
রাশিদুল ইসলাম
সংবিধান বিশেষজ্ঞ ও সুুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আরিফ খান বলেছেন, আওয়ামী লীগের আমলে করা আইনের কারণেই শেখ হাসিনাকে পাসপোর্ট, ভিসা, এনআইডি বা ট্রাভেল পাস কোনো কিছু দিলেই তিনি বাংলাদেশে ঢুকতে পারবেন না। একমাত্র প্রত্যর্পণ চুক্তি অনুসারে তার বাংলাদেশে প্রবেশের সম্ভাবনা আছে। কারণ তিনি মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত। আওয়ামী লীগ শাসনামলেই সংবিধানের প্রথম সংশোধনীতে মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের জন্যে এ অধিকার রহিত করা হয়েছে।
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আরিফ খানের কাছে এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি নয়া দিগন্তকে বলেন, শেখ হাসিনা পাসপোর্টের জন্যে আবেদন করেননি। এ রকম একটা গুরুতর বিষয়ে ই-মেইলের মাধ্যমে আবেদন করা যায় না।
প্রশ্ন : ভারত কি হাসিনার নিরাপত্তার বিবেচনায় তাকে বাংলাদেশে পাঠাতে চাইছে না
আরিফ খান : ভারত শেখ হাসিনাকে তার নিরাপত্তার বিবেচনায় বাংলাদেশে পাঠাতে চাইবে কি চাইবে না তা মুখ্য নয়, বাংলাদেশের বিষয়ে ভারতের নিজস্ব পররাষ্ট্র ও রাজনৈতিক কৌশল আছে এবং ভূরাজনৈতিক কৌশলের স্থান থেকে বিশেষ করে আওয়ামী লীগ ও ভারতের বিজেপি মোদি সরকারের মধ্যে কৌশলগত অবস্থানের কারণেই ভারত হাসিনাকে ফেরত পাঠাতে চাইবে না। এই সব নজিরবিহীন কারণেই ভারতে হাসিনাকে আশ্রয় দেয়া হয়েছে। বরং শেখ হাসিনা যে অপরাধ করেছেন তাকে বিচারের জন্যে বাংলাদেশের হাতে তুলে দেয়াই ভারতের জন্যে স্বাভাবিক ছিল কিন্তু ভারত সে পথে হাঁটেনি।
প্রশ্ন : বলা হচ্ছে সংবিধানের ৩৬ অনুচ্ছেদ অনুযায়ী হাসিনা নাগরিক হিসেবে দেশে ফিরতে পারবেন
আরিফ খান : মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত একজন ব্যক্তি কোনো দেশে সাধারণ নাগরিকের মতো জাস্ট মন চাইল ঢুকে পড়লাম সংবিধানের ৩৬ অনুচ্ছেদ এভাবে কাজ করে না। এটা চমক দেয়ার জন্যে বা আলোচনায় থাকার জন্যে কূটকৌশল হিসেবে খুব ভালো কৌশল। ই-মেইলে হাসিনার পাসপোর্ট বা এনআইডি পুনর্বহালের দাবির পরিবর্তে নতুন করে ইস্যু করার কথা বলা হয়েছে। যেকোনো নাগরিকের পক্ষে বাংলাদেশের সীমানা অতিক্রম করে, অন্য কোনো আন্তর্জাতিক সীমানায় পদার্পণে সুনির্দিষ্ট আইন আছে, নিয়ম আছে। দেশী ও আন্তর্জাতিক আইন আছে এবং ভিসা ও পাসপোর্ট লাগবে। শেখ হাসিনা যেহেতু পালিয়ে, এখানে অসংখ্য খুন করে, সরকার ও দেশকে অরক্ষিত রেখে অন্য রাষ্ট্রে পলাতক হিসেবে আশ্রয় নিয়েছেন ফলে তার ইন্টারন্যাশনাল স্ট্যাটাস শুরু থেকে অবৈধ। ভারতেও তিনি অবৈধ অনুপ্রবেশকারী। ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে সেটা রাজনৈতিক তর্কের বিষয়। ভারতেও অন্য দেশের নাগরিক হিসেবে ভিসা, পাসপোর্ট, ট্রাভেল ডকুমেন্ট নিয়ে যেতে হয়, শেখ হাসিনা কিন্তু সেভাবে যাননি। একজন মানুষ অন্য একটি দেশে হেঁটে, বিমানে বা অন্য কোনো ক্যারিয়ারে গেল সেটা মুখ্য নয়, মুখ্য হচ্ছে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করার এসেনশিয়াল পূর্বশর্ত হিসেবে সে বৈধ পাসপোর্ট ও বৈধ ভিসা থাকতে হবে। হাসিনার ভারতে প্রবেশের বিষয়টি ইটসেল্ফ ইলিগ্যাল। এই রকম স্ট্যাটাসে যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক দণ্ড ঘোষিত আছে, যার বিরুদ্ধে আরো গুরুত্বপূর্ণ মামলার কার্যক্রম চলছে, আন্তর্জাতিক সম্প্রদায়েরও ভারতের ওপর একধরনের চাপ আছে এ রকম একটা মানবতাবিরোধী অপরাধীকে আশ্রয় দেয়ার জন্যে এ রকম পরিস্থিতিতে মানুষের দৃষ্টিভঙ্গী ফেরানোর জন্যে। ডিসেম্বরে আসবেন এমন প্রচারণা এটি একটা স্টান্টবাজি।
প্রশ্ন : মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারে তো ব্যাপক আলোচনা চলছে...
