ঋণ নয়, জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত অনুদান প্রয়োজন

মোহাম্মদ জাফর ইকবাল (আন্তালিয়া) তুরস্ক থেকে 

ঋণ নয়, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত অনুদান প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  গতকাল বৃহস্পতিবার জাতিসঙ্ঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ-৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে তিনি এ কথা বলেন। এ সময়  জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তারেক রহমান কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ক সরকারকে এবং আলোচনাপ্রক্রিয়ায় নেতৃত্ব দেয়ার জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী বলেন, আমরা সবাই জানি, জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে রয়েছে বাংলাদেশ। তবুও বৈশ্বিক গ্রিনহাউজ গ্যাস নির্গমনে আমাদের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। 
এই চ্যালেঞ্জগুলো সত্ত্বেও বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল এবং টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। ‘সবার আগে বাংলাদেশ’- এই দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার বিশ্বাস করে যে, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষা একে অপরের পরিপূরক হিসেবে চলতে হবে। আমাদের শিল্পায়ন ও উন্নয়ন প্রক্রিয়ায় প্রকৃতিকে রক্ষা করতে হবে এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে হবে।
তারেক রহমান তার সরকারের উদ্যোগের বিষয়গুলো তুলে ধরে বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে মেটানোর লক্ষ্য নির্ধারণ করেছে। প্যারিস চুক্তির সাথে সামঞ্জস্য রেখে ‘নেট জিরো’ নির্গমন অর্জনের লক্ষ্যে আমরা এই পদক্ষেপ নিয়েছি। বিশেষ কর প্রণোদনার সহায়তায় আমরা চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করছি। পাশাপাশি, বর্জ্য থেকে জ্বালানি তৈরির উদ্যোগকেও আমরা উৎসাহিত করছি।
বিএনপি সরকারের নেয়া উদ্যোগের কথা তুলে ধরে তিনি  আরো বলেন, বাংলাদেশ সরকার সবুজ শিল্পকে উৎসাহিত করছে, যার মধ্যে রয়েছে প্রায় ৩০০টি লিড-সার্টিফায়েড তৈরী পোশাক কারখানা। সরকার বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থাকে এগিয়ে নিচ্ছে। আমরা পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের প্রসার ঘটাচ্ছি। এছাড়া, আমরা কার্বন ট্রেডিংয়ের জন্য একটি জাতীয় কাঠামোও তৈরি করছি।
সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছে। আমাদের পরিবেশ রক্ষার জন্য, আমরা পদ্মা ব্যারাজ ও তিস্তা ব্যারাজ মাস্টার প্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন করছি, যার উদ্দেশ্য হলো পানি ধরে রাখা, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি করা। এ ছাড়াও, আমরা উপকূলীয় পুনরুদ্ধারকৃত জমিতে ম্যানগ্রোভ পুনরুদ্ধার করছি, যাতে জনগোষ্ঠীকে রক্ষা করা যায় এবং জলবায়ু সহনশীলতা জোরদার করা যায়।
বিশ্বের জলবায়ু অর্থায়ন ব্যবস্থা এখনো অপ্রতুল উল্লেখ করে তারেক রহমান বলেন, এটি উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকারগুলোকে যথাযথভাবে বিবেচনায় নেয় না। জলবায়ু-সংক্রান্ত ক্ষয়ক্ষতি আমাদের অর্থনীতির ওপর বড় ধরনের বোঝা সৃষ্টি করছে। একই সাথে, ক্রমবর্ধমান ঋণ পরিশোধ এবং সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরো কঠিন করে তুলছে।  তিনি বলেন, জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর অনুদান প্রয়োজন, আরো ঋণ নয় যা তাদের ঋণ বাড়িয়ে দেয়। তাদের নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজনের জন্য জোরালো সহায়তারও প্রয়োজন।
‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’- এই নীতির পথ ধরে বাংলাদেশ পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে: 
প্রথমত, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোজনের জন্য বরাদ্দ করা উচিত, সেইসাথে নির্গমন হ্রাসের প্রচেষ্টাকেও সহায়তা করতে হবে।
দ্বিতীয়ত, জলবায়ুঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ (জলবায়ু-সহনশীল ঋণ ধারা) এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’ (জলবায়ু সুরক্ষার বিনিময়ে ঋণ মওকুফ)-সহ জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করা।
তৃতীয়ত, পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করা এবং উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহায়তা করা।
চতুর্থত, সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং একটি ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য শক্তিতে রূপান্তর ত্বরান্বিত করা।
পঞ্চমত, কপ ৩১-এ একটি ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আন্তালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করা, যার মূল ভিত্তি হবে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্য।
আমাদের অবশ্যই এটিও নিশ্চিত করতে হবে যে, নারী ও তরুণরা যেন জলবায়ু কার্যক্রমে অংশ নেয়। আমাদের অবশ্যই মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এবং ১.৫ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্যমাত্রাকে নাগালের মধ্যে রাখতে বৈশ্বিক নির্গমন কমাতে হবে।
