
নিজস্ব প্রতিবেদক
বাড়ছে ডায়াবেটিসের থাবা। আগামী ২০৪৫ সালের মধ্যে দেশে দুই কোটি ২৩ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে বলে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) বলছে। বতর্মানে বাংলাদেশ ডায়াবেটিসের রোগীর সংখ্যায় অষ্টম অবস্থানে রয়েছে। শুধু রোগীর সংখ্যা বাড়ছে এমন নয়, দেরিতে রোগ শনাক্তকরণ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং প্রতিরোধযোগ্য জটিলতাও রয়েছে। ডায়াবেটিসে ঝুঁকিতে থাকা মানুষকে দ্রুত শনাক্ত, নিয়মিত পরীক্ষা এবং প্রাথমিক পর্যায় থেকেই চিকিৎসার আওতায় আনার ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ অ্যান্ডোক্রাইন সোসাইটির (বিইএস) উদ্যোগে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য ও সুপারিশগুলো তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে অ্যান্ডোক্রাইনোলজিস্টরা জানান, বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে (বিডিএইচএস) ২০১৭-১৮-এর তথ্য অনুযায়ী, দেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে ডায়াবেটিসের হার ৯.২ শতাংশ এবং প্রি-ডায়াবেটিসের হার ১৩.৩ শতাংশ। এ ছাড়া প্রায় ৬ শতাংশ প্রাপ্তবয়স্ক অনির্ণীত ডায়াবেটিসে আক্রান্ত। বিডিএইচএস ২০২২ অনুযায়ী, বিশ্লেষণে ডায়াবেটিসের প্রকোপ প্রায় ১৬ থেকে ১৭ শতাংশ। ডায়াবেটিসে আক্রান্তদের মাত্র এক-তৃতীয়াংশ জানেন যে তারা ডায়াবেটিসে আক্রান্ত। ফলে রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের ওপর গুরুত্বারোপ করা হয় সংবাদ সম্মেলনে। বিশেষজ্ঞরা বলেন, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নিতে হলে স্বাস্থ্যসেবার প্রাথমিক স্তর থেকেই স্ক্রিনিং ও চিকিৎসার ব্যবস্থা জোরদার করতে হবে। একই সাথে প্রয়োজন ওষুধ ও পরীক্ষার উপকরণের সহজলভ্যতা, জনসচেতনতা বৃদ্ধি এবং বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বাড়ানো।
এ লক্ষ্যে বিশেষজ্ঞরা আট দফা সুপারিশ তুলে ধরেন। এর মধ্যে রয়েছে একটি জাতীয় ডায়াবেটিস ও অ্যান্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং আগামী ৫ থেকে ১০ বছরের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ঘোষণা। ৩৫ বছরের বেশি বয়সী সবার বিএমআই ২৩ বা তার বেশি এবং অন্যান্য ঝুঁকিতে থাকা ব্যক্তিদের আগেভাগে ডায়াবেটিস পরীক্ষার আওতায় আনার প্রস্তাবও দেন তারা।
এ ছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নিয়মিত ডায়াবেটিসের ওষুধ, গ্লুকোমিটার ও এইচবিএ১সি পরীক্ষার ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি ডায়াবেটিসজনিত জটিলতা শনাক্তে প্রয়োজনীয় স্ক্রিনিং চালুর সুপারিশ করা হয়। গর্ভবতী নারীদের সর্বজনীন ডায়াবেটিস স্ক্রিনিং, ইনসুলিনের সহজপ্রাপ্যতা এবং সন্তান প্রসবের পর নিয়মিত ফলোআপ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন বিশেষজ্ঞরা।
ডায়াবেটিস প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক স্বাস্থ্যশিক্ষা, স্কুল ক্যান্টিনে স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী খাদ্যনীতি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। পাশাপাশি সরকারি পর্যায়ে অ্যান্ডোক্রাইনোলজিস্টের পদ সৃষ্টি, চিকিৎসকদের প্রশিক্ষণ বাড়ানো, জাতীয় ডায়াবেটিস রেজিস্ট্রি চালু এবং বহুকেন্দ্রিক গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ অ্যান্ডোক্রাইন সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. ফারিয়া আফসানা, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এম সাইফুদ্দিন, প্রেস ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক ডা. তানজিনা হোসেন, সভাপতি নির্বাচিত সহযোগী অধ্যাপক শাহজাদা সেলিম এবং কোষাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ডা. মির্জা শরিফুজ্জামান উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








