ভারতে পলাতক রণজিত সরকারসহ ২০০ জনের বিরুদ্ধে মামলা

 সিলেট ব্যুরো 
ভারত থেকে দেশে ফিরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে একটি রিসোর্ট ভাড়া নিয়ে পিকনিক ও শিক্ষা সফরের আড়ালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমাবেশ করার ঘটনায় সাবেক সংসদ সদস্য রনজিত সরকারসহ ২০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গোয়াইনঘাট থানায় দায়ের করা এ মামলায় ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরো ১৭৫ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গোয়াইনঘাট থানার এসআই নাঈমুল হাসান বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন- সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রনজিত সরকার (৫৩), ফারুক আহমদ(২৯), গোয়াইনঘাট উপজেলার  পূর্ব আলীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  আলী হোসেন (৩৪), পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের  যুগ্ম সম্পাদক, ফরহাদ আহমদ(১৯), রাজু ইসলাম (১৬), শাহ আলম সোহেল রিংকু (৩৮), অ্যাডভোকেট রোকন মিয়া (৪২), এহলাছুর রহমান তারা মিয়া (৪৫), সাংগঠনিক সম্পাদক তাহিরপুর (উপজেলা আ’লীগ), মেহেদী হাসান শাকিব (২৫), বিমান চক্রবত্তী (৪২), রেজাউল করিম শামীম (২৭), সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সুকত সামন্ত সরকার (৪৮), চেয়ারম্যান বেহেলী ইউনিয়ন পরিষদ, আফতাব নুর (৫৭), সাধারণ সম্পাদক, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ, বাদাঘাট ইউনিয়ন ওমর ফারুক (২৭), সাবেক চেয়ারম্যান জামালগঞ্জ উত্তর ইউনিয়ন, আব্দুল হাসনাত(৫২), ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো: ফজলুল হক (৫১), তাহিদুল ইসলাম (৩৬), ভাতগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আজাদ হোসেন (৫০), কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক লীগ অ্যাডভোকেট ওয়াসিম (৪২), সাবেক ভাইস চেয়ারম্যান ধর্মপাশা উপজেলা, উজ্জ্বল (৩২), সহসভাপতি উপজেলা যুবলীগ ধর্মপাশা। 
এর আগে বুধবার গভীর রাতে রাতারগুলের ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্ট’ বন্ধ করে তালা ঝুলিয়ে দেয় প্রশাসন। এ সময় রিসোর্টের দুই কর্মীসহ চারজনকে আটক করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার মুরারবন গ্রামের সোনাফর আলীর ছেলে রাজু ইসলাম (১৬), একই গ্রামের তাহের উদ্দিনের ছেলে ফরহাদ আহমদ (১৯), গোয়াইনঘাট উপজেলার খাসবারহাল গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে ফারুক আহমদ এবং নয়াবস্তি গ্রামের আব্দুল খালিকের ছেলে আলী হোসেন (৩৪)। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওমর ফারুক জানান, গ্রেফতার চারজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, গত ৮ নভেম্বর অ্যাডভোকেট রোকন মিয়া শিক্ষা সফরের কথা বলে রাতারগুলের ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্ট’ ভাড়া নেন। শুরুতে সেখানে শিক্ষা সফরের ব্যানার টাঙানো হয়। পরে সেখানে উপস্থিত হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার। 
সমাবেশ শেষে রনজিত সরকার সীমান্ত পেরিয়ে ভারতে ফিরে গেছেন বলে জানা গেছে। একটি সূত্রের দাবি, তিনি বর্তমানে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে অবস্থান করছেন। তবে তার অবস্থানের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সমাবেশের ঘটনার পর রিসোর্টের মালিক আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অন্য দিকে এ আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার ভূমিকা নিয়েও আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ রয়েছে, রিসোর্টটির মালিক সোহেল গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলমের চাচাতো ভাই।
একটি নিষিদ্ধ রাজনৈতিক দলের সমাবেশের জন্য রিসোর্ট ভাড়া দেয়া, আয়োজনের প্রস্তুতি এবং ঘটনার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতার আত্মীয়ের মালিকানাধীন প্রতিষ্ঠানে এ ধরনের আয়োজন কিভাবে সম্ভব হলো, তা নিয়ে আলোচনা চলছে। ঘটনার সাথে কারো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা থাকলে তা তদন্তের মাধ্যমে নির্ধারণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার দাবি উঠেছে।