আরিফ খান : শেখ হাসিনাকে পাসপোর্ট, এনআইডি বা ভিসা দেয়ার ব্যাপারে এমনভাবে আলোচনা করা হয় যেন এক সাধারণ নাগরিক অন্য দেশে আটক আছেন তিনি বাংলাদেশে প্রবেশ করবেন। নো; শেখ হাসিনা কোনো সাধারণ ব্যক্তি নন। সাবেক প্রধানমন্ত্রী এবং তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের গুরুতর বিচারকাজ চলমান আছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটি মামলায় ফাঁসির দণ্ড পেয়েছেন। এ রকম এক মানবতাবিরোধী ব্যক্তি কোনো দেশে সাধারণ নাগরিকের মতো মন চাইলে ঢুকে পড়লাম এটা এভাবে কাজ করে না। সাংবিধানিক অধিকারের বিষয়টি তার ক্ষেত্রে ব্যতিক্রম। শেখ হাসিনার বাংলাদেশে প্রবেশের ব্যাপারে সংবিধানের এই অনুচ্ছেদটি মুখ্যভাবে জড়িত। আর্টিকেল থার্টি সিক্স অনুসারে বাংলাদেশের প্রত্যেক সাধারণ নাগরিকের দেশে ফেরা বা বাইরে যাওয়ার অধিকার আছে। কিন্তু নাগরিকদের মধ্যে যে অপরাধী তার আর্টিকেল সিক্সের সেই অধিকার নাই। এই অধিকারকে কোয়ালিফাই করা হয়েছে পাসপোর্ট আইনে ১৯৭৩ সালে। এ আইনে কোনো অপরাধী, দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট না দেয়া বা অধিকার সীমিত করার ক্ষমতা রাষ্ট্রের রয়েছে। শেখ হাসিনা থার্টি সিক্সের সুবিধা পাসপোর্ট অর্ডারেই যে শুধু পাবেন না তার চেয়েও বড় কারণ হচ্ছে আওয়ামী লীগেরই একটা আইনের কারণে। বাহাত্তরের সংবিধানে প্রথম যে সংশোধনী আনা হয় যেখানে বলা হয়েছে মানবতাবিরোধী অপরাধে, যুদ্ধাপরাধে এবং অন্যান্য আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত ও দণ্ডিত ব্যক্তিদের ক্ষেত্রে মৌলিক অধিকার প্রযোজ্য নয়। এখানেই শেখ হাসিনা ধরা খাবেন। আর্টিকেল থার্টি সিক্স হচ্ছে মৌলিক অধিকার। দণ্ডিত অপরাধীর ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। সংবিধানেই এই এক্সেসেপশন ৪৭ এর ৩ ও ৪৭ ক অনুচ্ছেদে আওয়ামী লীগের আমলে এই পরিবর্তন করা হয়েছে। এই কারণেই শেখ হাসিনা বাংলাদেশে সাধারণ বা স্বাভাবিক নাগরিক এমনকি ট্রাভেলপাস, এনআইডি বা পাসপোর্ট দিলেও ঢুকতে পারবেন না। তার মতো দাগী এবং খুবই হাইপ্রোফাইল অপরাধীকে বাংলাদেশে ঢুকতে হলে ভারতের সাথে যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে সেটাই একমাত্র খোলা রাস্তা, এ ছাড়া কোনো দ্বিতীয় উপায় নাই।
প্রশ্ন : ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি তো আছে
আরিফ খান : প্রত্যর্পণ চুক্তি অনুসারে ভারত থেকে বাংলাদেশে এবং বাংলাদেশ থেকে ভারতে অপরাধীকে ফেরত দেয়ার নজির আছে। কিছু কূটনৈতিক ব্যবস্থাপনার মধ্য দিয়েও হয়েছে। আইনি কাঠামোর অধীনেই অনুপ চেটিয়াকে বাংলাদেশ ভারতের হাতে তুলে দিয়েছে। কোলকাতায় পলাতক নারায়ণগঞ্জে সেভেন মার্ডার মামলার আসামি নূর হোসেনকে বাংলাদেশের হাতে তুলে দিয়েছে ভারত। শেখ মুজিবুর রহমানের হত্যা মামলায় দণ্ডিত আসামিকে কিছুটা গোপনে ভারত বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। প্রত্যার্পণ চুক্তির অধীনেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব। কারণ পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস দেয়া হলেও স্বেচ্ছায় তিনি প্রত্যর্পণ চুক্তি ছাড়া দেশে ঢুকতে পারবেন না। গণমাধ্যমে যে আলোচনা চলছে সেই মূল তর্ক পাসপোর্ট বা এনআইডি থাকার সাথে একদমই জড়িত না। এমন একজন ব্যক্তির বিষয়ে কথা বলছি যিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, যিনি খুন হত্যা রাহাজানি করে পালিয়ে গেছেন, মানবতাবিরোধী অপরাধে একটি প্রতিষ্ঠিত আদালতে দণ্ডিত, সেই আদালত তাদেরই সময়ে গঠিত বা ফাংশনাল হয়েছে, এ আদালত যে আইনে চলে সেই আইন ১৯৭৩ সালে আওয়ামী লীগই করেছিল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








