মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির অবনতিতে ঢাকার গভীর উদ্বেগ

কূটনৈতিক প্রতিবেদক 

মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির অবনতি, বিশেষ করে রোহিঙ্গাদের দুরবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) ড. নজরুল ইসলাম। তিনি রাখাইন রাজ্যে চলমান সহিংসতা ও জোরপূর্বক বাস্তুচ্যুতির মতো ভয়াবহ পরিস্থিতিতে উৎকণ্ঠা ব্যক্ত করেন।   
মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসঙ্ঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি অ্যান একেলস-কারি গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে নজরুল ইসলামের সাথে সাক্ষাৎ করতে এলে তিনি এ উদ্বেগের কথা জানান। 
সচিব (দ্বিপাক্ষিক) বলেন, বাংলাদেশ ১২ লাখেও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে মানবিক সহায়তা দেয়া অব্যাহত রেখেছে। মিয়ানমারে তাদের নিজ বাসভূমিতে দ্রুত প্রত্যাবাসনই এই সঙ্কটের একমাত্র স্থায়ী সমাধান। এ জন্য প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি, নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ নিশ্চিত করা এবং রোহিঙ্গা ও তাদের আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক পর্যায়ে সমর্থন অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ। 
কেলি অ্যান বিপুলসংখ্যক জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার ক্ষেত্রে বাংলাদেশের দীর্ঘদিনের উদারতা ও মানবিক প্রচেষ্টাকে সাধুবাদ জানান। আশ্রয়দাতা দেশ হিসেবে বাংলাদেশ যে উল্লেখযোগ্য চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছে তা স্বীকার করে তিনি সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও মানবিক সহায়তা দেয়ার ক্ষেত্রে বাংলাদেশের অবিচল অঙ্গীকারের প্রশংসা করেন। তিনি রোহিঙ্গাদের দুরবস্থার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত মনোযোগ এবং এই দীর্ঘস্থায়ী সঙ্কটের স্থায়ী সমাধান প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। 
বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি অ্যান এক সপ্তাহের সফরে গতকাল ঢাকা এসেছেন। তিনি মিয়ানমার সফর করতে চাইলেও দেশটি তার অনুমতি দেয়নি।