরিচালিত টাস্কফোর্স অভিযানে বিপুল পাথর ও যন্ত্রপাতি জব্দ করা হয়। পরে ২৮ অক্টোবর পাঁচটি লট উন্মুক্ত নিলামে বিক্রির পর থেকে এই ‘কাগুজে বৈধতার’ অপব্যবহার শুরু। নিলামের একবারের রসিদ বারবার ব্যবহার করে নদী থেকে অবৈধভাবে পাথর তুলে পুরনো স্তূপে মেশানো এবং তা বৈধ হিসেবে চালিয়ে দেয়ার এ অপকৌশল চাতুর্যের সাথে করা হচ্ছে। আরো ভয়াবহ তথ্য হলো- যে লট নিলামই হয়নি, তাও রাতের আঁধারে লুট হয়ে গেছে। প্রশাসনের হেফাজতে থাকা জব্দকৃত মালামাল যদি এভাবে উধাও বা গায়েব হয়ে যায়; তাহলে প্রশ্ন জাগে- এই চক্রের মদদদাতা করা এবং ক্ষমতার উৎস কী?
বাস্তবতা হলো- উত্তরাঞ্চলের প্রাণ-প্রকৃতির অন্যতম কেন্দ্রস্থল তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনে তিস্তা ব্যারাজ ও নদীর গতিপথ হুমকিতে পড়ছে। অপরিকল্পিতভাবে পাথর ও বালু তোলায় নদীর তলদেশ অসমভাবে গভীর হচ্ছে। এটি বর্ষা মৌসুমে তীব্র নদীভাঙন এবং ব্যারাজের অবকাঠামোগত ক্ষতির কারণ হতে পারে। একটি গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনার নিরাপত্তা বলয়ের ভেতরে এমন পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড কোনোভাবে মেনে নেয়া যায় না। যদিও স্থানীয় প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালিয়ে মামলা দায়ের এবং কাউকে কাউকে গ্রেফতার করছে। তবু এই দুষ্টচক্র দমাতে পারছে না। এর কারণ আর কিছু নয়; আটক কিংবা জরিমানার চেয়ে পাথর লুটের মুনাফা অনেক বেশি লোভনীয় দুর্বৃত্তদের কাছে। তা ছাড়া নিলাম প্রক্রিয়ার ত্রুটিও এসব দুর্বৃত্তকে উৎসাহিত করছে। নিলামকৃত পাথর নির্দিষ্ট সময়ের মধ্যে (যেমন ২৪ বা ৪৮ ঘণ্টা) অপসারণের বাধ্যবাধকতা না থাকলে কিংবা প্রতিটি চালানের বিপরীতে সুনির্দিষ্ট চালানপত্র ও সময়সীমা নির্ধারণ না করলে একই কাগজ বারবার ব্যবহারের সুযোগ থেকে যাবে। তাই তিস্তায় পাথর লুট ও জালিয়াতি বন্ধে নিলামকৃত পাথর পরিবহনে ডিজিটাল নজরদারি বা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়া যেতে পারে। এতে একটি নিলামের কাগজ একবারের বেশি ব্যবহারের সুযোগ থাকবে না।
তিস্তার প্রাণপ্রকৃতির বিপর্যয় ঠেকাতে বিজিবি, নৌপুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে নিয়মিত টহল জোরদার করে পাথরখেকো চক্রের হোতাদের আইনের আওতায় আনতে হবে। দুর্গম এলাকার দোহাই দিয়ে দায় এড়ানোর সুযোগ নেই। সেই সাথে নিলাম না হওয়া পাথর লুটের পেছনে স্থানীয় পাহারাদার বা সংশ্লিষ্ট কারো গাফিলতি বা যোগসাজশ আছে কি না, তা তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। তিস্তা ও এর সংলগ্ন জনপদকে বাঁচাতে হলে পাথরের মতো প্রাকৃতিক সম্পদ লুটের মহোৎসব অবিলম্বে বন্ধের বিকল্প নেই।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








