
রাজশাহী ব্যুরো
রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় ভাড়া বাসায় ঢুকে বিচারক আবদুর রহমানের ১৬ বছর বয়সী ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যার মামলায় একমাত্র আসামি লিমন মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে তিন লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২-এর বিচারক মো: রেজাউল করিম এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি লিমনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত লিমন মিয়া (৩৫) গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি গাইবান্ধা সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাসের পর সেনাবাহিনীতে যোগ দেন। ২০১৮ সালে চাকরি ছেড়ে বাড়ি ফিরে বিভিন্ন ব্যবসার সাতে যুক্ত হন।
মামলার বিবরণ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিচারক আবদুর রহমানের স্ত্রী তাসমিন নাহারের সাথে লিমনের আগে থেকেই পরিচয় ছিল। একই জেলার বাসিন্দা হওয়ায় তাদের মধ্যে যোগাযোগ ছিল। লিমন বিভিন্ন সময়ে তাসমিন নাহারের কাছ থেকে আর্থিকসহায়তা নিতেন। একপর্যায়ে সহায়তা বন্ধ হয়ে গেলে তিনি তাসমিন নাহার ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন।
গত বছরের ৩ নভেম্বর সকালে তাসমিন নাহারের মেয়ের ফেসবুক মেসেঞ্জারে কল করে পরিবারসহ তাকে হত্যার হুমকি দেন লিমন। তখন তাসমিন নাহার সিলেটে মেয়ের বাসায় ছিলেন। এ ঘটনায় ৬ নভেম্বর সিলেটের জালালাবাদ থানায় জিডি করেন তিনি। ওই ঘটনায় লিমনকে সন্দেহভাজন হিসেবে আটক করে আদালতে পাঠানো হলেও পরে জামিনে মুক্ত হন।
এর সাত দিন পর ১৩ নভেম্বর তাসমিনদের রাজশাহী নগরীর ডাবতলা এলাকার ভাড়া বাসায় যান লিমন। বিচারকের ভাই পরিচয়ে বাসায় প্রবেশ করে সেখানে থাকা তাসমিন নাহার ও তার ছেলে তাওসিফের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান তিনি। এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত হন মা ও ছেলে। একপর্যায়ে তাওসিফের রক্ত নিজের শরীরে মেখে আহত হওয়ার ভান করে পড়ে থাকেন লিমন। পরে স্থানীয়রা মা ও ছেলেকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাওসিফকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিমনকে আটক করে পুলিশ। পরদিন ১৪ নভেম্বর বিচারক আবদুর রহমান বাদি হয়ে রাজশাহী নগরীর রাজপাড়া থানায় তার বিরুদ্ধে হত্যা মামলা করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








