শেখ হাসিনা, বাংলাদেশ, ভারত, দিল্লি, ঢাকা, কূটনৈতিক, ক্ষমাতচ্যুত
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংগৃহীত

বিশেষ সংবাদদাতা

Advertisement

শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণা ঘিরে ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন কূটনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেয়ার পর দুই বছরের বেশি সময় পেরিয়ে গেছে। এর মধ্যে বাংলাদেশের আদালতে তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। বাংলাদেশ সরকার তাকে ফেরত চেয়ে ভারতের কাছে একাধিকবার আনুষ্ঠানিক আবেদন জানালেও দিল্লি এখন পর্যন্ত প্রত্যর্পণের বিষয়ে ইতিবাচক বা নেতিবাচক কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।


বিবিসি বাংলার দিল্লিভিত্তিক সাংবাদিক শুভজ্যোতি ঘোষের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, শেখ হাসিনার ডিসেম্বর মাসে দেশে ফেরার ঘোষণার পেছনে ভারতের প্রচ্ছন্ন সম্মতি রয়েছে। অর্থাৎ বিষয়টি কেবল শেখ হাসিনার ব্যক্তিগত রাজনৈতিক আকাক্সক্ষা নয়; দিল্লির সাথে আলোচনার ভিত্তিতেই এ ঘোষণা এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এটি ভারত সরকারের আনুষ্ঠানিক বক্তব্য নয়; দিল্লির সরকারি ও সামরিন সূত্রের বরাতে পাওয়া সাংবাদিকতাভিত্তিক তথ্য।


প্রত্যাবর্তনে ভারতের স্বার্থ কোথায়?
দিল্লির জন্য শেখ হাসিনার দীর্ঘদিনের অবস্থান ক্রমেই কূটনৈতিক অস্বস্তির কারণ হয়ে উঠেছে। বাংলাদেশে তার বিরুদ্ধে গুরুতর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ও মৃত্যুদণ্ডের রায় রয়েছে। ফলে তাকে আশ্রয় দেয়ার কারণে আন্তর্জাতিক পরিসরেও ভারতকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। একই সাথে বাংলাদেশের নতুন সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রেও বিষয়টি বড় বাধা।


ভারতের প্রথম পছন্দ ছিল শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানো। কিন্তু সেই প্রচেষ্টা সফল না হওয়ায় এখন বাংলাদেশে তার প্রত্যাবর্তনকে সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।


এখানে ভারতের আরেকটি গুরুত্বপূর্ণ স্বার্থ রয়েছে-বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ। রাজনৈতিক পুনর্বাসনের সম্ভাবনা তৈরি করতে শেখ হাসিনার দেশে ফেরা দিল্লির কাছে গুরুত্বপূর্ণ বলে প্রতিবেদনে ইঙ্গিত দেয়া হয়েছে।


প্রত্যর্পণ চুক্তি এড়িয়ে বিকল্প পথ
বাংলাদেশ ২০২৪ সালের ডিসেম্বরেই কূটনৈতিক নোটের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত চেয়েছিল। কিন্তু ভারত বৃদ্ধি প্রত্যর্পণ চুক্তির আওতায় সেই অনুরোধের নিষ্পত্তি করেনি।


দিল্লির বিবেচনায় শেখ হাসিনা কেবল একজন সাবেক প্রধানমন্ত্রী নন; তিনি ভারতের দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র। তাকে বন্দী হিসেবে বাংলাদেশের হাতে তুলে দিলে নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপসহ প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক নেতৃত্বের কাছে ভারতের নির্ভরযোগ্যতা নিয়ে নেতিবাচক বার্তা যেতে পারে।


এ কারণে প্রত্যর্পণ প্রক্রিয়ার পরিবর্তে সম্মতিভিত্তিক প্রত্যাবর্তনের পথ খুঁজছে ভারত বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এতে দিল্লি এক দিকে তার মিত্রকে সরাসরি প্রত্যর্পণের দায় এড়াতে পারবে, অন্য দিকে বাংলাদেশের ও সাথে সম্পর্কের জটিলতাও কমানোর সুযোগ পাবে।


দিল্লির দু’টি শর্ত
প্রতিবেদনে ভারতীয় কর্মকর্তাদের বরাতে শেখ হাসিনার প্রত্যাবর্তনের ক্ষেত্রে দু’টি শর্তের কথা বলা হয়েছে।

প্রথমত, তার নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে হবে। ২০২৪ সালের আগস্টে বাংলাদেশের সামরিক বিমানে তিনি ভারতে পৌঁছেছিলেন। এবারো তাকে ফিরিয়ে নেয়ার ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর সরাসরি ভূমিকা চায় দিল্লি। আকাশপথে সামরিক বিমান পাঠানো কিংবা স্থলসীমান্তের নির্ধারিত স্থানে তাকে গ্রহণ করার মতো ব্যবস্থার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


