মোস্তাফিজের আইপিএল আত্মসম্মান নাকি পেশাদারিত্বের জয়
মোস্তাফিজের আইপিএল আত্মসম্মান নাকি পেশাদারিত্বের জয়।

ক্রীড়া প্রতিবেদক
ক্রিকেটে আবেগের জায়গা আছে, আছে জাতীয়তাবোধ, দেশপ্রেম ও আত্মমর্যাদার প্রশ্নও। কিন্তু পেশাদার ক্রিকেটের বাজারে শেষ পর্যন্ত অর্থনীতি, ক্যারিয়ার আর ব্যক্তিগত প্রাপ্তির হিসাবটাও যে বড় হয়ে ওঠে, সেটি আবারো মনে করিয়ে দিচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যে মোস্তাফিজুর রহমানকে ঘিরে বাংলাদেশ-ভারত ক্রিকেট সম্পর্কের আকাশে কালো মেঘ জমেছিল, সেই মোস্তাফিজই আবার আইপিএলে ফিরতে আগ্রহী। শুধু মোস্তাফিজ নন, নাহিদ রানা, রিশাদ হোসেন, হাসান মাহমুদসহ বাংলাদেশের আরো কয়েকজন ক্রিকেটারের আইপিএলে খেলার আগ্রহের খবর পাওয়া যাচ্ছে। খবর রয়েছে মোস্তাফিজ আসন্ন আসরের নিলামে নামও নিবন্ধন করেছেন।
ঘটনাপ্রবাহটা সত্যিই নাটকীয়!
মোস্তাফিজকে কেন্দ্র করে দুই দেশের ক্রিকেটাঙ্গনে কী তোলপাড়টাই না হয়েছিল! কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল বাংলাদেশের এই বাঁহাতি পেসারকে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে তাকে দল থেকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। কোনো ক্রিকেটীয় কারণ নয়; বরং রাজনৈতিক ও পারিপার্শ্বিক পরিস্থিতির ছায়াই পড়েছিল এই সিদ্ধান্তে। একজন ক্রিকেটারকে নিলামে কিনে নেয়ার পর এভাবে বাদ দেয়ার ঘটনা শুধু মোস্তাফিজকে নয়, পেশাদার ক্রিকেটের স্বচ্ছতা ও নিরপেক্ষতাকেও প্রশ্নবিদ্ধ করেছিল।
বাংলাদেশে তখন ক্ষোভের আগুন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড়। আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত। এরপর বিশ্বকাপের ভেন্যু নিয়ে বিসিবি-আইসিসির টানাপড়েন। নিরাপত্তার প্রশ্ন তুলে ভারত থেকে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার দাবি। শেষ পর্যন্ত সেই দাবি পূরণ না হওয়ায় বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। একটি টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পেছনে মোস্তাফিজকে বাদ দেয়ার ঘটনাটি বড় অনুঘটক হয়ে উঠেছিল। ক্রিকেটের মাঠের একটি সিদ্ধান্ত গড়িয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটের কূটনৈতিক টানাপড়েনে।
সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার আইপিএলের হাতছানি। তাহলে কি আগের অপমান, অসম্মান কিংবা ক্ষোভের কোনো মূল্য নেই? যে টুর্নামেন্টকে ঘিরে এত বড় অবস্থান, সেই টুর্নামেন্টেই আবার খেলতে চাওয়ার অর্থ কী? যারা তখন জাতীয় আবেগের প্রশ্নে আইপিএল বর্জনের পক্ষে সোচ্চার ছিলেন, তাদের কাছে বিষয়টি নিশ্চয়ই অস্বস্তিকর। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠাও অস্বাভাবিক নয়।
তবে অন্য একটি দিকও আছে। মোস্তাফিজ একজন পেশাদার ক্রিকেটার। আইপিএলে খেলার সুযোগ পাওয়া তার ব্যক্তিগত ক্যারিয়ার, আর্থিক নিরাপত্তা ও আন্তর্জাতিক পরিচিতির জন্য গুরুত্বপূর্ণ। আইপিএল বিশ্বের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসর। সেখানে খেলার অভিজ্ঞতা একজন ক্রিকেটারের দক্ষতা, আত্মবিশ্বাস ও বাজারমূল্য বাড়াতে পারে। শুধু আবেগের কারণে একজন ক্রিকেটারকে নিজের পেশাগত সুযোগ বিসর্জন দিতে হবে, এমন দাবিও যৌক্তিক নয়। বিশেষ করে যে সিদ্ধান্তে তার নিজের কোনো দায় ছিল না, সেই সিদ্ধান্তের শাস্তি তাকেই বা কেন ভোগ করতে হবে?
