অপতথ্য ছড়ানোর অভিযোগে ৮শ’ ফেসবুক ও শতাধিক এক্স অ্যাকাউন্ট চিহ্নিত

 সংসদ প্রতিবেদক

Advertisement

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম ও ছবি ব্যবহার করে পরিচালিত ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে ৮০০টির বেশি ফেসবুক অ্যাকাউন্ট এবং ১০০টির বেশি এক্স অ্যাকাউন্টও চিহ্নিত করেছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া সংবাদপত্র ও টেলিভিশনের অনুকরণে অপতথ্য ও প্রোপাগান্ডা ছড়ায় এমন ১৯টি ওয়েবসাইট শনাক্ত করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান তিনি। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শিরিন সুলতানার লিখিত প্রশ্নের জবাবে তিনি আরো জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন পিআইবির ফ্যাক্টচেক কার্যক্রম ‘বাংলাফ্যাক্ট’ এ পর্যন্ত এক হাজার ১৭২টি ফ্যাক্টচেক, বিশ্লেষণ ও অনুসন্ধানী প্রতিবেদন এবং ভিডিও ও রিল প্রকাশ করেছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর প্রকাশিত হয়েছে ৫৫২টি। বর্তমানে প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচটি দাবির সত্যতা যাচাই করে প্রতিবেদন প্রকাশ করছে বাংলাফ্যাক্ট। গণমাধ্যমকর্মীদের জন্য শিগগিরই একটি ফ্যাক্টচেক ম্যানুয়াল প্রকাশ করা হবে।
সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রমের তথ্য তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ২০২৫-২৬ অর্থবছরে দেশের ৬৪ জেলায় ৯৭টি প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে পিআইবি। এতে অংশ নেন চার হাজার ৯৫ জন সাংবাদিক। চলতি ২০২৬-২৭ অর্থবছরে ২২টি প্রশিক্ষণ ও কর্মশালায় প্রশিক্ষণ পেয়েছেন ৭১৬ জন। এ ছাড়া বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর তিন দিনব্যাপী ৪৪টি প্রশিক্ষণে অংশ নিয়েছেন এক হাজার ৬৯১ জন সাংবাদিক। তিনি আরো জানান, প্রশিক্ষণে মাল্টিমিডিয়া সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্টচেকের পাশাপাশি গুজব মোকাবেলা, বিদ্বেষমূলক প্রচার শনাক্ত এবং সাংবাদিকতায় এআই ব্যবহারের কৌশল শেখানো হচ্ছে। পর্যায়ক্রমে প্রতিটি জেলায় এ প্রশিক্ষণ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
একই প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে দীর্ঘমেয়াদি গবেষণার জন্য সম্প্রতি চারজন গবেষককে বৃত্তি দেয়ার সিদ্ধান্ত হয়েছে। পিআইবি গ্রন্থাগারে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকা সংরক্ষণ করা হচ্ছে। ২০২৪ সালের পহেলা জুলাই থেকে ১০টি জাতীয় দৈনিক ডিজিটাইজ করে সংরক্ষণ করা হচ্ছে। এ ছাড়া সম্প্রতি ‘বাংলাদেশে শিকারি সাংবাদিকতা’ এবং ‘শিকারি সাংবাদিকতা : নিশানায় খালেদা জিয়া’ শিরোনামে দু’টি গবেষণাগ্রন্থ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।