কপের সিদ্ধান্ত বাস্তবায়নে নিশ্চিত করতে হবে জবাবদিহি

অভিযোজন অর্থায়ন হতে হবে অনুদানভিত্তিক, ঋণনির্ভর নয়- জীবাশ্ম জ্বালানি ব্যবসায়ী ও লবিস্টদের প্রভাব বাড়ছে - তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসঙ্ঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ৩১) বাংলাদেশের প্রধান দাবি অভিযোজন অর্থায়ন বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির ন্যায্য হিস্যা আদায়। কিন্তু সম্মেলনের শুরুতেই তিন গুণ অভিযোজন অর্থায়নের প্রস্তাব আলোচ্যসূচিতে স্থান না পাওয়ায় হতাশা তৈরি হয়েছে। একই সাথে পাহাড়ি অঞ্চলের জলবায়ু ঝুঁকি এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর স্বার্থও উপেক্ষিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এসব বিষয়, জলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানি ব্যবসায়ী ও লবিস্টদের প্রভাব, বাংলাদেশের জলবায়ু কূটনীতি এবং কপ প্রক্রিয়ার সংস্কার নিয়ে দৈনিক নয়া দিগন্তের সাথে কথা বলেছেন তরুণ জলবায়ু কর্মী ও যুব পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের নির্বাহী সমন্বয়কারী সোহানুর রহমান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের জীবন নিয়ে ছেলেখেলা বন্ধ করতে হবে। সাক্ষাৎকার নিয়েছেন সিনিয়র রিপোর্টার কাওসার আজম।
নয়া দিগন্ত : কপ৩১-এর শুরুতে বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে কতটা সামঞ্জস্য দেখছেন?
সোহানুর রহমান : এটি আমার পঞ্চম কপ সম্মেলন। আগের সম্মেলনগুলোতে অনেক প্রতিশ্রুতি ও সিদ্ধান্ত হয়েছে। এখন সবচেয়ে বেশি প্রয়োজন সেগুলোর বাস্তবায়ন। বাংলাদেশের প্রধান দাবি অভিযোজন অর্থায়ন বৃদ্ধি। কিন্তু উদ্বোধনী দিনেই দেখা গেল, ঘানার পক্ষ থেকে তিন গুণ অভিযোজন অর্থায়নের প্রস্তাব আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হলেও তা স্থান পায়নি। অভিযোজন গ্যাপ রিপোর্টেও বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর অর্থায়নের চাহিদা পূরণ না হওয়ার বিষয়টি উঠে এসেছে। তাই অভিযোজন অর্থায়ন বাড়ানো জরুরি।
নয়া দিগন্ত : অভিযোজন অর্থায়নের ক্ষেত্রে বাংলাদেশের অগ্রাধিকার কী হওয়া উচিত?
সোহানুর রহমান : অভিযোজন অর্থায়ন শুধু প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; তা ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছাতে হবে। এ অর্থায়ন হতে হবে অনুদানভিত্তিক, ঋণনির্ভর নয়। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী না হয়েও বাংলাদেশকে বিপুল ক্ষয়ক্ষতির বোঝা বহন করতে হচ্ছে। এর ওপর ঋণের বোঝা চাপিয়ে দেয়া কোনোভাবেই জলবায়ু ন্যায়বিচার হতে পারে না। একই সাথে লস অ্যান্ড ড্যামেজ বা ক্ষয়ক্ষতির অর্থায়ন নিশ্চিত করতে হবে।
নয়া দিগন্ত : পাহাড়ি অঞ্চলের ঝুঁকি এবং বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) যৌথ উদ্যোগ কতটা গুরুত্বপূর্ণ?
সোহানুর রহমান : নেপালের ভোতেকোশি অঞ্চলের বন্যা আমাদের জন্য সতর্কবার্তা। নেপাল উজানে এবং বাংলাদেশ ভাটিতে অবস্থিত। ফলে নেপালে বড় ধরনের বিপর্যয় ঘটলে তার প্রভাব বাংলাদেশেও পড়তে পারে। আমরা চেয়েছিলাম, বাংলাদেশ, ভুটান ও নেপাল যৌথভাবে পাহাড়ি অঞ্চলের জলবায়ু ঝুঁকি আন্তর্জাতিক আলোচনায় তুলে ধরবে। কিন্তু এবার প্রস্তাব উত্থাপনের সময় বাংলাদেশকে সাথে পাওয়া যায়নি। ভুটান ও নেপাল ছিল। শেষ পর্যন্ত প্রস্তাবটিও গৃহীত হয়নি।
নয়া দিগন্ত : বাংলাদেশের জলবায়ু আলোচনার প্রধান অগ্রাধিকার কী হওয়া উচিত?
