
- অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয় : সরকারদলীয় চিফ হুইপ
- সংসদ সদস্যদের স্ত্রী-সন্তানদের ডিলারশিপ দেয়া হয়েছে : হাসনাত আবদুল্লাহ
সারের ডিলার নিয়োগে সংসদ সদস্যদের স্ত্রী, ছেলে, ভাগ্নে ও অন্যান্য স্বজনের ডিলারশিপ দেয়ার অভিযোগ তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, সারা দেশে সারের ডিলার নিয়োগে নজিরবিহীন দুর্নীতি হয়েছে। এ নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনা করা হবে কি না, কৃষিমন্ত্রীর কাছে তা জানতে চান তিনি। পরে কৃষিমন্ত্রীর জবাবের সময় বিরোধীদলীয় সংসদ সদস্যরা হইচই করলে সংসদ উত্তপ্ত হয়ে ওঠে।
গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কৃষিমন্ত্রীর কাছে সম্পূরক প্রশ্নে এসব অভিযোগ তোলেন বিরোধীদলীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বৈঠকে সভাপতিত্ব করেন।
সম্পূরক প্রশ্নে হাসনাত আবদুল্লাহ কয়েকটি সংবাদ শিরোনাম উল্লেখ করে বলেন, ‘সারের ডিলার হয়েছেন এমপির ছেলে, ভগ্নিপতি ও ভাগ্নের স্ত্রী। ঠাকুরগাঁওয়ে ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জনই বিএনপির। তাদের মধ্যে ১০ জন নেতার স্ত্রী, সন্তান ও ভাগ্নি।’
তিনি বলেন, নাটোরে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। অভিযোগ রয়েছে, এক সংসদ সদস্যের সন্তানও সারের ডিলারশিপ পেয়েছেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, সারা দেশে সারের ডিলার নিয়োগের ক্ষেত্রে একধরনের মহোৎসব হয়েছে। সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা কোনো কোনো এলাকায় অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের সুপারিশ করেছেন বলেও অভিযোগ রয়েছে। কোথাও ১৫টি ইউনিয়নের জন্য ৩০ জনকে ডিলার নিয়োগের সুপারিশ করা হয়েছে।
কৃষিমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে হাসনাত আবদুল্লাহ বলেন, ডিলারশিপে সংসদ সদস্যদের স্ত্রী, ছেলে ও ভাগ্নেরা সুযোগ পেয়েছেন। আওয়ামী লীগের সময়ে যারা সারের ব্যবসা করতেন, তাদের আবার সুযোগ করে দিতে মন্ত্রণালয় থেকে নিয়ম করা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।
জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, সারের ডিলার নিয়োগের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে দু’টি কমিটি গঠন করা হয়েছে। জেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে রয়েছেন জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
মন্ত্রী বলেন, ডিলার নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছিল। আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম ও শর্ত দেয়া ছিল। মন্ত্রণালয় থেকে জেলা ও উপজেলা পর্যায়ের কমিটিকে নির্দেশনা দেয়া হয়েছিল, নির্ধারিত নিয়ম অনুসরণ করেই যেন ডিলার নির্বাচন করা হয়।
তিনি বলেন, আবেদন পাওয়ার পর সেগুলো উপজেলা পর্যায়ে পাঠানো হয়। সেখানে ইউএনওর নেতৃত্বাধীন কমিটি উপজেলা কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট এলাকার কৃষি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আবেদন যাচাই-বাছাই করে।
পরবর্তী সময়ে যাচাই-বাছাই করা প্রস্তাব জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়। জেলা পর্যায়ের কমিটি সেগুলো পর্যালোচনা করে তিনজনের নাম ক্রমানুসারে মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয় সেই তালিকার প্রথম ব্যক্তিকে ডিলার হিসেবে ঘোষণা করেছে। মন্ত্রী বলেন, জেলা পর্যায়ের কমিটিতে জেলা কৃষি কর্মকর্তা, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন। কমিটির সব সদস্যের স্বাক্ষরসহ প্রস্তাব মন্ত্রণালয়ে এসেছে। কোনো একজন ব্যক্তির একক স্বাক্ষরে এসব প্রস্তাব পাঠানো হয়নি।
সংসদে হইচই : কৃষিমন্ত্রীর বক্তব্যের একপর্যায়ে সংসদে ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা হইচই শুরু করেন। এ সময় মন্ত্রী বলেন, তিনি নতুন মন্ত্রী। বক্তব্য দেয়ার সময় সাইড টক হলে তার অসুবিধা হয়। তার জবাব অপছন্দ হলে পরে আরেকটি প্রশ্ন করার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
হইচই বাড়তে থাকলে ডেপুটি স্পিকার কায়সার কামাল বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, সংসদ সদস্যদের কথা বলার অধিকার রয়েছে, জবাব দেয়ারও অধিকার রয়েছে। বিরোধী দলের সদস্যদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি।
অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয় : সরকারদলীয় চিফ হুইপ
সারের ডিলার নিয়োগে অর্থের বিনিময়ে সংসদ সদস্যরা সুপারিশ করেছেন- এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর এমন অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন সরকারিদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেছেন, এ ধরনের অভিযোগের প্রমাণ থাকলে তা কৃষিমন্ত্রীর কাছে দেয়া উচিত। প্রমাণ না থাকলে সংসদে এমন অসত্য ও অসংসদীয় বক্তব্য এক্সপাঞ্জ করার অনুরোধ জানান তিনি।
সারের ডিলার নিয়োগ নিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সম্পূরক প্রশ্ন এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের জবাবের পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ কথা বলেন নুরুল ইসলাম মনি।
তিনি বলেন, সংসদ সদস্য তার বক্তব্যে বলেছেন, অর্থের বিনিময়ে সংসদ সদস্যরা এটা করেছেন। এটা সঠিক তথ্য নয়। তথ্যটি একেবারেই অসত্য।
নুরুল ইসলাম মনি বলেন, এ ধরনের অভিযোগের কোনো প্রমাণ থাকলে সংশ্লিষ্ট সংসদ সদস্য তা মন্ত্রীর সাথে আলোচনা করতে পারেন এবং লিখিতভাবেও দিতে পারেন। প্রমাণ না থাকলে এ ধরনের অসত্য বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেয়ার জন্য ডেপুটি স্পিকারের প্রতি অনুরোধ জানান তিনি।
সারের ডিলার নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, সার একটি সংবেদনশীল পণ্য। এ বিষয়ে সংসদের সবাই একমত হয়েছিলেন যে, বিগত সরকারের সময়ে নিয়োগ দেয়া ডিলারদের বাতিল করে নতুন ডিলার নিয়োগ দেয়া হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রী যে প্রজ্ঞাপন জারি করেছেন, তাতে কোনো ভুলত্রুটি থাকলে তা নিয়ে মন্ত্রীর সাথে আলোচনা করা যেতে পারে। প্রয়োজন হলে প্রজ্ঞাপন পরিবর্তন করে এমন ব্যবস্থা নেয়া উচিত, যাতে সবাই উপকৃত হন এবং সম্মিলিতভাবে কাজ করা সম্ভব হয়।
চলতি অর্থবছরে সারে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি : কৃষিমন্ত্রী
চলতি ২০২৬-২৭ অর্থবছরে সারে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি বরাদ্দ রেখেছে সরকার। কৃষকদের ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে বিশেষ টাস্কফোর্স ও মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি দেশব্যাপী মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো: রফিকুল ইসলাম খানের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
প্রশ্নে রফিকুল ইসলাম খান জানতে চান, আন্তর্জাতিক বাজারে সারের দামের ওঠানামার পরিপ্রেক্ষিতে প্রান্তিক কৃষকদের জন্য ইউরিয়া, ডিএপি ও টিএসপি সারে চলতি অর্থবছরে সরকার মোট কত টাকা ভর্তুকি বরাদ্দ রেখেছে।
এ ছাড়া পিক সিজনে মাঠপর্যায়ে ডিলার ও মজুদদারদের কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি বন্ধে মন্ত্রণালয়ের বিশেষ মনিটরিং ব্যবস্থা এবং বিএডিসির মাধ্যমে ডিজিটাল কৃষক কার্ডের ভিত্তিতে সরাসরি কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার ও প্রত্যয়িত বীজ বিতরণে জাতীয় সমন্বিত পরিকল্পনা রয়েছে কি না, তা জানতে চান তিনি।
জবাবে কৃষিমন্ত্রী বলেন, মাঠপর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে সার পাওয়া নিশ্চিত করতে বিশেষ টাস্কফোর্স ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। সার সরবরাহ, মজুদ, পরিবহন, বিতরণ ও খুচরা বিক্রয় কার্যক্রম সার্বক্ষণিক তদারকি এবং মাঠপর্যায়ের সমস্যা দ্রুত সমাধানে কৃষি মন্ত্রণালয়ে সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম খোলা হয়েছে। এর মাধ্যমে মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে।
মন্ত্রী আরো বলেন, দেশের ৬৪ জেলায় সার মনিটরিং কার্যক্রম জোরদার করতে মন্ত্রণালয়ের ৬৪ জন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। এ ছাড়া সারের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কৃষি মন্ত্রণালয়ের দু’জন যুগ্মসচিব ও দু’জন উপসচিবের সমন্বয়ে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির মনিটরিং কার্যক্রমও অব্যাহত রয়েছে।
কৃষিমন্ত্রী জানান, সরকার কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন করেছে। এ কর্মসূচির আওতায় কৃষকদের ডিজিটাল ডাটাবেজ তৈরি, ন্যায্যমূল্যে সার, মানসম্মত বীজ ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ এবং সরকারি ভর্তুকি ও প্রণোদনা দেয়ার পরিকল্পনা রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








