
ক্রীড়া ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনে ব্যাট হাতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। শুরুতে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়লেও দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিতে শুরু করেছে সফরকারীরা। দিন শেষে সেঞ্চুরি করে অপরাজিত রয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা ও কুশল মেন্ডিস। দু’জনের অবিচ্ছিন্ন জুটিতে পাকিস্তানের বড় সংগ্রহের জবাবে শক্ত অবস্থান তৈরি করেছে লঙ্কানরা।
রাওয়ালপিন্ডিতে প্রথম ইনিংসে আগে ব্যাট করে ৯ উইকেটে ৪৩৪ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। জবাবে দ্বিতীয় দিনের খেলা শেষে তিন উইকেটে ১১৪ রান সংগ্রহ করেছিল শ্রীলঙ্কা। তৃতীয় দিনে সেই অবস্থান থেকে ব্যাটিংয়ে নেমে শুরুতে আরো একটি উইকেট হারায় তারা। কামিন্দু মেন্ডিস ৫৮ রান করে মোহাম্মদ আব্বাসের শিকার হন। এরপরই দলের হাল ধরেন ডি সিলভা ও অধিনায়ক কুশল মেন্ডিস।
দু’জন মিলে পাকিস্তানের বোলারদের ওপর পাল্টা আক্রমণ চালান। এক দিকে ধৈর্য ধরে উইকেটে টিকে থেকে রান বাড়িয়েছেন ডি সিলভা, অন্য দিকে দারুণ সঙ্গ দিয়েছেন কুশল মেন্ডিস। সময় গড়ানোর সাথে সাথে ব্যাটিংয়ে আরো আত্মবিশ্বাসী হয়ে উঠেন তারা। পাকিস্তানের বোলাররা একের পর এক চেষ্টা করেও এই জুটি ভাঙতে পারেননি। ১৫১ বল মোকাবেলাই সেঞ্চুরি পূর্ণ করেন ডি সিলভা। এটি তার ক্যারিয়ারে ১৪তম টেস্ট সেঞ্চুরি। এরপর সেঞ্চুরি পূর্ণ করেন কুশল মেন্ডিসও। তিনি তার সেঞ্চুরি পূর্ণ করেন ইনিংসে ৭৬তম ওভারে ১৫২ বল মোকাবেলায়।
তৃতীয় দিন শেষে ডি সিলভা ২৪১ বলে ২০টি চারের সাহায্যে ১৬৭ রান করে অপরাজিত ছিলেন। অন্য প্রান্তে ১৮৮ বলে ১০টি চার ও চারটি ছক্কায় অপরাজিত ১১৭ রান নিয়ে আছেন কুশল মেন্ডিস। পঞ্চম উইকেটে দু’জনের অবিচ্ছিন্ন জুটি ইতোমধ্যে ছাড়িয়েছে ২০০ রান। তৃতীয় দিনের খেলা শেষে শ্রীলঙ্কার সংগ্রহ চার উইকেটে ৪০৪ রান। প্রথম ইনিংসের এখনো ৩০ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