সোহানুর রহমান : অভিযোজন ও ক্ষয়ক্ষতির অর্থায়নের পাশাপাশি জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণকে গুরুত্ব দিতে হবে। গ্লাসগো সম্মেলনে কয়লার ব্যবহার বন্ধের পরিবর্তে ধীরে ধীরে কমানোর সিদ্ধান্ত এসেছিল। অন্যদিকে মিটিগেশন ওয়ার্ক প্রোগ্রামও অনেকটা স্থবির। জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের জন্য বাংলাদেশের মতো দেশকে ন্যায্য অর্থায়ন দিতে হবে। পাশাপাশি শ্রমিক ও সংশ্লিষ্ট জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা, দক্ষতা উন্নয়ন এবং বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। এটিই ন্যায়সঙ্গত জ্বালানি রূপান্তর বা জাস্ট ট্রানজিশনের মূল কথা।
নয়া দিগন্ত : বাংলাদেশের জলবায়ু কূটনীতিতে কী পরিবর্তন প্রয়োজন?
সোহানুর রহমান : জলবায়ু কূটনীতিকে আরো শক্তিশালী করতে হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে নতুন জোট ও মিত্রতা গড়ে তুলতে হবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এই অবস্থান কাজে লাগিয়ে জলবায়ু ন্যায়বিচারের দাবিগুলো আরো জোরালোভাবে তুলে ধরতে হবে। উপকূল, চর, পাহাড় ও হাওর এলাকার মানুষ জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হলেও বৈশ্বিক উষ্ণায়নের জন্য তাদের দায় সামান্য। ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য অধিকার আদায়ে সরকারি প্রতিনিধি, নাগরিক সমাজ ও সাংবাদিকদের সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন।
নয়া দিগন্ত : কপ সম্মেলনে জীবাশ্ম জ্বালানি ব্যবসায়ী ও লবিস্টদের প্রভাব বাড়ছে বলে অভিযোগ রয়েছে। আপনার পর্যবেক্ষণ কী?
সোহানুর রহমান : গ্লাসগো, শার্ম আল-শেখ, দুবাই ও বাকুর পর আনতালিয়াতেও ব্যবসায়ী গোষ্ঠীর প্রভাব বাড়তে দেখছি। বিশেষ করে পেট্রোলিয়াম ও জীবাশ্ম জ্বালানি খাতের লবিস্টদের উপস্থিতি বেড়েছে। তারা সম্মেলনের আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তারের চেষ্টা করছে।
এবার একতরফা বাণিজ্যিক ব্যবস্থা এবং কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম (সিবিএএম) বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়। কার্বন নিঃসরণ-নির্ভর পণ্য ইউরোপে রফতানির ক্ষেত্রে অতিরিক্ত ব্যয়ের চাপ তৈরি হতে পারে। ভবিষ্যতে এ ব্যবস্থা তৈরি পোশাক খাতেও সম্প্রসারিত হলে বাংলাদেশের অর্থনীতি বড় চ্যালেঞ্জে পড়বে।
নয়া দিগন্ত : জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর ভূমিকা এবং কপ প্রক্রিয়ার সংস্কার কতটা জরুরি?
সোহানুর রহমান : ঐতিহাসিকভাবে ইউরোপের দেশগুলো ও যুক্তরাষ্ট্র জলবায়ু সঙ্কটের জন্য বেশি দায়ী। তবে বর্তমানে চীন, ভারতসহ বড় নির্গমনকারী দেশগুলোরও দায়িত্ব রয়েছে। ঐতিহাসিক দায়ের পাশাপাশি বর্তমান ও ভবিষ্যৎ নির্গমন কমানোর দায়িত্বও সবাইকে নিতে হবে। শুধু অর্থায়নের প্রতিশ্রুতি নয়, সেই অর্থ ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছানোর নিশ্চয়তাও প্রয়োজন।
কপ প্রক্রিয়ায় ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়ার বাধ্যবাধকতা বড় সমস্যা। একটি দেশ আপত্তি জানালেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে যায়। কোনো কোনো ক্ষেত্রে একটি কমা বা দাঁড়ি নিয়েও দীর্ঘ আলোচনা চলে। পানামার একজন মন্ত্রী ভোটাভুটির ব্যবস্থা চালুর কথা বলেছেন। সিদ্ধান্ত গ্রহণে কার্যকর বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর স্বার্থ উপেক্ষিত হওয়ার আশঙ্কা রয়েছে।
আরেকটি সমস্যা হচ্ছে, কপের সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যকর জবাবদিহি নেই। কোনো দেশ প্রতিশ্রুতি দিয়েও তা বাস্তবায়ন না করলে তাকে জবাবদিহির আওতায় আনার কার্যকর ব্যবস্থা দেখা যায় না। তাই কপের সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়ায় সংস্কার জরুরি। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মানুষের জীবন নিয়ে ছেলেখেলা বন্ধ করতে হবে। অন্যথায় জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব হবে না।