যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে ইরানের পাশে ইরাক-তুরস্ক-পাকিস্তান

নয়া দিগন্ত ডেস্ক
আকাশ ও সমুদ্রপথের পর এবার স্থলপথেও ইরানকে পুরোপুরি ঘেরাও করতে চাইছে যুক্তরাষ্ট্র। কিন্তু মার্কিন এই পরিকল্পনায় বড় ধাক্কা খেয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের প্রবল চাপ সত্ত্বেও ইরানের সাথে সীমান্ত বন্ধ করতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে দেশটির তিন প্রতিবেশী দেশ- ইরাক, তুরস্ক ও পাকিস্তান।
ইরানের স্থলপথে বাণিজ্য পুরোপুরি বন্ধ করতে বেশ কিছুদিন ধরে প্রতিবেশী দেশগুলোকে চাপ দিয়ে আসছিল মার্কিন প্রশাসন। এর আগে নৌপথ ও আকাশপথে কঠোর নিষেধাজ্ঞা দিয়ে ইরানের বাণিজ্যিক যোগাযোগ প্রায় আটকে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সম্প্রতি ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র ও নিষিদ্ধ পণ্যের চলাচল আটকাতে ‘টাস্কফোর্স আয়রন গেট’ নামের একটি নতুন দল গঠনের ঘোষণা দেয় মার্কিন সেন্ট্রাল কমান্ড। ফ্লোরিডায় অবস্থিত এই দলটি সরাসরি কোনো যুদ্ধ চালাবে না, বরং ইরানের সাথে বাণিজ্য বন্ধ করতে প্রতিবেশী দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করাই তাদের কাজ। মার্কিন পক্ষ থেকে ইরাককে বলা হয়েছিল, ইরান সীমান্ত দিয়ে যেন মাত্র দু’টি পথ খোলা রেখে বাকি সব ক্রসিং বন্ধ করে দেয়া হয়। কিন্তু ইরাক সেই দাবি মানেনি, যদিও নিরাপত্তার কারণে তারা মাঝে মাঝে কিছু পথ সাময়িকভাবে বন্ধ রেখেছে। অন্যদিকে তুরস্ক তাদের সীমান্ত নীতিতে কোনো পরিবর্তন আনেনি এবং পাকিস্তানও অভ্যন্তরীণ নিরাপত্তার কারণ দেখিয়ে কেবল মাঝে মধ্যে সীমান্ত বন্ধ রাখলেও বাণিজ্য পুরোপুরি বন্ধ করেনি।
প্রতিবেশী দেশগুলোর এই অনীহার মূল কারণ তাদের নিজস্ব অর্থনীতি। দেশগুলোর আশঙ্কা, সীমান্তে কঠোর কড়াকড়ি আরোপ করলে তাদের নিজস্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে এবং সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ, যারা এই বাণিজ্যের ওপর নির্ভরশীল, তারা বিপাকে পড়বেন। ফলে দেশগুলোতে অস্থিরতা তৈরি হতে পারে।
এদিকে ইরানের ওপর সামরিক হামলা চালানোর চেয়ে অর্থনৈতিক চাপ বাড়িয়েই ফায়দা তুলতে চাইছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের ওপর এখন যে অর্থনৈতিক চাপ রয়েছে তা অত্যন্ত তীব্র, আর এই উপায়েই লক্ষ্য অর্জন করা সম্ভব হলে নতুন করে যুদ্ধ বা বোমা হামলার কোনো প্রয়োজন নেই। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এই নতুন ফাঁদ এড়াতে বসে নেই ইরানও। মার্কিন ‘আয়রন গেট’ কৌশল মোকাবেলা করতে তেহরানও কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, যুক্তরাষ্ট্রের এই চাপের মুখে শেষ পর্যন্ত প্রতিবেশী দেশগুলো তাদের নীতিতে অনড় থাকে নাকি ওয়াশিংটনের কথামতো কড়াকড়ি বাড়ায়।
নতুন মার্কিন হামলার ১০ গুণ কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের
এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে হামলা চালানো হলে আগের তুলনায় ১০ গুণ বেশি কঠোর জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। খবর আলজাজিরার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে ভবিষ্যতে যেকোনো হামলা আগের তুলনায় পাঁচগুণ বেশি শক্তিশালী হবে বলে হুমকি দেয়ার পর তেহরান এ পাল্টা হুঁশিয়ারি দিলো।
ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখারচি বলেছেন, ট্রাম্পের দাবি সত্যি হলে ইরানের সশস্ত্র বাহিনীর জবাব হবে ১০ গুণ বেশি কঠোর। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ঘনিষ্ঠ সংবাদমাধ্যম নূর নিউজের বরাতে এ তথ্য জানা গেছে। শেখারচি বলেন, ইরানের পাল্টা আঘাতের তীব্রতা বিশ্বকে বিস্মিত করবে। শত্রুপক্ষের সামরিক ও বেসামরিক- উভয় ধরনের সম্পদ লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। যুক্তরাষ্ট্রের যেসব সম্পদ ইরানের নাগালের মধ্যে থাকবে, সেগুলো যেখানেই থাকুক, হামলার লক্ষ্যবস্তু হবে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের হুমকিতে ইরানিরা ভীত নয়। গত বছরের জুনে শুরু হওয়া যুদ্ধের আগের তুলনায় ইরানের সশস্ত্র বাহিনী এখন অনেক বেশি প্রস্তুত। কৌশলগত সামরিক সরঞ্জামের উৎপাদন কখনো বন্ধ হয়নি। এ ছাড়া গত দু’টি যুদ্ধে যেসব দুর্বলতা চিহ্নিত হয়েছিল, সেগুলোও সংশোধন করা হয়েছে। ইরানের এই সামরিক মুখপাত্র বলেন, গত ৪৭ বছরের ইতিহাসে ইরান প্রমাণ করেছে, তারা কখনো আগ্রাসী শক্তি হিসেবে কাজ করেনি। তবে ইরানের ওপর কোনো ধরনের আগ্রাসন চালানো হলে দেশটি শুধু আত্মরক্ষার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং শক্তিশালী আক্রমণকারীর ভূমিকাও নেবে। ইরানের সাম্প্রতিক যুদ্ধগুলোর ঘটনাপ্রবাহ নিয়ে আয়োজিত একটি প্রদর্শনী পরিদর্শনের সময় এসব মন্তব্য করেন শেখারচি। 
হরমুজে দু’টি তেলবাহী ট্যাংকার বিধ্বস্ত
হরমুজ প্রণালীতে বারবার সতর্কতা সত্ত্বেও একটি ‘অননুমোদিত’ রুট ব্যবহারের কারণে দু’টি বিশাল তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। ইরানের আইএসএনএ বার্তা সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, বুধবার  গভীর রাতে প্রণালীর দক্ষিণ দিক দিয়ে অতিক্রম করার সময় ট্রাফিক কন্ট্রোল সেন্টারের নিষেধাজ্ঞা অমান্য করায় এই দুর্ঘটনা ঘটে। খবর : আনাদোলু এজেন্সি’র । বিবৃতিতে ট্যাংকার দু’টিকে সুপারট্যাংকার হিসেবে উল্লেখ করে জানানো হয় যে সেগুলোতে মোট ৪০ লাখ ব্যারেলের বেশি তেল বহন করা হচ্ছিল এবং পরবর্তীতে একটি ভয়াবহ বিস্ফোরণের পর সেগুলো থামতে বাধ্য হয়। আইআরজিসি নৌবাহিনী ট্যাংকার দু’টির বিরুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর সাথে সহযোগিতার অভিযোগ এনে তাদের একটি চোরাচালানকারী বাহিনী হিসেবে আখ্যায়িত করে। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে জানানো হয়, পারস্য উপসাগর বা হরমুজ প্রণালীতে যে জাহাজই নেভিগেশন সিস্টেম বন্ধ রেখে মার্কিন বাহিনীর সাথে হাত মিলিয়ে দক্ষিণাঞ্চলীয় রুট ব্যবহার করার চেষ্টা করবে, তাদের সবার পরিণতি একই হবে। তবে ওই বিবৃতিতে জাহাজ দু’টির পরিচয় বা এই ঘটনার বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ পর্যন্ত মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে যুদ্ধ শুরু করলে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ পর্যন্ত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা ও আইআরজিসির সাবেক প্রধান মহসিন রেজাই। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসনে যুক্ত প্রতিটি সামরিক ঘাঁটি হামলার বৈধ লক্ষ্যবস্তু হবে। লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল মায়াদিনকে দেয়া পৃথক সাক্ষাৎকারেও একই ধরনের সতর্কবার্তা দেন রেজাই। তার ভাষ্য, ইরানের পাল্টা হামলা শুধু প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতে সীমাবদ্ধ থাকবে না। ইরানের বিরুদ্ধে হামলায় কোনো ইউরোপীয় দেশের বিমান বা স্থাপনা ব্যবহৃত হলে সেগুলোও লক্ষ্যবস্তু হতে পারে।
রেজাই দাবি করেন, যুদ্ধ শুরুর সময়ের তুলনায় ইরানের আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক সক্ষমতা বেড়েছে। তবে এ দাবির পক্ষে তিনি স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো প্রমাণ দেননি। তিনি আরো জানান, ওয়াশিংটনের সাথে তেহরানের সরাসরি আলোচনা চলছে না। ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সমর্পণ বা বিদেশে স্থানান্তরেও রাজি হবে না। অন্য দিকে গত ১০ নভেম্বর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইরানের অর্থনীতিতে মার্কিন চাপের প্রভাব পড়ছে; দেশটিতে নতুন করে হামলার প্রয়োজন নেই। তবে ইরানের দাবি, কাতারের মাধ্যমে পাঠানো পারমাণবিক প্রস্তাব নিয়ে আলোচনার আগে ওয়াশিংটনকে তাদের সাতটি শর্ত পূরণ করতে হবে।