প্রান্তিক জনগোষ্ঠীর জন্য দেড় হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম

বিশেষ সংবাদদাতা 

Advertisement

প্রান্তিক জনগোষ্ঠী, ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, ক্ষুদ্র উদ্যোক্তা, শিক্ষার্থী ও প্রবাসী আয়ের সুবিধাভোগী পরিবারের সদস্যদের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এক হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় এ স্কিমের আওতায় গ্রাহক পর্যায়ে ঋণের সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে কোনো সম্পদ বন্ধক বা জামানত নেয়া যাবে না। একজন গ্রাহক সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। 
সার্কুলার অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে এ স্কিমের জন্য এক হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তহবিলটি আবর্তনশীল পদ্ধতিতে পরিচালিত হবে। সার্কুলার জারির তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর পর্যন্ত স্কিমটি কার্যকর থাকবে। 
নতুন নীতিমালা অনুযায়ী ক্ষুদ্র ও অতিক্ষুদ্র উদ্যোক্তা এবং বিভিন্ন বৈধ আয়বর্ধক পেশায় নিয়োজিত ব্যক্তিরা এ ঋণ সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছেন জেলে, তাঁতি, কামার, কুমার, দর্জি, হকার, ফেরিওয়ালা, রিকশা ও ভ্যানচালক, মিস্ত্রি, প্লাম্বার, ক্ষুদ্র ব্যবসায়ী, মুদি দোকানি, চা বিক্রেতা, সবজি ও ফল বিক্রেতা, পশুপালক, মৎস্যচাষি, নার্সারি উদ্যোক্তা, হস্তশিল্পী, ব্লক-বাটিক ও কুটিরশিল্প উদ্যোক্তা এবং ফ্রিল্যান্সাররা। এ ছাড়া প্রশিক্ষণপ্রাপ্ত বিভিন্ন পেশার উদ্যোক্তারাও এ সুবিধার আওতায় আসবেন। 
স্কিমটিতে নারীদের জন্য বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। প্রান্তিক নারী এবং অতিক্ষুদ্র ও ক্ষুদ্র নারী উদ্যোক্তারা যেকোনো আয়বর্ধক কর্মকাণ্ডে অগ্রাধিকার ভিত্তিতে ঋণ পাবেন। মোট বিতরণ করা ঋণের অন্তত ২৫ শতাংশ নারী গ্রাহক ও উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করতে হবে। কৃষকদের ক্ষেত্রেও বিশেষ সুবিধা রাখা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা ২০২৫’ অনুযায়ী স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকরা ১০ টাকার ব্যাংক হিসাব খুলে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। তবে স্মার্ট কার্ড নেই- এমন প্রান্তিক ও ভূমিহীন কৃষকরা যাতে ঋণ সুবিধা থেকে বঞ্চিত না হন, সে বিষয়েও ব্যাংকগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।
প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী, নিম্ন আয়ের পেশাজীবী, উপকূলীয়, চর ও হাওর অঞ্চলের বাসিন্দা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের ঋণ প্রদানে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। একইভাবে রেমিট্যান্স প্রেরণকারী ও সুবিধাভোগী এবং বিদেশ থেকে দেশে ফিরে আসা প্রবাসী শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরাও এ ঋণ সুবিধা পাবেন। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের গ্রাহকদেরও অগ্রাধিকার দেয়ার নির্দেশনা রয়েছে। 
