
নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
গতকাল বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ নিন্দা জানান।
পোস্টে শফিকুর রহমান বলেন, বুধবার রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ হামলা কাপুরুষোচিত। হামলায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। তিনি আরো বলেন, সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত উচ্চমূল্যে দিতে হবে। এ ঘটনায় নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।
এদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে তিনি বলেন, গত ১১ নভেম্বর রাত ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে তার বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একজন সংসদ সদস্যের গ্রামের বাড়িতে এ ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক, কাপুরুষোচিত ও উদ্বেগজনক। রাজনৈতিক মতপার্থক্য কখনোই সহিংসতা বা অগ্নিসংযোগের অজুহাত হতে পারে না।
তিনি বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। একই সাথে নুসরাত তাবাসসুম জ্যোতি ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








