
নয়া দিগন্ত ডেস্ক
সড়ক দুর্ঘটনায় সিলেটে তিনজনসহ দেশের বিভিন্ন স্থানে আটজন নিহত হয়েছেন।
সিলেট ব্যুরো জানায়, সিলেট-ঢাকা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় সিলেট ডাক বিভাগের দুই কর্মচারীসহ তিনজন নিহত হয়েছেন।
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই একটি ট্রাককে পেছন থেকে ডাক বিভাগের একটি কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দিলে তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার নোয়াপাড়া কাউছারনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামের মৃত খয়রুদ্দিনের ছেলে ও ডাকবিভাগের কাভার্ডভ্যানের চালক জসিম (৪০), মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড় গ্রামের মাইনুদ্দিন মিয়ার ছেলে ও ডাক কর্মচারী মো: মজনু মিয়া (৫৪) এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি গ্রামের সন্তোষে শব্দাকরের ছেলে মো: রিপন মিয়া (২৩)।
হাইওয়ে পুলিশ জানায়, রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাউছার নগর এলাকায় ঢাকা অভিমুখী একটি পাথরবোঝাই ট্রাক বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। রাত ৩টার দিকে একই দিক থেকে আসা বাংলাদেশ ডাক বিভাগের ডাক ও পার্সেলবাহী একটি মাঝারি আকারের কাভার্ডভ্যান ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানে থাকা চালকসহ তিনজন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
শেরপুর (বগুড়া) সংবাদদাতা জানান, বগুড়ার শেরপুরে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকার সময় দ্রুতগতির একটি পিকআপের ধাক্কায় সুমন (৪২) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের দুবলাগাড়ি চকপোতা এলাকার আবদুল মজিদের ছেলে ও দুপচাঁচিয়ায় অগ্রণী ব্যাংক শাখায় কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সকালে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সুমন। এরপর শেরপুর বাসস্ট্যান্ডে এসে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি পিকআপ (ঢাকা ন-২২-৩২১০) হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি গাড়িতে গিয়ে পুনরায় ধাক্কা খায়। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সুমনকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাকির হোসেন জানান, ঘাতক পিকআপটি আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
বোদা (পঞ্চগড়) সংবাদদাতা জানান, পঞ্চগড়ের বোদা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে দুই মাদরাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো এক শিক্ষার্থী।
বৃহস্পতিবার সকালে উপজেলার সাকোয়া-চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো: রাহাত (২০) ও সাদিক (১৬)। রাহাত ওই ইউনিয়নের মিজানুর রহমানের ছেলে এবং সাদিক আতাউর রহমানের ছেলে। এ ঘটনায় আহত মো: রাব্বি (১৬) চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া এলাকার আবু শাহের ছেলে। নিহত ও আহত তিনজনই সাকোয়া দাখিল মাদরাসার দশম শ্রেণীর শিক্ষার্থী। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা: সাদমান সাকিব রাহাত ও সাদিককে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাড়ির পাশের পাকা সড়কে খেলার সময় শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান লাটাহাম্বারের ধাক্কায় তানহা আক্তার (৩) নামের এক শিশু নিহত হয়েছে।
বুধবার সন্ধ্যার দিকে উপজেলার নাগদাহ ইউনিয়নের জাহাপুর গ্রামের ত্রিমনি মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তানহা আক্তার ওই গ্রামের আবু তালেবের মেয়ে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বাড়ির পাশের পাকা রাস্তার ধারে অন্য শিশুদের সাথে খেলছিল ছোট্ট তানহা। এ সময় দ্রুতগতির একটি লাটাহাম্বার তাকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষানিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুকাইয়া খাতুন বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) সংবাদদাতা জানান, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফেন্সী আক্তার (১৫) নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা ফাজিল উদ্দিন (৪৪) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার সন্ধ্যায় উপজেলার নেকমরদগামী পাকা সড়কের বোয়ালধার এলাকার শিমুলতলী বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফেন্সী আক্তার বালিয়াডাঙ্গী উপজেলার পশ্চিম কাদশুকা কাজীবস্তি গ্রামের ব্যবসায়ী ফাজিল উদ্দিনের মেয়ে। ফাজিল উদ্দিন কালমেঘ বাজারে ‘ফুজি ফটো স্টুডিও’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় বাবা ও মেয়ে নেকমরদ বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে শিমুলতলী এলাকায় পৌঁছালে একটি বাইসাইকেলের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাবা ও মেয়ে গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহত দুইজনকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে তাদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেয়ার পথে ফেন্সী আক্তারের মৃত্যু হয়। তার বাবা ফাজিল উদ্দিন বর্তমানে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








