
ক্রীড়া প্রতিবেদক
গত পরশু সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ শেষে মিক্সড জোনে নিউজ কাভার করতে গিয়ে পুলিশের হামলার শিকার হয়েছেন একাত্তর টিভির তিন সাংবাদিক নাহিয়ান বিন জসীম, হাসান সজীব ও ক্যামেরা পারসন কে এম মিজান। এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তদন্ত কমিটি গঠন এবং দেশের সব স্টেডিয়ামে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে ক্রীড়া সাংবাদিকদের তিন সংগঠন। গতকাল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বরাবর পাঠানো এক যৌথ বিবৃতিতে এ দাবি জানায় বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ), বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি (বিএসজেসি)।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ শেষে মিডিয়া জোনে দায়িত্ব পালন করছিলেন একাত্তর টেলিভিশনের সাংবাদিকরা। সবার কাছে বৈধ অ্যাক্রিডিটেশন কার্ড থাকলেও এক পুলিশ সদস্যের আচরণের পর উত্তপ্ত পরিস্থিতিতে প্রায় ২০ থেকে ২৫ জন পুলিশ সদস্য একযোগে সাংবাদিকদের ওপর হামলা চালায়। এতে হাসান সজীব গুরুতর আহত হন। তার পায়ে প্রচণ্ড আঘাত লাগে এবং কান দিয়ে রক্ত ঝরতে থাকে। একাত্তর টেলিভিশনের ক্যামেরা পারসনের কনুই রক্তাক্ত হয়, ভাঙচুর করা হয় তার ক্যামেরা। শারীরিকভাবে লাঞ্ছিত হন নাহিয়ান বিন জসীমও। এ ঘটনা তদন্তে অবিলম্বে নিরপেক্ষ কমিটি গঠন করে জড়িত পুলিশ সদস্যদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেয়ার দাবিও জানানো হয়েছে। সে সাথে সাফ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দায়িত্ব পালনে অবহেলা এবং টুর্নামেন্ট আয়োজনের বিভিন্ন অনিয়ম তদন্ত ও দেশের সব স্টেডিয়াম ও ক্রীড়া ভেন্যুতে সাংবাদিকদের নির্বিঘেœ পেশাগত দায়িত্ব পালনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








