ফ্যামিলি কার্ডের জন্য গ্যাসের দাম বাড়ানোর তথ্য অপপ্রচার : জ্বালানিমন্ত্রী

সংসদ প্রতিবেদক
ফ্যামিলি কার্ডের জন্য গ্যাস ও জ্বালানির দাম বাড়ানো হয়েছে, এমন প্রচারকে অপপ্রচার বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, বর্তমান সরকার বারবার গ্যাসের দাম বাড়ায়নি। বরং আন্তর্জাতিক বাজার থেকে বেশি দামে গ্যাস কিনে বিদ্যুৎকেন্দ্র সচল রাখা ও সরবরাহ স্বাভাবিক রাখতে গত আট মাসে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে এ সংক্রান্ত সম্পূরক প্রশ্নটি উত্থাপন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুরুন্নিসা সিদ্দিকা। জবাবে মন্ত্রী আরো বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজার থেকে অনেক বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। 
বিদ্যুতের ভৌতিক বিল বন্ধে প্রিপেইড স্মার্ট মিটার স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে বিদ্যুৎমন্ত্রী বলেন, কোথাও এ ধরনের বিলের ঘটনা ঘটলে সরকার ব্যবস্থা নেবে।
এলপিজির দাম প্রসঙ্গে মন্ত্রী বলেন, এলপিজি সরকারি খাত আমদানি করে না। বেসরকারি প্রতিষ্ঠান আমদানি করে এবং তারাই দাম নির্ধারণ করে। এ ক্ষেত্রে সরকারের সরাসরি ভূমিকা নেই। তবে তেল ও গ্যাসের দাম বাজারের সাথে সমন্বয় করা হয়। তিনি বলেন, ফ্যামিলি কার্ডের অর্থায়নের জন্য গ্যাস ও তেলের দাম বাড়ানো হয়েছে, এমন প্রচার অমূলক ও অপপ্রচার। নি¤œ আয়ের মানুষের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও ভর্তুকির মাধ্যমে সহায়তা দেয়া হচ্ছে।
বায়োগ্যাসের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা তুলে ধরে ইকবাল হাসান মাহমুদ বলেন, নবায়নযোগ্য জ্বালানি নিয়ে সরকার কাজ শুরু করেছে। বায়োগ্যাস উৎপাদন ও ব্যবহারের জন্য বিভিন্ন প্রকল্প নেয়া হয়েছে। বায়োগ্যাস উৎপাদন করে আশপাশের এলাকায় সরবরাহের ব্যবস্থাও করা হচ্ছে।
অপর এক প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দেশীয় গ্যাস ও খনিজসম্পদের অনুসন্ধান এবং উত্তোলন বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। এর লক্ষ্য নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার, আমদানিনির্ভরতা কমানো এবং শিল্প ও বিদ্যুৎ খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা। এছাড়া আন্তর্জাতিক বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশ অফশোর মডেল পিএসসি-২০২৬ প্রণয়ন ও চূড়ান্ত করা হয়েছে। 
সব সার কারখানায় গ্যাস সরবরাহের আশা 
দেশে গ্যাসের উৎপাদন বাড়ানো গেলে সব সার কারখানায় গ্যাস সরবরাহ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন মন্ত্রী। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে গ্যাসের সঙ্কট থাকায় সার কারখানায় সরবরাহ সীমিত রাখতে হচ্ছে। বিদ্যমান গ্যাস দিয়ে বিদ্যুৎকেন্দ্রের চাহিদা পূরণ করাও কঠিন হয়ে পড়েছে। সীমিত গ্যাসের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বেশি উৎপাদন সক্ষমতাসম্পন্ন সার কারখানাগুলোকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। সম্ভাবনাময় গ্যাসক্ষেত্র থেকে নতুন গ্যাস আহরণ করা সম্ভব হলে ভবিষ্যতে সব সার কারখানায় সরবরাহ বাড়ানো যাবে বলে জানান তিনি।
চরাঞ্চলের বালুতে ভারী খনিজ অনুসন্ধান 
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর চরাঞ্চলের বালুতে থাকা ভারী খনিজসম্পদ আহরণের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী। বিরোধীদলীয় সংসদ সদস্য মো: মাহবুবুল আলমের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, পরীক্ষা-নিরীক্ষায় এসব খনিজ আহরণ অর্থনৈতিকভাবে লাভজনক প্রমাণিত হলে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে। তিনি জানান, গত ১৫ বছরে দেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খনিজসম্পদের সন্ধান পাওয়া গেছে। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদফতরের অনুসন্ধানে দিনাজপুরের হাকিমপুর, চিরিরবন্দর ও পার্বতীপুরে লৌহ আকরিক বা ম্যাগনেটাইট এবং নওগাঁর বদলগাছীর তামপুর ও দিনাজপুরের হাকিমপুরে চুনাপাথরের সন্ধান পাওয়া গেছে। এ ছাড়া কুড়িগ্রাম ও গাইবান্ধাসহ ব্রহ্মপুত্র ও যমুনা নদীর বালুতে ইলমেনাইট, জিরকন, গারনেট ও ম্যাগনেটাইটের মতো ভারী খনিজের উপস্থিতি শনাক্ত হয়েছে। এসব সম্পদের পরিমাণ ও গুণগত মান নিরূপণে জরিপ, অনুসন্ধান কূপ খনন, নমুনা সংগ্রহ ও পরীক্ষাগারে বিশ্লেষণের উদ্যোগ নেয়া হয়েছে। বাণিজ্যিক উত্তোলনের আগে কারিগরি ও অর্থনৈতিক সম্ভাব্যতা এবং পরিবেশগত প্রভাব মূল্যায়ন করা হবে।
অবৈধভাবে অটোরিকশা চার্জ 
বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিতরণকারী সংস্থাগুলোর অধীনে ৫০ হাজার ৯৫১টি অনুমোদিত ব্যাটারি চার্জিং স্টেশন রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী। সংসদ সদস্য মো: আব্দুল বারী সরদারের লিখিত প্রশ্নের জবাবে তিনি আরো জানান, অবৈধ সংযোগ ও বিদ্যুৎ চুরি বন্ধ, মিটার কারসাজি প্রতিরোধ এবং গ্রাহকসেবার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, অটোমেটেড মিটার রিডিং (এএমআর), প্রিপেইড ও স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন এবং বিদ্যুৎ বিতরণ লাইন আধুনিকায়ন। অবৈধ সংযোগ, মিটার টেম্পারিং, মিটার বাইপাস ও হুকিংয়ের মাধ্যমে অটোরিকশা চার্জ দেয়ার বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় এবং মামলা করা হচ্ছে।

Advertisement