
নয়া দিগন্ত ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু ও হামের উপসর্গে মোট সাত জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ডেঙ্গুতে তিনজন এবং হামের উপসর্গে চারজন মারা গেছেন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৬০ জন। আর হাম ও উপসর্গ শনাক্ত হয়েছে এক হাজার ৫৪১ জনের।
গতকাল স্বাস্থ্য অধিদফতরের হাম ও ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে সর্বশেষ তিনজনসহ চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে সারা দেশে মোট ৪৮১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি মাসের ১১ দিনে (বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ৬২ জন, অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা গেছেন।
এ ছাড়া বুধবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৯৬০ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫৭ হাজার ৬২৮ জনে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ ৫১ হাজার ২৩২ জন।
হামের উপসর্গে ৪ জনের মৃত্যু
এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে মোট চারজন মারা গেছেন। তাদের মধ্যে সিলেট বিভাগে মারা গেছে দুই শিশু। আর ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছে। এ সময় নতুন করে হাম ও উপসর্গে মোট আক্রান্ত এক হাজার ৫৪১ জনের মধ্যে এক হাজার ৩৮৪ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ১৫৭ জনের। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২৬৯ জন, আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক হাজার ৩০৪ জন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট এক হাজার ২৯৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন, আর উপসর্গে মারা গেছে এক হাজার ১৯৪ জন।
একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট দুই লাখ ৪৪ হাজার ২৯১ জনের। আর হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ২৪ হাজার ৮৮০ জনের। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে দুই লাখ ৬৯ হাজার ১১৭১ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ১৮ হাজার ৭৫ জন, আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন দুই লাখ ৯ হাজার ২০৭ জন।
সিলেট বিভাগে হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু
সিলেট ব্যুরো জানান, সিলেট বিভাগে হামের উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যাওয়া সাত মাসের তানিশা সুনামগঞ্জ সদর এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যাওয়া দুই বছরের ঝুহি বেগম সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা। এই সময়ে নতুন করে ১০ জনের হাম শনাক্ত হয়েছে। আর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৩ জন।
ডেঙ্গুরোগী বেড়ে ১০৫৭
এ দিকে সিলেট বিভাগে থামছে না ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ছয় জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে এ বছর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৫৭ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৮ জন।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ছয় জনের মধ্যে জালালাবাদ রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে এক, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক ও হবিগঞ্জ সদর হাসপাতালে দুইজন রয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








