
বিশেষ সংবাদদাতা
দেশের তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) নির্মাণের দায়িত্ব দেয়া হলো চীনা র্ষ্ট্রাীয় প্রতিষ্ঠান এসএনইইকে। ২০ বছর মেয়াদে এই এফএসআরইউর জন্য সরকারকে ফি গুনতে হবে ১৩ হাজার কোটি টাকা।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি মন্ত্রণালয়ের এই প্রস্তাবটি অনুমোদন করা হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ‘চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোং লিমিটেড’ (সিএনইই) বাংলাদেশ সরকারের সাথে জি-টু-জি পদ্ধতিতে এই এফএসআরইউ নির্মাণ করবে। বর্তমানে দেশে দু’টি ভাসমান এলএনজি টার্মিনাল রয়েছে। এর একটি মার্কিন কোম্পনি এক্সিলেটরের এবং অন্যটি দেশীয় কোম্পানি সামিটের। প্রথম জাহাজটি ২০১০ সালে নির্মিত এবং সামিটের জাহাজ ২০১২ সালে তৈরি। অন্য দিকে, চীন যে জাহাজের মাধ্যমে এফএসআরইউ করবে তা ২০১৬ সালে নির্মিত বলে জ্বালানি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
জ্বালানি মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, চীনের তৈরি জাহাজের ফি হবে অন্য দু’টির চেয়ে ‘বেশি’। কিন্তু কতখানি বেশি তা তারা প্রকাশ করেনি। এখন এই প্রস্তাবিত অনুমোদনের জন্য গতকাল সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে উত্থাপন করা হয়। এর আগে গত মাসেও এই প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল। কিন্তু তখন দেখা গেছে, এই এফএসআরইউ ফি আগের দু’টির চেয়ে ৩৪ শতাংশ বেশি। পরে সেটি মন্ত্রিসভা অনুমোদন না করে ফেরত পাঠিয়ে দেয়। গতকাল সেটি অনুমোদন দেয়া হয়েছে।
কর্ণফুলী টানেল সংযোগ সড়ক নির্মাণে ব্যয় বাড়ল ৫৭ কোটি টাকা
কর্ণফুলী টানেল সংযোগ সড়ক উন্নয়ন এবং আনোয়ারা উপজেলা সংযোগ সড়ক চার লেনে উন্নীতকরণে দু’টি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
এর মধ্যে কর্ণফুলী টানেল (আনোয়ারা) থেকে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক উন্নয়নের কাজ পেয়েছে রানা বিল্ডার্স। এ কাজে ব্যয় হবে ২৬৬ কোটি ১৪ লাখ টাকা। অন্য দিকে, শিকলবাহা-আনোয়ারা সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের ব্যয় বাড়ছে ৫৬ কোটি ৯০ লাখ টাকা। এতে প্রকল্পটির সংশোধিত চুক্তিমূল্য দাঁড়াচ্ছে ৩২৩ কোটি চার লাখ টাকা।
বৈঠক সূত্রে জানা যায়, চট্টগ্রাম সড়ক জোনের অধীন চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের ‘কর্ণফুলী টানেল (আনোয়ারা) হতে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক (জেড-১০৪০) উন্নয়ন’ প্রকল্পের একটি প্যাকেজের কাজ পেয়েছে রানা বিল্ডার্স (প্রাইভেট) লিমিটেড। এ কাজের চুক্তিমূল্য ধরা হয়েছে ২৬৬ কোটি ১৪ লাখ ৬২ হাজার ৯৪৯ টাকা।
অন্য দিকে, ‘আনোয়ারা উপজেলা সংযোগ সড়কসহ কর্ণফুলী টানেল সংযোগ সড়ককে চার লেনে উন্নীতকরণ (শিকলবাহা-আনোয়ারা সড়ক)’ প্রকল্পের প্রথম সংশোধনীর আওতায় একটি প্যাকেজের ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
