একদানা লবণ কেটে আট টুকরা
একদানা লবণ কেটে আট টুকরা।

নয়া দিগন্ত ডেস্ক
রান্নার কাজে নিখুঁত দক্ষতা অর্জন করতে শুধু সুস্বাদু খাবার তৈরি করতে জানলেই হয় না, প্রয়োজন  ধৈর্য, হাতের নিপুণতা ও উপকরণ ব্যবহারের অসাধারণ নিয়ন্ত্রণ। দ্রুত সবজি কাটা থেকে শুরু করে নিখুঁতভাবে নানা উপকরণ টুকরা করা রান্নাঘরের এসব দক্ষতায় কেউ কেউ রীতিমতো বিস্ময় সৃষ্টি করেন। এবার এমনই এক অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন রাজেন্দ্র মাশরিয়া নামের এক ব্যক্তি। তার কীর্তি, মাত্র একটি দানা লবণকে কেটে আটটি ক্ষুদ্র টুকরায় ভাগ করেছেন তিনি। আর এই ভিডিও দেখেই বিস্মিত নেটিজেনরা। কেউ তার দক্ষতার প্রশংসা করছেন, আবার কেউ বলছেন, ‘এটা নিশ্চিতভাবেই এআই দিয়ে  তৈরি!’
ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক ব্যবহারকারীর মন্তব্যের জবাব দিতেই এমন চ্যালেঞ্জ গ্রহণ করেন রাগ্রন্দ্র। ওই ব্যবহারকারী তাকে একটি লবণের দানা কাটার চ্যালেঞ্জ জানিয়েছিলেন। সে চ্যালেঞ্জ গ্রহণ করে নিজের অসাধারণ হাতের দক্ষতার প্রমাণ দিতে মাঠে নামেন তিনি।
ভিডিওর শুরুতে রাজেন্দ্রকে লবণের একটি প্যাকেট দেখাতে দেখা যায়। এরপর তিনি কাটার জন্য বেছে নেয়া লবণের অতি ক্ষুদ্র একটি দানা দর্শকদের সামনে তুলে ধরেন। কাজটি সম্পন্ন করতে তিনি ব্যবহার করেন বিশেষভাবে  তৈরি একটি ছোট কাটার ব্লেড। ক্যামেরার সামনে ব্লেডটি তুলে ধরে সেটির গঠনও দেখান তিনি।
এরপর কাঠের একটি পৃষ্ঠের ওপর লবণের দানাটি রেখে আঙুল দিয়ে অত্যন্ত সতর্কতার সাথে সেটি স্থির করেন। শুরু হয় তার সূক্ষè কাটার কাজ। পরবর্তী কয়েক সেকেন্ড ধরে অত্যন্ত নিখুঁতভাবে লবণের দানাটিতে একের পর এক কাট দিতে থাকেন তিনি।
একপর্যায়ে সামান্য বিরতি নিয়ে ক্ষুদ্র দানাটির অবস্থান ঠিক করেন রাজেন্দ্র। আরো নিখুঁতভাবে কাটার জন্য ব্লেডের কোণও পরিবর্তন করেন। এরপর আবার শুরু করেন কাটার কাজ। ভিডিওর শেষ দিকে দেখা যায়, অবিশ্বাস্য দক্ষতায় একটি লবণের দানাকে আটটি অতি ক্ষুদ্র টুকরায় ভাগ করতে সক্ষম হয়েছেন তিনি। তবে সবাই যে ভিডিওটিকে বাস্তব বলে মেনে নিয়েছেন, তা নয়। অনেকের মনেই  তৈরি হয়েছে সংশয়। একজন সরাসরি মন্তব্য করেছেন, ‘এটা নিশ্চিতভাবেই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে  তৈরি।’