ফ্রান্সে প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তির ১০৮তম বার্ষিকী পালিত
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ১১ নভেম্বর প্যারিসের শঁজেলিজে এভিনিউতে প্রথম বিশ্বযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

ফ্রান্স প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদা ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ফ্রান্সে পালিত হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তির ১০৮তম বার্ষিকী। ১৯১৮ সালের ১১ নভেম্বর স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে। সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করে বুধবার দেশজুড়ে বিভিন্ন স্মরণসভা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজধানী প্যারিসে কেন্দ্রীয় অনুষ্ঠানে অংশ নেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। তিনি প্রথমে প্রথম বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সের প্রধানমন্ত্রী ও যুদ্ধমন্ত্রী জর্জ ক্লেমঁসোর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং তার ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শঁজেলিজে সড়ক হয়ে আর্ক দ্য ত্রিয়ঁফের সামনে পৌঁছে সামরিক বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন করেন।
অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব ছিল অজ্ঞাতনামা সৈনিকের সমাধিতে চিরন্তন শিখা পুনঃপ্রজ্বলন। ১৯২৩ সালের ১১ নভেম্বর তৎকালীন যুদ্ধমন্ত্রী আন্দ্রে মাগিনো প্রথম এই শিখা প্রজ্বলন করেন। এরপর থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে শিখাটি পুনঃপ্রজ্বলিত হয়ে আসছে। যুদ্ধের শহীদদের স্মৃতি ও জাতীয় আত্মত্যাগের প্রতীক হিসেবে এটি ফ্রান্সের ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে।
প্রেসিডেন্ট ম্যাক্রোঁ সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া বার্তায় বলেন, ফ্রান্সের জন্য জীবন উৎসর্গকারী ব্যক্তিদের স্মরণ এবং যুদ্ধাহত, শোকসন্তপ্ত পরিবার ও জাতীয় সহায়তাপ্রাপ্ত শিশুদের প্রতি সংহতি প্রকাশের প্রতীক হচ্ছে ‘ব্লুয়ে দ্য ফ্রঁস’। তার ভাষায়, অতীতকে স্মরণ করার অর্থ হলো স্বাধীনতার মূল্য উপলব্ধি করা এবং পরবর্তী প্রজন্মের কাছে পূর্বসূরিদের সাহসিকতার ইতিহাস পৌঁছে দেয়া।
পা-দ্য-কালে অঞ্চলের আঁদ্যাঁ-বোমঁ শহরে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন র‌্যাসঁব্লমঁ নাসিওনাল (আরএন) দলের নেত্রী মেরিন ল্য পেন। সেখানে তিনি বলেন, ১১ নভেম্বর কেবল ইতিহাসের একটি তারিখ নয়, বরং এটি ফরাসি জাতির আত্মার সাথে জড়িত। যুদ্ধের ভয়াবহ মূল্য পরিশোধ করা মানুষগুলো আজও শান্তির অপরিহার্য গুরুত্বের কথা স্মরণ করিয়ে দেয়।
এদিকে, ফ্রান্সের শিক্ষাপ্রতিষ্ঠানে ১১ নভেম্বরকে কেন্দ্র করে শিক্ষার্থীদের জন্য স্মরণানুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, প্রাথমিকের চতুর্থ শ্রেণী থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের জন্য প্রতি বছর স্মরণানুষ্ঠানের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। তবে কয়েকটি শিক্ষক সংগঠন এই উদ্যোগকে শিক্ষাঙ্গনে সামরিকীকরণের আশঙ্কা হিসেবে দেখছে। সরকারের পক্ষ থেকে বিতর্কটিকে দুঃখজনক বলে মন্তব্য করা হয়েছে।
ফ্রান্সে ১৯২২ সাল থেকে ১১ নভেম্বর সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয়ে আসছে। প্রথম বিশ্বযুদ্ধের নিহতদের স্মরণে শুরু হওয়া এই দিবসের পরিধি ২০১২ সাল থেকে আরো বিস্তৃত হয়েছে। বর্তমানে বিভিন্ন সঙ্ঘাতে ফ্রান্সের জন্য প্রাণ দেয়া সামরিক ও বেসামরিক ব্যক্তিদেরও এদিন শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

Advertisement