
বাংলাদেশ ৪-০ শ্রীলঙ্কা
(শমিত, হামজা, ফারহান, রাকিব)
সাফে কবে বাংলাদেশ ৪-০ গোলে জিতেছিল প্রশ্নটা সবার মনেই ঘুরপাক খাচ্ছিল। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে হামজা-রাকিব-জামালদের ৪-০ গোলে জয়ের পর এই ইতিহাস ঘাটার পর্ব শুরু। এই শতাব্দীতে অর্থাৎ ২০০৯ সালে ঢাকা সাফে ভুটানকে হারিয়েছিল ৪-১ গোলে। আর ক্লিন শিটে হালি গোলের জয় ১৯৯৯ সালের গোয়া সাফে। সেবার বাংলাদেশ পাকিস্তানকে ৪-০ গোলে হারিয়েছিলেন আলফাজ, ইকবাল, মিজানুর রহমান ডনরা। কাল জাতীয় স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে ২৮ বছর পর সাফে ৪-০ গোলে জয় বাংলাদেশকে করেছে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন। কাকতালীয় ভাবে এই জয়ের ফলে ১৪ নভেম্বর সেমিফাইনালে বাংলাদেশ পাচ্ছে পাকিস্তানকেই। পাকিস্তান ‘বি’ গ্রুপ রানার্সআপ হয়েছে মালদ্বীপের বিপক্ষে ভারতের ১-০তে জয়ে। অন্য দিকে ৪ গোলের হারে বাদ পড়েছে শ্রীলঙ্কা। তাদের বাদ পড়ার কারণ গোল পার্থক্য। ভুটানের সাথে তাদের পয়েন্ট সমান ১ হলেও গোল পার্থক্য -৪। আর ভুটানের -১। এতে লঙ্কানদের টপকে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিতে গেছে ভুটান। ১৪ তারিখে সেমিতে তারা পাচ্ছে ভারতকে। কাল লঙ্কানরা ড্র করলেই সেমিতে যেত।
দলে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। সাথে এই ইংল্যান্ড প্রবাসী পেলেন বাংলাদেশ দলের নেতৃত্ব। এতে বাংলাদেশ দল আরো উজ্জীবিত ছিল শ্রীলঙ্কার বিপক্ষে। আগের ম্যাচে ভুটানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করা লাল-সবুজরা গতকাল ছিল অনেকটা নির্ভার। এরপরও জয়ের ধারা অব্যাহত রাখা এবং গ্রুপ শ্রেষ্ঠত্বের জন্য এবারের সাফের স্বাগতিকরা শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকে। এই ধারায় ৮ মিনিটেই এগিয়ে যাওয়া ২০০৩ সাফ চ্যাম্পিয়নদের। কানাডা প্রবাসী শমিত শোমের দ্বিতীয় প্রচেষ্টার শট জালে গেলে উল্লাসে মেতে উঠে গ্যালারিতে উপস্থিত হাজার পনেরর মতো দর্শক। ৪৪ মিনিটে হামজা চৌধুরীর গোলে ২-০ লিড নেয় ১৯৭১ সালে স্বাধীনতা পাওয়া দেশটি।
ভুটানের বিপক্ষে ১-০তে জয়ী দলের তিন ফুটবলার বিশ্বনাথ ঘোষ, ফয়সাল আহমেদ ফাহিম এবং জামাল ভূঁইয়ার বদলে হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও ইব্রাহিমকে একাদশে চান্স দেন কোচ ডুলি। তিন খেলোয়াড়ের অন্তর্ভুক্তিতে বাংলাদেশ দল শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকে। হামজাকে কোচ খেলান অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে। এতে বাংলাদেশ দলের আক্রমণাত্মক কৌশল আর প্রেসিং ফুটবলে শুরু থেকেই খোলসে ঢুকে যায় ১৯৯৫ সালের সার্ক গোল্ডকাপে চ্যাম্পিয়ন লঙ্কানরা। ৬ মিনিটে ফ্রি-কিক থেকে জাতীয় স্টেডিয়ামে উপস্থিত এবং টিভি পর্দায় চোখ রাখা দর্শকদের উল্লাসে মাতাতে পারেননি হামজা। গত এশিয়ান কাপে হংকংয়ের বিপক্ষে ফ্রি-কিকে তিনি গোল করলেও কাল তার শট বার ঘেঁষে বাইরে যায়। ৮ মিনিটে তার পাস থেকেই গোল। হামজা দারুণ এক ক্রস ভাসান বক্সে। সে বলের ফ্লাইট মিস করেন বাংলাদেশ ফুটবল লিগে ফর্টিস এফসিতে খেলা গোলরক্ষক সুজান পেরেরা। এতে বল গিয়ে পড়ে সামনে থাকা শমিত শোমের পায়ে। তার প্রথম শট বিপক্ষ ডিফেন্ডার ক্রিস্টোফার কিলের গায়ে লেগে ফের শমিতের কাছেই আসে। ফিরতি শটে আর কোনো বাধা নয়। তার প্রচণ্ড শট সব প্রতিরোধ ভেঙে আশ্রয় নেয় জালে। শমিত এর আগে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে গোল করেছিলেন।