প্রকল্পটির আওতায় শিকলবাহা-আনোয়ারা জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীত করার পাশাপাশি ধীরগতির যানবাহনের জন্য পৃথক লেন নির্মাণ, সড়কের বাঁধ প্রশস্তকরণ এবং সড়কের মধ্যবর্তী স্থানে বৃক্ষরোপণের কাজ করার কথা রয়েছে।
এ প্রকল্পের মূল চুক্তিমূল্য ছিল ২৬৬ কোটি ১৪ লাখ ৬২ হাজার ৯৪৯ টাকা। এখন ভেরিয়েশন অর্ডার-১-এর মাধ্যমে অতিরিক্ত ৫৬ কোটি ৯০ লাখ সাত হাজার ৩১৫ টাকা ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়াবে ৩২৩ কোটি ৪ লাখ ৭০ হাজার ২৬৫ টাকা। মূল চুক্তিমূল্যের তুলনায় ব্যয় বাড়ছে ২১ দশমিক ৩৭৯ শতাংশ।
প্রকল্পটির কাজ বাস্তবায়নের দায়িত্বে রয়েছে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড, হাসান টেকনো বিল্ডার্স লিমিটেড ও তাহের ব্রাদার্স লিমিটেডের যৌথ উদ্যোগ (জেভি)।
তিন দেশ থেকে কেনা হবে এলএনজি
এ দিকে, গতকাল সচিবালয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে তিন দেশের তিনটি প্রতিষ্ঠান থেকে ‘সরাসরি ক্রয় পদ্ধতিতে’ এলএনজি কার্গো আমদানি করার সিদ্ধান্ত নেয়া হয়। এ ছাড়া আগামী রমজানকে সামনে রেখে খেজুর আমদানির দরপত্র প্রক্রিয়ার সময়সীমা হ্রাস এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপনের কাজটি ‘সরাসরি ক্রয় পদ্ধতি’র মাধ্যমে সম্পাদনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় জানায়, বৈঠকে সংযুক্ত আরব আমিরাত-এর ‘এডনক ট্রেডিং লিমিটেড’ ও নাইজেরিয়া’র ‘ওজিমদু অ্যান্ড ম্যারিটেস অয়েল মার্কেটিং নাইজেরিয়া লিমিটেড’/‘উজি জেমস বিহাইভ’ থেকে ‘সরাসরি ক্রয় পদ্ধতিতে’ এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।
এ ছাড়া জাপানের ‘জেরা গ্লোবাল মার্কেটস পিটিই লিমিটেড’ থেকেও ‘সরাসরি ক্রয় পদ্ধতিতে’ এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। পাশপাশি এলএনজি আমদানির জন্য এ কোম্পানির সাথে রাষ্ট্রায়ত্ত পেট্রোবাংলা’র চূড়ান্তকৃত স্বল্পমেয়াদি এলএনজি ‘সেল অ্যান্ড পারচেজ’ (এসপিএ) এবং টার্ম শিট-এর ফরমেট সইয়ের প্রস্তাবও নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।
৯৬ কোটি টাকার খাবার বড়ি কেনা হচ্ছে
পরিবার পরিকল্পনা কার্যক্রমের আওতায় এক কোটি ৯৩ লাখ ৭৫ হাজার সাইকেল খাবার বড়ি (তৃতীয় প্রজন্ম) কিনবে সরকার। এতে ব্যয় হবে ৯৬ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ২৫০ টাকা। এসব খাবার বড়ি সরবরাহ করবে দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি। ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পক্ষ থেকে প্রস্তাবটি সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উপস্থাপন করা হয়।
প্রস্তাব অনুযায়ী, ‘সমাপ্ত চতুর্থ সেক্টর কর্মসূচির অত্যাবশ্যকীয় পরিবার পরিকল্পনা, মা, শিশু ও প্রজনন স্বাস্থ্যসেবা অসমাপ্ত কার্যাবলি বাস্তবায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এসব খাবার বড়ি কেনা হবে।
এ জন্য ২০২৫-২৬ অর্থবছরের প্যাকেজ নম্বর ২০২৫-২৬/জিডি-৪এ এবং টেন্ডার আইডি ১৩২০৩৯৯-এর মাধ্যমে ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এতে সুপারিশকৃত দরদাতা হিসেবে রয়েছে পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








