কুষ্টিয়ায় পেট্রলবোমার আগুনে পুড়ল এমপি নুসরাতের বাড়ি
কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তদের আগুনে ক্ষতিগ্রস্ত এমপি নুসরাতের বাড়ি : নয়া দিগন্ত।

আ ফ ম নুুরুল কাদের কুষ্টিয়া

Advertisement

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে গভীর রাতে পেট্রলবোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা বাড়ি লক্ষ্য করে পরপর চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। বাড়িতে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজেও অগ্নিসংযোগের একাধিক দৃশ্য ধরা পড়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। আগুনে টিনশেডের আট কক্ষের পাঁচটি পুড়ে গেছে। মারা গেছে দু’টি ছাগল। আহত হয়েছেন পরিবারের কয়েকজন সদস্য। 
বুধবার রাত ১২টার কিছু পর দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সময় সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ঢাকায় অবস্থান করছিলেন। খবর পেয়ে তিনি রাতেই কুষ্টিয়ার গ্রামের বাড়িতে ছুটে আসেন। বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং ক্ষতিগ্রস্ত বাড়ি ও সিসিটিভি ফুটেজের বিষয়ে সাংবাদিকদের কাছে ঘটনার বিবরণ তুলে ধরেন। 
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, রাতের নীরবতা ভেঙে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা রাস্তা থেকে বাড়ি লক্ষ্য করে পরপর চারটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এর মধ্যে দু’টি টিনের চালের ওপর, একটি গবাদিপশু রাখার শেডে এবং অন্যটি বাড়ির উঠানে পড়ে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। সিসিটিভি ফুটেজে পরপর চার দফা অগ্নিসংযোগের দৃশ্য দেখা গেছে বলে দাবি পরিবারের। তবে ফুটেজে হামলাকারীদের পরিচয় স্পষ্ট হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। 
আগুন লাগার পর বাড়ির লোকজনের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। স্থানীয়রা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নেভানোর কাজ শেষ হয়। আগুনে টিনশেডের আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে যায়। দু’টি ছাগল পুড়ে মারা যায়। তবে পাশে থাকা তিনতলা মূল ভবনে আগুন ছড়ায়নি। সেখানে সংসদ সদস্যের পরিবারের সদস্যরা বসবাস করেন বলে জানা যায়। ঘটনার সময় বাড়িতে নুসরাতের বাবা-মা, আত্মীয়স্বজন ও পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের কয়েকজন আহত হয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে ক্ষয়ক্ষতি ও আহতদের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত তথ্য নিশ্চিত করা হয়নি। 
ঘটনার আগে হুমকির ফোন : সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে নুসরাত তাবাসসুম জানান, অগ্নিসংযোগের ঘটনাটি তাকে ভয় দেখানো কিংবা মানসিকভাবে চাপে ফেলার উদ্দেশ্যে করা হয়ে থাকতে পারে। এর আগে ২৮ অক্টোবর তাকে ফোন করে হুমকি দেয়ার ঘটনাও ঘটেছে বলে জানান তিনি। নুসরাত বলেন, ‘সম্ভবত আমাকে ভয় দেখানো কিংবা মানসিকভাবে চাপে ফেলার উদ্দেশ্যে করা হচ্ছে। এটি একধরনের ভয়ভীতি প্রদর্শনের প্রক্রিয়া। এর মাধ্যমে আমাদের দুর্বল করে দেয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের ভয় পাইয়ে দেয়া যাবে না কিংবা মানসিকভাবে বিপর্যস্ত করা যাবে না।’ 
তিনি আরো জানান, গত ২৮ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে একটি নম্বর থেকে তার কাছে ফোন আসে। এর আগে-পরে আরো কয়েকটি ফোনকল আসে। পরে গত রোববার তিনি পুরো বিষয়টি জানতে পারেন। আগের এসব ফোনকল এবং বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 
সন্দেহের তীর রাজনৈতিক প্রতিপক্ষের দিকে : কারা এ ঘটনা ঘটিয়েছে বলে মনে করছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নুসরাত রাজনৈতিক প্রতিপক্ষের সংশ্লিষ্টতার সন্দেহ প্রকাশ করেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক সন্ত্রাসীদের কাজ। কিন্তু আমি নিরাপত্তা নিয়ে শঙ্কিত ও আতঙ্কিত। এখন হয়ত পুলিশি নিরাপত্তা কিছুদিন পাব কিন্তু এর পর কি হবে? আর সাধারণ জনগণের কি অবস্থা হবে? এর আগে বৃহস্পতিবার রাত ১টা ২মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টেও বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ করেন তিনি। পোস্টে লেখেন, ‘বাড়িতে পেট্রলবোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’
ঘটনাস্থলে উত্তেজনা, তদন্তের অপেক্ষায় পরিবার : ঘটনার পর বাগোয়ান গ্রাম ও আশপাশের এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত বাড়িতে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম অবস্থান করছেন বলে জানা গেছে। পরিবারের সদস্যরা সিসিটিভি ফুটেজসহ ঘটনার বিভিন্ন তথ্য সামনে এনে জড়িতদের শনাক্ত করার দাবি জানিয়েছেন। 
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমানের জানান, আগুন লাগা ঘরটি গবাদিপশু রাখার শেড হিসেবে ব্যবহৃত হতো। প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করেন এবং পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। আগুন লাগার প্রকৃত কারণ ও ঘটনার সাথে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হতে হবে। পেট্রলবোমা ব্যবহারের অভিযোগও তদন্তসাপেক্ষ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি। তবে পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
বিভিন্ন মহলের নিন্দা ও প্রতিবাদ : একজন সংসদ সদস্যের গ্রামের বাড়িতে এ ধরনের অগ্নিসংযোগের অভিযোগ ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। বিভিন্ন মহল থেকে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয়া হয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।