
নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ১৩ বছর পর দেশের প্রকৌশলীদের পেশাজীবী সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাহী পরিষদের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশেই সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। সারা দেশের নির্ধারিত ১৮টি কেন্দ্র ও ৩৫টি উপকেন্দ্রে একযোগে ভোটাধিকার প্রয়োগ করেছেন হাজার হাজার প্রকৌশলী। ভোটগ্রহণ শেষে এ রিপোর্ট লেখা পর্যন্ত ফলাফল প্রস্তুতের কাজ চলছিল।
সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে রাজধানীর রমনায় আইইবি সদর দফতরে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তবে বিকেলের দিকে কয়েকটি কেন্দ্র ও সদর দফতরে অনিয়ম, আচরণবিধি লঙ্ঘন এবং আইনশৃঙ্খলা ও পোলিং দায়িত্বে থাকা স্কাউট সদস্যদের ওপর হামলার অভিযোগে নির্বাচনী আমেজে ব্যাঘাত ঘটে।
আইইবির নির্বাচন কমিটি সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৪ হাজার ১৩১ জন। এর মধ্যে এককভাবে শুধু ঢাকা কেন্দ্রেই ভোটারের সংখ্যা প্রায় ২২ হাজার। ঢাকা কেন্দ্রসহ দেশজুড়ে ভোটারদের সুবিধার্থে ও দীর্ঘ সারি এড়াতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছিল। শুধু রাজধানী ঢাকাতেই বসানো হয়েছিল ছয় শতাধিক আলাদা বুথ।
সংগঠনটির সদস্য প্রকৌশলীরা এবার কাগজের ওএমআর শিটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। প্রবীণ ও নবীন প্রকৌশলীদের মিলনমেলায় পরিণত হয় রমনার সদর দফতর। নিরাপত্তা জোরদারে পুলিশ, আনসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি নির্বাচন পরিচালনায় শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন রোভার স্কাউটের সদস্যরা।
নির্বাচন কমিটির চূড়ান্ত তালিকা অনুযায়ী, এবারের আইইবি নির্বাচনে কেন্দ্রীয় পর্যায়ের মোট ১৮২টি পদের বিপরীতে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৬৫৮ জন প্রার্থী। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রেসিডেন্ট পদের জন্য লড়ছেন তিনজন প্রার্থী। কেন্দ্রীয় কাউন্সিলের ৪০টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪৯ জন প্রার্থী। এর মধ্যে শুধু ঢাকা কেন্দ্রের ২৭টি কাউন্সিলার পদের জন্যই মনোনয়ন রয়েছে ২১৬টি। আইইবির সাতটি প্রকৌশল বিভাগ এবং ‘উইমেন ও ইয়াং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার’-এর ১৩২টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৮০ জন প্রার্থী। কেন্দ্রীয় পদের পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন কেন্দ্র ও উপকেন্দ্রের স্থানীয় কমিটি এবং ঢাকা ও চট্টগ্রামের ‘ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার’-এর নির্বাহী কমিটির নির্বাচনও একই সাথে অনুষ্ঠিত হয়েছে।
এদিকে প্রতিদ্বন্দ্বী প্যানেলের প্রার্থীরা অভিযোগ করেন, ভোটকেন্দ্রে নিয়ম অনুযায়ী পোলিং অফিসারদের মাধ্যমেই ব্যালট পেপার সরবরাহের কথা থাকলেও অভিযোগ উঠে হলুদ প্যানেলের প্রতিনিধিরা নিজেরাই ভোটারদের হাতে ব্যালট তুলে দেন। অনিয়ম ও বিশৃঙ্খলা ঠেকাতে গেলে স্কাউট সদস্যরা লাঞ্ছিত ও হামলার শিকার হন। এ ছাড়া কেন্দ্রের ভেতরে ও আশপাশের এলাকায় ভোটারদের প্রভাবিত করতে উপহারসামগ্রী বিতরণের অভিযোগও তোলেন কয়েকটি প্রতিদ্বন্দ্বী প্যানেলের প্রার্থীরা। এসব ঘটনার বিষয়ে নির্বাচন কমিশনের কাছে একাধিক মৌখিক