
চট্টগ্রাম ব্যুরো
পুলিশের অভ্যন্তরীণ ও সংবেদনশীল তথ্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাছে সরবরাহের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ রেঞ্জ ফোর্সের (আরআরএফ) উপ-অধিনায়ক (এসপি) মো: জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত ও সরকারি দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ফরেনসিক পরীক্ষার জন্য ফোন দু’টি ঢাকায় পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী।
সূত্রের দাবি, গত মঙ্গলবার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো: আবদুল কুদ্দুস চৌধুরী জাহাঙ্গীর আলমকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিকভাবে তথ্য ফাঁসের কিছু আলামত পাওয়ার পর তার ফোন দু’টি পরীক্ষা করে জব্দ করা হয়। বুধবার রাতে এ তথ্য জানাজানি হয়।
অভিযোগের তদন্তে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সাফিজুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি তদন্ত করে প্রতিবেদন জমা দেবেন।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী বলেন, প্রশাসনিক কিছু বিষয়ে তাকে ডাকা হয়েছিল। বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত চলমান থাকায় এ পর্যায়ে বিস্তারিত বলা সমীচীন হবে না।
অতিরিক্ত ডিআইজি সাফিজুল ইসলাম জানান, মোবাইল ফোন দু’টি ঢাকায় স্পেশাল ব্রাঞ্চে (এসবি) ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কোনো ধরনের বার্তা আদান-প্রদানের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রতিবেদন দেয়া হবে।
রেঞ্জ পুলিশের একাধিক সূত্রের বরাতে জানা গেছে, জাহাঙ্গীর আলমের মোবাইল ফোনে আওয়ামী লীগের সাথে যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। ফোন দু’টি জব্দ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
জাহাঙ্গীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন। বর্তমানে তিনি আরআরএফ কার্যালয়ে দায়িত্ব পালন করছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








