স্কুলে পরীক্ষায় ভালো ফলের উপহার বি এম ডব্লিউ!
স্কুলে পরীক্ষায় ভালো ফলের উপহার বি এম ডব্লিউ!।

নয়া দিগন্ত ডেস্ক
নবম শ্রেণীর ষান্মাসিক পরীক্ষায় ভালো ফল করেছে ছেলে। আর সেজন্য ছেলের দীর্ঘ দিনের স্বপ্নপূরণ করলেন ব্যবসায়ী বাবা। প্রায় দুই কোটি ৩০ লাখ টাকা দিয়ে বিএমডব্লিউ গাড়ি উপহার দিলেন ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের গলসির পারাজের বাসিন্দা সামসুদ্দিন মিদ্যা। ছেলের বয়স এখনো ১৮ পেরোয়নি। তাই সে জানিয়েছে, আপাতত বাবাই চালাবেন গাড়ি। সে শুধু পাশে বসে থাকবে।
যারা সামসুদ্দিনকে চেনেন, তারা বলছেন, তার গাড়ি শখ বহু দিনের। যখন যে গাড়ি পছন্দ হয়, কিনে নিয়ে আসেন। চাল রফতানির ব্যবসা রয়েছে সামসুদ্দিনের। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের পাশাপাশি ভিয়েতনামে চাল রফতানি করেন তিনি। মোট তিনটি চালের কল রয়েছে তার। গাড়ি কেনার শখ যখনই হয়েছে, পূরণ করেছেন তিনি। তার সংগ্রহে রয়েছে রেঞ্জ রোভার, ভলভো, মাহিন্দ্রা থার এবং হন্ডাই আলকাজারের মতো বেশ কয়েকটি নামীদামি গাড়ি। এ বার সেই তালিকায় যুক্ত হলো হালকা সবুজ রঙের বিএমডব্লিউ। নতুন এ গাড়ি কেনার নেপথ্যে রয়েছে ছেলে মহম্মদ তালহার দীর্ঘদিনের ইচ্ছা।
তালহার শখ ছিল বিএমডব্লিউ। এ বার নবম শ্রেণীর ষান্মাসিক পরীক্ষায় সে ভালো ফল করতেই বাবা আর দেরি করেননি। সাথে সাথে ছেলের শখপূরণে উদ্যোগী হয়েছেন সামসুদ্দিন। তালহা বর্ধমানের রেনেসাঁ উপনগরীর একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পডাশোনা করে। স্কুলটি সিবিএসই বোর্ডের। পরিবার সূত্রে জানা গিয়েছে, ছাত্র হিসেবে বরাবরই সে ভালো। ষান্মাসিকে ৯৭ শতাংশ নম্বর পেয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পছন্দের গাড়িটি কিনতে মুম্বাইয়ে গিয়েছিলেন সামসুদ্দিন। সেখান থেকে ট্রাকে চাপিয়ে পূর্ব বর্ধমানে নিয়ে এসেছেন তিনি। গাড়ির যেমন শখ রয়েছে, তেমন তার নম্বর নিয়েও বেশ খুঁতখুঁতে সামসুদ্দিন। তার কয়েকটি গাড়ির নম্বরের শেষ তিনটি সংখ্যা ৫৫৫।
বাবার কাছ থেকে এমন উপহার পেয়ে খুশি তালহা। তবে এখনই গাড়ি চালাতে চায় না সে। কিশোর জানিয়েছে, আপাতত পড়াশোনাতেই মনোযোগ দিতে চায়। সপ্তাহে একদিন নতুন গাড়িতে চড়বে। সে দিন গাড়ি চালাবেন বাবা আর সে পাশে বসে থাকবে।