প্রশ্ন হচ্ছে, আত্মমর্যাদার জায়গাটি কোথায়? মোস্তাফিজকে বাদ দেয়ার সময় বিসিসিআইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে যে প্রতিবাদ হয়েছিল, সেটি কি ভুল ছিল? নিশ্চয়ই নয়। একজন চুক্তিবদ্ধ ক্রিকেটারকে রাজনৈতিক পরিস্থিতির অজুহাতে বাদ দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদ হওয়া উচিত। আবার সেই প্রতিবাদের কারণে একজন ক্রিকেটারের ভবিষ্যৎ আটকে থাকাও উচিত নয়।
এখানেই বিসিবির দায়িত্ব সবচেয়ে বেশি। ক্রিকেটারদের আইপিএলে খেলার সুযোগ দেয়া হবে কি না, তা নিয়ে আবেগনির্ভর সিদ্ধান্ত নয়, প্রয়োজন সুস্পষ্ট নীতিমালা। জাতীয় দলের স্বার্থ, আন্তর্জাতিক সূচি, খেলোয়াড়ের ফিটনেস এবং দেশের ক্রিকেটের দীর্ঘমেয়াদি পরিকল্পনা বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নিতে হবে। মোস্তাফিজের পাশাপাশি নাহিদ, রিশাদ কিংবা হাসানদের জন্যও আন্তর্জাতিক ক্রিকেটের এই বড় মঞ্চ অভিজ্ঞতা অর্জনের সুযোগ হতে পারে।
সবচেয়ে বড় কথা, একজন ক্রিকেটারকে কোনো রাজনৈতিক বিরোধের প্রতীক বানিয়ে ফেলা যেমন অন্যায়, তেমনি জাতীয় আবেগের প্রশ্নকে সম্পূর্ণ অস্বীকার করাও ঠিক নয়।
মোস্তাফিজ আইপিএলে খেলবেন, সেটি তার পেশাগত সিদ্ধান্ত; কিন্তু তাকে যেভাবে বাদ দেয়া হয়েছিল, সেই ঘটনার জবাবদিহির প্রশ্নটি এখনো অমীমাংসিত। আইপিএলের দরজা আবার খুলতে পারে, কোটি রুপির দর উঠতে পারে, ফ্র্যাঞ্চাইজির জার্সিতে ফিরতে পারেন বাংলাদেশের ক্রিকেটাররা। কিন্তু আগের অপমানের স্মৃতি তো আর নিলামের হাতুড়ির শব্দে মুছে যাবে না!
আগামী ১৬ ডিসেম্বর ভারতে হতে যাচ্ছে আইপিএলের মিনি নিলাম। সেই নিলামকে সামনে রেখে বাংলাদেশী ক্রিকেটারদের তালিকা চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। নিলামে অংশ নিতে বাংলাদেশ থেকে সর্বোচ্চ ১৩ জন ক্রিকেটার নিবন্ধনের সুযোগ পাবেন। আইপিএলের গত আসরের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের সাতজন ক্রিকেটার থাকলেও দল পেয়েছিলেন কেবল মোস্তাফিজ। 
ক্রিকেটারদের জন্য আইপিএল হোক সম্ভাবনার দরজা; কিন্তু বাংলাদেশের আত্মমর্যাদা যেন কখনোই নিলামের পণ্যে পরিণত না হয়।