১৬ ও ২৫ মিনিটে নতুন নেতৃত্ব পাওয়া হামজার দু’টি প্রচেষ্টা ব্যর্থ হলেও ৪৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। ইব্রাহিমের থ্রু পাস থেকে বল পান হামজা। এরপর সামনে থাকা ডিফেন্ডারকে ডজে পরাস্ত করে শট নেন ডান পায়ে। সেই শট বিপক্ষ কিপারের গায়ে লেগে ক্রসবার ছুঁয়ে অতিক্রম করে গোললাইন। বাংলাদেশ দলের হয়ে এটি তার ৫ম গোল। এর আগে নেপালের বিপক্ষে দু’টি, ভুটান ও হংকংয়ের বিপক্ষে একটি করে গোল করেছিলেন তিনি। উল্লেখ্য হামজা ও শমিতের সবগুলো গোলই এই জাতীয় স্টেডিয়ামে। হামজার ১৬ মিনিটের শটটির উৎস ছিল কর্নার। তবে তার শট বাইরে যায়। আর ২৫ মিনিটে তার ব্যাক হিলের শটটি যদি জালে যেত তাহলে তা বাংলাদেশের ফুটবল ইতিহাসে অন্যতম সেরা একটি গোল হতো। রাকিবের পাস থেকে বল পেয়ে গোলরক্ষকের বাধা টপকে যখন বল দুরূহ কোণে চলে যায় তখনই ব্যাক হিলে তা জালে পাঠানোর চেষ্টা করেন। বল আশ্রয় নেয় বার ঘেঁষে জালের উপর।
৩৬ ও ৪০ মিনিটে শ্রীলঙ্কা দু’টি হাফ চান্স পেয়েছিল। কিন্তু ফরোয়ার্ডদের পজিশন সেন্সের অভাবে বলে পা ছোঁয়াতে পারেনি।
এরপরই ৫৩ মিনিটে বাংলাদেশের ফুটবল ইতিহাসে অন্যতম সেরা গোল উপহার দেন ফারহান আলী ওয়াহিদ। বাম পাশের বক্সের বাইরে বল পান ফরহান। এরপর বক্সে ঢুকে তিন ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের শটে বল গোললাইন অতিক্রম করেন ইংলিশ লিগের ক্লাব ফুলহ্যাম থেকে লোনে ৫ম টায়ারের দল বোরহ্যাম উডে খেলা এই ফরোয়ার্ড। এর আগে লাল-সবুজ জার্সিতে এবারের আসিয়ান কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষে গোল করেন তিনি। ৫৬ মিনিটে কানাডা প্রবাসী সৈয়দ শাহ কাজেম কিরমানীর শট রুখে সুজান পেরেরা। ৭০ ও ৮৫ মিনিটে জাপান প্রবাসী শুকি ইতোফুসার শট গোল হয়নি লঙ্কান শেষ প্রহরীর বাধায়। ৭১ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমও গোলের দেখা পাননি। এবারো বাধা সুজান পেরেরা। তিন প্রবাসী ফুটবলারের গোলের পর ৮৭ মিনিটে স্থানীয় খেলোয়াড়দের মধ্যে প্রথম গোলের দেখা পান রাকিব হোসেন। লব থেকে পাওয়া বল ধরে বক্সে ঢুকে আগুয়ার গোলরক্ষকের মাথার উপর দিয়ে হালি গোলের জয় নিশ্চিত করেন। এতে বাংলাদেশের কাছে ০-১ গোলে হেরে এবং লঙ্কানদের সাথে ২-২ গোলে ড্র করে ২০০৮ সালের পর ফের সেমিতে খেলার যোগ্যতা অর্জন করলো ভুটান।
এই জয়ে বাংলাদেশ ২০২১ সালে চারজাতি ফুটবলে লঙ্কানদের কাছে ১-২ গোলে হেরে বাদ পড়ার বদলাও নিলো।
ম্যাচ শেষে বাংলাদেশ কোচ টমাস ডুলি জানান, ‘আমি খুব খুশি এই জয়ে। ফারহানের গোল আমার কোচিং ক্যারিয়ারে অন্যতম সেরা। আর আমি হামজাকে নাম্বার টেন পজিশনে খেলিয়েছি তার দক্ষতা, পাসিং এবং সব দিকে ছোটাছুটি করার জন্য। তাকে নেতৃত্ব দেয়াও তার ইংলিশ লিগে খেলার অভিজ্ঞতার জন্য।’ এরপর দুঃসংবাদ দিলেন, ইনজুরিতে পড়া সাদ উদ্দিনের সম্ভবত আর খেলা হবে না এই সাফে। সম্ভাবনা কম চোটে পড়া বিশ্বনাথেও।
এদিকে শ্রীলঙ্কার কুয়েতি কোচ আবদুল্লাহ আল মুতাইরি সাফের তীব্র সমালোচনা করে বলেন, তারা মধ্যরাতে কেন আমাকে নোটিশ পাঠালো। কেন তা সকালে নয়। ২০২৩ সালে ভারতের কোচ পাকিস্তানি খেলোয়াড়ের গায়ে হাত তুললেও তখন তাকে কিছুই করা হয়নি। এরপর জানান, ‘আমি আর সাফ ফুটবলের দলে কোচিং করাবো না। আমিতো মাঠে কাউকে আঘাত করিনি।’ ম্যাচ প্রসঙ্গে বলেন, দিনটি আমাদের ছিল না। তবে বাংলাদেশ দূর্দান্ত খেলেছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








