
সংসদ প্রতিবেদক
কোনো দেশের গোয়েন্দা সংস্থার সাথে জামায়াতে ইসলামীর বৈঠক বা যোগাযোগের ইতিহাস নেই বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, তারা গোয়েন্দা সংস্থার সাথে নয়, রাজনৈতিক প্রতিপক্ষের সাথে আলোচনা করেন। বরং যারা এ ধরনের অভিযোগ করছেন, তাদের নিজেদের অতীত কর্মকাণ্ডের দিকে তাকানোর পরামর্শ দিয়েছেন তিনি।
গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর ৩০০ বিধিতে দেয়া বক্তব্যের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।
বিরোধী দলীয় নেতা বলেন, ‘সীমান্তের ওপার থেকে সুড়সুড়ি দেয়া হচ্ছে- এ কথার সাথে আমি একমত। তবে ‘এরকম কথাও রয়েছে যে, বিদেশী গোয়েন্দা সংস্থার সাথে একটি দলের বোঝাপড়া হয়েছে। এই সুড়সুড়ির পেছনে ওই দলের কোনো সম্পর্ক আছে কিনা’, দলটি কোনটি- স্বরাষ্ট্রমন্ত্রী তা স্পষ্ট করুন।’
তিনি বলেন, সরকার যদি জামায়াতকে ইঙ্গিত করে থাকে, তাহলে স্পষ্টভাবে জানাতে চান- কোনো দেশের কোনো গোয়েন্দা সংস্থার সাথে বসার ইতিহাস তাদের নেই। ‘আমরা কোনো এজেন্সির সাথে বসবো কেন? আমরা একটি রাজনৈতিক দল। আমরা বসবো রাজনৈতিক প্রতিপক্ষের সাথে, বন্ধুদের সাথে। এজেন্সির সাথে বসার তো কোনো প্রশ্নই ওঠে না।’
ডা. শফিকুর রহমান আরো বলেন, তাদের বিরুদ্ধে যারা এ ধরনের অভিযোগ করছেন, তাদেরই দেশে-বিদেশে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে বৈঠকের ইতিহাস রয়েছে। তিনি অভিযোগ করেন, অতীতে একটি গোয়েন্দা সংস্থার দেশে গিয়ে সংশ্লিষ্টদের কাছে দুঃখ প্রকাশ এবং দলের অতীত নীতিকে ভুল বলে স্বীকার করার ঘটনাও ঘটেছে। এ বিষয়ে তিনি বলেন, ‘মেহেরবানি করে আয়নায় নিজেদের চেহারা দেখাটাই উত্তম হবে।’
‘মাদক নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন’ : মাদক নিয়ন্ত্রণের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে বিরোধী দলীয় নেতা বলেন, মাদক নির্মূল বা নিয়ন্ত্রণের আগে দেশে এর প্রবেশ বন্ধ করা জরুরি। তিনি সংসদের কয়েকজন সদস্যের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে দাবি করেন, মাদক কারবারের সাথে সরকারি দলের কিছু নেতার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
তিনি বলেন, ‘আমরা চাই মাদক নির্মূল হোক। এই সংসদে পাস হয়েছে নিয়ন্ত্রণ হোক। এই মাদক কারা নিয়ন্ত্রণ করবে? বেড়াই যদি ধান খায়, ধান রক্ষা করবে কে?’
তিনি আরো বলেন, সংসদের একজন সিনিয়র সদস্য অভিযোগ করেছেন, আগে মাদকের সিন্ডিকেট ফ্যাসিস্টরা নিয়ন্ত্রণ করতো, এখন তাদের দলের কিছু নেতা তা নিয়ন্ত্রণ করছেন। আরেকজন সদস্য স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির পাশ দিয়ে মাদকের বড় চালান যাওয়ার কথা বলেছেন বলে উল্লেখ করেন তিনি।
কুষ্টিয়ায় মাদক কারবারিদের ধরতে গিয়ে পুলিশের ওপর সরকারি দলের লোকজন হামলা করেছে বলেও অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা। তার দাবি, দেশে এ ধরনের হামলার ঘটনা আরো ঘটছে।
এ ছাড়া, ‘অতীতে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করা’ একজন সিনিয়র সদস্যের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, ওই সদস্য আক্ষেপ করেছেন যে তার দলের লোকেরা টাকা খেয়ে ফ্যাসিস্টদের পুনর্বাসন করছেন। এসব অভিযোগের প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, ‘এই দোষারোপের রাজনীতি আপনারা ইঙ্গিত না করলে এর একটা কথাও আমি এখানে দাঁড়িয়ে বলতাম না। ইঙ্গিত করেছেন, তাই বলতে বাধ্য হলাম।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সীমান্ত : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে অতীতের তুলনায় উন্নতির দাবি করা হলেও বাংলাদেশ এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাতে পারেনি বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। তিনি বলেন, ‘আমার দেখা ৫২ বছরের রাজনীতিতে শুনে আসতেছি, সবসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা উঠলে বলা হয় অতীতের তুলনায় এখন ভালো হচ্ছে। এই ভালো হতে হতে এখনো আমেরিকাও হতে পারলাম না, ইংল্যান্ডও হতে পারলাম না। সেই বাংলাদেশই রয়ে গেলাম।’
তিনি বলেন, তারা বাংলাদেশী থাকতে চান, অন্য কোনো দেশ হতে চান না এবং কারো অধীনতা বা আধিপত্যবাদ মেনে নিতে চান না। তবে বাংলাদেশকে বাংলাদেশের মতো করে গড়ে তুলতে চান।
স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে হত্যাকাণ্ড ২২ থেকে ১২-তে নেমে আসার তথ্য তুলে ধরে বিরোধী দলের প্রশংসা প্রত্যাশা করেছিলেন। এর জবাবে ডা. শফিকুর রহমান বলেন, তিনি একসাথে তিনবার হাততালি দিয়েছেন। তবে ভবিষ্যতে সীমান্তহত্যা শূন্যের কোঠায় নেমে এলে সবাই মিলে আরো বেশি প্রশংসা করবেন।
সীমান্তে পুশইন ঠেকানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণও এ কাজে ভূমিকা রেখেছে।’ সীমান্তে জনগণ ও বিজিবির যৌথ উদ্যোগের কথা স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করলে সীমান্তে স্বতঃস্ফূর্তভাবে বাহিনীর পাশে দাঁড়ানো মানুষ আরো উৎসাহিত হতো বলে মন্তব্য করেন তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








