
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরীতে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণে পাইলট প্রকল্প শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সাম্প্রতিক একটি গবেষণা অনুযায়ী, চট্টগ্রামে ৪৪ শতাংশের বেশি যানবাহন নির্ধারিত গতিসীমা অতিক্রম করে চলাচল করে, যার ফলে প্রতি বছর সড়কে প্রায় ১০০ প্রাণহানি ঘটে। প্রাথমিকভাবে বিআরটিএ অনুমোদিত গতিসীমা প্রয়োগে পাইলট প্রকল্প হিসেবে নগরীর বায়েজিদ লিংক রোড, চট্টগ্রাম সিটি আউটার রিং রোড এবং শাহ আমানত সেতু সংযোগ সড়কে এই কার্যক্রম পরিচালিত হবে।
সিএমপি’র পক্ষ থেকে জানানো হয়েছে- ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস)-এর আওতায় গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি) ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত পুলিশ কর্মকর্তাদের জন্য লেজার স্পিড ক্যামেরা পরিচালনাবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় সিএমপিকে সাতটি লেজার স্পিড ক্যামেরা হস্তান্তর করা হয়। জিআরএসপি স্পিড ক্যামেরার পাশাপাশি চেকপয়েন্ট স্থাপনের জন্য পুলিশকে ১৬০টি ট্রাফিক কোন, ৫০টি এলইডি ট্রাফিক ব্যাটন, আটটি সড়ক নির্দেশক সাইনেজ, ৩২টি ইলেকট্রনিক ফ্লেয়ার, আটটি বহনযোগ্য জাডার বার (স্পিড ব্রেকার) এবং আটটি বহনযোগ্য ক্যানভাস তাঁবু প্রদান করে।
সূত্র জানায়, কর্মশালায় ক্যামেরা পরিচালনার কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি সড়কে ব্যবহারিক অনুশীলন অন্তর্ভুক্ত ছিল, যা কার্যকর ও নিরাপদ গতিসীমা নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে। গত মঙ্গলবার সিএমপি কমিশনার হাসান মো: শওকত আলী চট্টগ্রামের একটি হোটেলের সেমিনার কক্ষে কর্মশালার উদ্বোধন করেন। প্রশিক্ষণের প্রথম দুই দিন স্পিড ক্যামেরা পরিচালনার ওপর গুরুত্ব দেয়া হয়। অংশগ্রহণকারীরা ক্যামেরা পরিচালনা, দলগতভাবে ক্যামেরা ব্যবহারের অনুশীলন করেন এবং ক্যামেরার সাধারণ রক্ষণাবেক্ষণ ও সমস্যাগুলো সম্পর্কে ধারণা লাভ করেন। পাশাপাশি সড়কে ক্যামেরার ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।
জিআরএসপির সিনিয়র রোড পুলিশিং অ্যাডভাইজার পল সিমক্স এবং পিটার জোন্স কর্মশালা পরিচালনা করেন। কর্মশালার শেষ দিনে গতকাল বৃহস্পতিবার তারা সড়ক নিরাপত্তায় বিশ্বব্যাপী স্বীকৃত সেফ সিস্টেম পদ্ধতিতে পুলিশের ভূমিকা এবং রোড ক্র্যাশে গতির প্রভাব নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা যানবাহনে গতিসীমা নিয়ন্ত্রণে প্রযুক্তি ও সড়কে চেকপয়েন্ট পরিচালনার প্রশিক্ষণ গ্রহণ করেন। বিকেলে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের সাতটি দলে ভাগ করে বায়েজিদ লিংক রোডে আলাদা আলাদা চেকপয়েন্ট বসানো হয়। এ সময় তারা স্পিড ক্যামেরা ব্যবহার করে নিরাপদ চেকপয়েন্ট স্থাপন ও পরিচালনার অনুশীলন করে। এ সময় জিআরএসপির প্রশিক্ষকরা মাঠপর্যায়ে তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিএমপি কমিশনার হাসান মো: শওকত আলী অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