বাংলাদেশ একটি সফল কপ-৩১ সম্মেলনের প্রত্যাশা করে। আমরা আশা করি এই সম্মেলন অর্থপূর্ণ, ভারসাম্যপূর্ণ এবং উচ্চাভিলাষী ফলাফল দেবে, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রতি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য। 
আসুন, আমরা আমাদের প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপান্তর করি। আসুন, আমরা বৈশ্বিক সংহতি জোরদার করি এবং একসাথে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি।
জুট প্যাভিলিয়ন পরিদর্শন : তুরস্কের আন্তালিয়ায় জাতিসঙ্ঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনের (কপ-৩১) গ্রিন জোনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী প্যাভিলিয়ন পরিদর্শন করতে আসা যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর সাথেও কথা বলেন। পরিবেশ রক্ষায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।
 বৃহস্পতিবার তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী জুট প্যাভিলিয়নে যান। সেখানে তাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। 
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী প্যাভিলিয়নে প্রদর্শিত বাংলাদেশের বিভিন্ন ধরনের পরিবেশবান্ধব পাটজাত পণ্য দেখেন। এ সময় কপ-৩১ সম্মেলনে অংশ নিতে আসা যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীও প্যাভিলিয়ন পরিদর্শন করছিলেন।
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং বাংলাদেশের পাটজাত পণ্যের বিষয়ে তাদের আগ্রহের কথা জানতে চান। শিক্ষার্থীরা জানান, তারা বাংলাদেশের পরিবেশবান্ধব পাটজাত পণ্য সম্পর্কে আরো জানতে এবং এ বিষয়ে পড়াশোনা করতে আগ্রহী।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, সবাইকে একসাথে কাজ করতে হবে, যাতে পৃথিবীর পরিবেশ রক্ষা করা যায় এবং মানুষ সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকতে পারে।
প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রধানমন্ত্রীকে জানান, সেখানে ব্যাগ, বিভিন্ন ছোট সামগ্রী, জুতা ও ব্লেজারসহ ১২৯ ধরনের পাটজাত পণ্য প্রদর্শন করা হচ্ছে। এসব পণ্য পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সম্ভাবনাময়। তারা আরো জানান, বিভিন্ন দেশের প্রতিনিধিরা প্যাভিলিয়ন পরিদর্শন করে বাংলাদেশের পাটজাত পণ্যের প্রতি আগ্রহ দেখিয়েছেন। তাদের মধ্যে অনেকেই বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানির আগ্রহ প্রকাশ করেছেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সাথে বৈঠক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার তুরস্কের আন্তালিয়ায় জাতিসঙ্ঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) এই সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ সম্প্রসারণ এবং রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে আলবানিজ আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার দেশ সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে অস্ট্রেলিয়া সফরের আশা প্রকাশ করেন। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উন্নয়নশীল ও বিশেষভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সাথে তিনি বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বাড়ানো এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে দেশটির সহযোগিতা কামনা করেন।
জলবায়ু পরিবর্তনসংক্রান্ত আলোচনায় প্রধানমন্ত্রী কপ-৩১-এর চলমান আলোচনা প্রক্রিয়ায় অস্ট্রেলিয়ার নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন।
বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে বিদেশী বিনিয়োগের সুযোগ রয়েছে। এ সময় দুই দেশের প্রধানমন্ত্রী কৃষি খাতের উন্নয়নের বিষয়টি আলোচনায় আনেন।
রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার সহযোগিতা চান। এ লক্ষ্যে দেশটির কূটনৈতিক তৎপরতা আরো জোরদার করার আহ্বান জানান তিনি।প্রধানমন্ত্রী উল্লেখ করেন, রোহিঙ্গা সঙ্কটের উৎপত্তি মিয়ানমারে এবং এর স্থায়ী সমাধানও মিয়ানমারেই নিহিত। বৈঠকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের পরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের উদ্যোগ নিয়েছে সরকার।
এ ছাড়া পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এসব উদ্যোগের মধ্যে দেশব্যাপী ২৫ কোটি গাছ রোপণ এবং খাল খননসহ বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করেন।  
দেশের পথে প্রধানমন্ত্রী : জাতিসঙ্ঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশগ্রহণ শেষে তুরস্কের আন্তালিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার তুরস্কের স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় আন্তালিয়া বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন তিনি।
ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের অপর একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। আন্তালিয়া বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও সিনিয়র রাষ্ট্রদূত সুবুতাই ইউকসেল।
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি আজ শুক্রবার ভোর ৬টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।