শিক্ষার্থীদের জন্যও নতুন নীতিমালায় ঋণের সুযোগ রাখা হয়েছে। ২৫ বছর বয়স পর্যন্ত সুবিধাবঞ্চিত ও অসচ্ছল শিক্ষার্থীরা বৃত্তিমূলক, কারিগরি ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন প্রশিক্ষণের জন্য অভিভাবকের পরিশোধের নিশ্চয়তার ভিত্তিতে ঋণ নিতে পারবেন। ১৮ বছর অতিক্রম করার পর শিক্ষার্থীরা আয়বর্ধক কর্মকাণ্ড, প্রশিক্ষণলব্ধ দক্ষতাভিত্তিক পেশা ও ব্যবসা পরিচালনার জন্য ঋণ পাবেন। এ ছাড়া এমবিবিএস, বিডিএস, প্রকৌশলসহ উচ্চশিক্ষার ব্যয় নির্বাহ এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কেনার জন্যও অভিভাবকের পরিশোধের নিশ্চয়তায় ঋণ দেয়ার সুযোগ রাখা হয়েছে। ঋণের সীমা নির্ধারণ করে দেয়া হয়েছে গ্রাহক ও ঋণের ধরন অনুযায়ী। একজন ক্ষুদ্র বা অতিক্ষুদ্র উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। অন্য দিকে দুই থেকে পাঁচ সদস্যের একটি দল গঠন করে দলগত ঋণ নেয়া যাবে। এ ক্ষেত্রে সদস্যপ্রতি সর্বোচ্চ আট লাখ টাকা এবং পুরো দলের জন্য সর্বোচ্চ ৪০ লাখ টাকা ঋণ দেয়ার সুযোগ থাকবে। দলগত ঋণের ক্ষেত্রে প্রত্যেক সদস্য ব্যক্তিগত ও যৌথভাবে ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকবেন। 
সার্কুলারে ঋণের সুদের ক্ষেত্রেও নির্দিষ্ট সীমা বেঁধে দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক অর্থায়নকারী ব্যাংকগুলোর অনুকূলে বার্ষিক ১ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন করবে। আর গ্রাহকপর্যায়ে ব্যাংকগুলো সর্বোচ্চ ৭ শতাংশ সুদ নিতে পারবে। ঋণের বকেয়া বা ক্রমহ্রাসমান স্থিতির ওপর সুদ আরোপ করতে হবে। জামানতের ক্ষেত্রে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ সম্পূর্ণ জামানতবিহীন থাকবে। তবে ঋণগ্রহীতাসহ সর্বোচ্চ দুই ব্যক্তির ব্যক্তিগত গ্যারান্টি নেয়া যাবে। পাঁচ লাখ টাকার বেশি ঋণের ক্ষেত্রে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে যৌক্তিক সহায়ক জামানত নেয়ার সুযোগ রয়েছে। ২৫ হাজার টাকা বা তার বেশি ঋণের ক্ষেত্রে ব্যাংক নিজস্ব বিবেচনায় ক্রেডিট গ্যারান্টি স্কিমের সুবিধাও নিতে পারবে। 
ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ পাঁচ বছর বা ৬০ মাস। উভয় পর্যায়ে সর্বোচ্চ ছয় মাস গ্রেস পিরিয়ড দেয়ার সুযোগ থাকবে। গ্রেস পিরিয়ড শেষে ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক বা বার্ষিক কিস্তিতে ঋণের অর্থ আদায় করতে পারবে। তবে ঋণখেলাপিরা এ স্কিমের আওতায় ঋণ পাবেন না। একই সাথে সরকারি বা বাংলাদেশ ব্যাংকের অন্য কোনো পুনঃঅর্থায়ন কিংবা সুদ ভর্তুকি স্কিমের আওতায় নেয়া ঋণ অসমন্বিত থাকলেও সংশ্লিষ্ট গ্রাহক নতুন ঋণের অযোগ্য হবেন। 
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঋণের যথাযথ ব্যবহার, বিতরণ ও আদায় নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নিয়মিত তদারকি করতে হবে। প্রতি ত্রৈমাসিক শেষে পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে নির্ধারিত ছকে বাংলাদেশ ব্যাংকে প্রতিবেদন জমা দিতে হবে। নতুন নির্দেশনার মাধ্যমে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আয়বর্ধক কর্মকাণ্ড সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিক অন্তর্ভুক্তি জোরদার হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।