দ্বিতীয়ত, বাংলাদেশে ফিরে তিনি যেন মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল এবং নতুন করে বিচারিক প্রক্রিয়ায় অংশ নেয়ার সুযোগ পান, সেই নিশ্চয়তা চায় ভারত। বিশেষ করে জুলাই-আগস্টের সহিংসতা ও গণহত্যার অভিযোগে বিচারপ্রক্রিয়া আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায় থাকার বিষয়টিও দিল্লির বিবেচনায় রয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।


তবে এ ধরনের শর্ত বাংলাদেশের বিচারিক সার্বভৌমত্বে হস্তক্ষেপের প্রশ্ন তৈরি করতে পারে। কোনো বিদেশী রাষ্ট্রের চাপে বাংলাদেশের আদালতের রায় বা বিচারপ্রক্রিয়া পরিবর্তনের উদ্যোগ রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্ক সৃষ্টি করবে।


সেনাবাহিনীর ভূমিকা কেন গুরুত্বপূর্ণ?
শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাব্য প্রক্রিয়ায় দুই দেশের সেনাবাহিনীর যোগাযোগকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ভারত। প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের দিল্লি সফরের সময় ভারতের সেনাপ্রধানের সাথে বৈঠকও এ প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ ছিল।


গত দুই বছরে রাজনৈতিক সম্পর্কের অবনতি হলেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগ অব্যাহত থাকার বিষয়টি দিল্লির জন্য গুরুত্বপূর্ণ। ভারত চাইছে, শেখ হাসিনা দেশে ফিরলে তার নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশের সেনাবাহিনী গ্রহণ করুক।


এখানে একটি মৌলিক প্রশ্ন রয়েছে। একজন সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব হলেও তার প্রত্যাবর্তনকে সামরিক বাহিনীর বিশেষ ব্যবস্থার ওপর নির্ভরশীল করা হলে তা বাংলাদেশের রাজনৈতিক ও বেসামরিক কর্তৃত্বের প্রশ্ন তৈরি করতে পারে।


ডিসেম্বরে ফেরা কি সম্ভব?
দিল্লির কর্মকর্তাদের ধারণা, বাংলাদেশ সরকার প্রকাশ্যে প্রত্যাবর্তনের বিষয়ে কথা বললেও বাস্তবে শেখ হাসিনার ফিরে আসা নিয়ে রাজনৈতিক অস্বস্তিতে রয়েছে। জ্বালানি সঙ্কট, শ্রমিক অসন্তোষ, অর্থনৈতিক চাপ ও রাজনৈতিক স্থিতিশীলতার চ্যালেঞ্জের মধ্যে তার প্রত্যাবর্তন নতুন অস্থিরতা তৈরি করতে পারে এমন ধারণার কথাও প্রতিবেদনে উঠে এসেছে। তবে এ বিষয়ে দিল্লির মূল্যায়নকে বাংলাদেশের সরকারের প্রকৃত অবস্থানের চূড়ান্ত প্রমাণ হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।


ভারতের কৌশলগত লাভ-ক্ষতি
শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণা বাস্তবায়িত না হলেও ভারত কিছু রাজনৈতিক সুবিধা পেতে পারে। দিল্লি তখন বলতে পারবে, শেখ হাসিনা নিজেই দেশে ফিরতে চেয়েছিলেন; কিন্তু বাংলাদেশ সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি। একই সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে প্রত্যাবর্তনের প্রত্যাশা ও রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে।


অর্থাৎ প্রত্যাবর্তন সফল হলে ভারত তার দীর্ঘদিনের মিত্রকে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার সুযোগ পাবে। আর ব্যর্থ হলেও বিষয়টি ব্যবহার করে ঢাকার ওপর রাজনৈতিক ও কূটনৈতিক চাপ তৈরির সুযোগ থাকবে।


সব মিলিয়ে শেখ হাসিনার দেশে ফেরার প্রশ্নটি এখন আর কেবল একজন সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তনের বিষয় নয়। এর সাথে জড়িয়ে গেছে বাংলাদেশের বিচারিক স্বাধীনতা, সেনাবাহিনীর ভূমিকা, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ এবং ভারত- বাংলাদেশ সম্পর্কের নতুন বিন্যাস।


তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাংলাদেশের জনগণের ন্যায়বিচারের আকাক্সক্ষা এবং দেশের সাংবিধানিক ও বিচারিক প্রক্রিয়াকে পাশ কাটিয়ে কোনো প্রত্যাবর্তন সমঝোতা টেকসই হবে না। দিল্লির কৌশলগত স্বার্থ কিংবা ঢাকার রাজনৈতিক হিসাব। কোনোটিই বাংলাদেশের বিচারিক সার্বভৌমত্বের বিকল্প হতে পারে না।