রক্তচাপ নিয়ন্ত্রণে ঘুম

রাতে বিছানায় শুয়ে মুঠোফোনে রিল দেখতে দেখতে কখন যে এক-দুই ঘণ্টা পেরিয়ে যায়, টেরই পাওয়া যায় না। অথচ সকালে আবার উঠতে হবে তাড়াতাড়ি। কিন্তু প্রতিদিনই দেরি করে ঘুমাতে যাওয়ার এই অভ্যাস যে রক্তচাপের ওপরও প্রভাব ফেলতে পারে, তা কি জানেন? উচ্চ রক্তচাপকে বলা হয় নীরব ঘাতক। কারণ অনেকসময় কোনো লক্ষণ ছাড়াই উচ্চ রক্তচাপ শরীরের ক্ষতি করতে থাকে। হৃদরোগ ও স্ট্রোকের অন্যতম ঝুঁকির কারণ এই উচ্চ রক্তচাপ। 
আমাদের শরীর চলে একটি নিজস্ব ঘড়ির নিয়মে। চিকিৎসকরা একে বলেন সার্কেডিয়ান রিদম বা দেহঘড়ি। প্রায় ২৪ ঘণ্টার এই ছন্দ অনুযায়ী শরীরের তাপমাত্রা, ক্ষুধা, হজম, হরমোন নিঃসরণ ও ঘুম নিয়ন্ত্রিত হয়। রক্তচাপও এই দেহঘড়ির ব্যতিক্রম নয়।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ডের পুষ্টিবিদ ব্র্যানন ব্লাউন্টের মতে, ঘুম থেকে ওঠার পর সাধারণত রক্তচাপ বাড়তে শুরু করে। দিনের বিভিন্ন সময়ে তা ওঠানামা করে। আবার ঘুমের সময় রক্তচাপ কমে যায়।
অর্থাৎ শরীরের বিশ্রামের সময় হৃদযন্ত্রও কিছুটা স্বস্তি পায়; কিন্তু ঘুমানোর সময়টা বদলে গেলে শরীরের এই স্বাভাবিক ছন্দে ব্যাঘাত ঘটতে পারে। অনিয়মিত সময়ে ঘুমানো রক্তচাপের স্বাভাবিক ওঠানামাকে প্রভাবিত করতে পারে। তাই প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে ওঠার অভ্যাস গুরুত্বপূর্ণ।
তবে শুধু বেশি ঘুমালেই যে রক্তচাপের এই স্বাভাবিক ওঠানামা নিশ্চিত হবে, এমন নয়। নিয়মিত ঘুম, স্বাস্থ্যকর জীবনযাপন এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেয়াও জরুরি।
বিশেষজ্ঞদের পরামর্শ হলো- এমন সময় ঘুমাতে যান, যাতে প্রতিদিন সাত থেকে ৯ ঘণ্টা ঘুমানোর সুযোগ থাকে। যেমন সকাল ৬টায় উঠতে হলে রাত ১০টার মধ্যে ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিতে পারেন। আর সকাল ৭টায় উঠলে রাত ১০টা থেকে ১১টার মধ্যে ঘুমাতে যাওয়া ভালো।
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন সাত থেকে ৯ ঘণ্টা ঘুমানো জরুরি। তবে নিয়মিত রক্তচাপ ওঠানামা করলে বা উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ইন্টারনেট।