ও লিখিত অভিযোগ জানিয়ে অবিলম্বে কার্যকর হস্তক্ষেপের দাবি জানানো হয়। তবে স্কাউট সদস্যদের লাঞ্ছনা ও অনিয়মের অভিযোগের বিষয়ে হলুদ প্যানেলের দায়িত্বশীল নেতা কিংবা আইইবি নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নির্বাচনী তফসিল ও কেন্দ্রীয় নির্বাচন কমিটির নিয়ম অনুযায়ী, দেশের ১৮টি কেন্দ্র ও ৩৫টি উপকেন্দ্র থেকে ওএমআর শিট এবং ভোট গণনার ফলাফল কেন্দ্রীয়ভাবে সঙ্কলন করা হবে। আগামী ১৯ নভেম্বরের মধ্যে কেন্দ্রীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান নির্বাচনের চূড়ান্ত ফলাফল সংগঠনের সাধারণ সম্পাদকের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন।
চট্টগ্রামে ভোট পড়েছে প্রায় ৬০ শতাংশ
চট্টগ্রাম ব্যুরো জানায়, প্রায় ১৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের নির্বাচন। গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই বিপুল সংখ্যক প্রকৌশলী দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজেদের পছন্দের নেতৃত্ব নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেণ। নির্বাচনে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের তিন হাজার ৩৪৫ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন প্রায় দুই হাজার প্রকৌশলী ভোটার, যা শতকরা হিসেবে প্রায় ৬০ শতাংশ। এবারের নির্বাচনে তরুণ প্রকৌশলীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
গতকাল সরেজমিন দেখা যায়, ভোটারদের উপচেপড়া ভিড়। প্রার্থীরা ব্যক্তিগতভাবে ভোটারদের সাথে সাক্ষাতের চেষ্টা করছেন। আবার উল্লেখযোগ্য সংখ্যক প্রকৌশলীকে ভোট দেয়ার পাশাপাশি আড্ডায় মেতে থাকতে দেখা যায়। এ সময় নির্বাচন কমিটির পক্ষ থেকে আয়োজন করা চা ও ড্রাইকেক গ্রহণেও মত্ত ছিলেন প্রায় সবাইই। নির্বাচনের পরিবেশ ছিল উৎসবে মাতোয়ারা কিন্তু কোনো ধরনের ঝামেলাবিহীন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রকৌশলী সংগঠনের সদস্যদেরও নির্বিঘেœ ভোট দিতে দেখা গেছে। ২০১৩ সালের পর এবারই উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হলো বলে জানিয়েছেন একাধিক ভোটার।
নির্বাচনে বিএনপিপন্থী অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) প্যানেল থেকে সেন্ট্রাল কাউন্সিল মেম্বারে প্রতিদ্বন্ধিতাকারী চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও এ্যাব চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী সেলিম মো: জানে আলম নয়া দিগন্তকে বলেন, আমরা শতভাগ সফল, কারণ আমরা নির্বাচনী প্রথা ফিরিয়ে আনতে পেরেছি দীর্ঘ বছর পরে হলেও। নির্বাচনে যে জিতল না জিতল সেটার চাইতে নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনতে পারাটাই বিরাট ব্যাপার।
বিরোধী দল জামায়াতের সমর্থনপুষ্ট হিসেবে পরিচিত ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স প্যানেল থেকে চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী মানজারে খোরশেদ আলম (কেন্দ্রের বর্তমান চেয়ারম্যান) গতকাল বিকেলে নয়া দিগন্তকে বলেন, নির্বাচনের পরিবেশ বেশ ভালো। দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে আইইবি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায়। তিনি নির্বাচনে ভালো ফলের ব্যাপারে আশাবাদী বলে জানান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








