ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্যের ডাক সরকার ও বিরোধী দলের
  • শুধু রাজনৈতিক বক্তব্য দিয়ে দায়িত্ব শেষ করা যাবে না : বিরোধীদলীয় নেতা
  • অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সুযোগ নিচ্ছে বিভিন্ন পক্ষ : স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং পতিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের ষড়যন্ত্র মোকাবেলায় সরকারি দল, বিরোধী দল, সংসদের বাইরের রাজনৈতিক দলসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর এ আহ্বানকে স্বাগত জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালে যেভাবে ঐক্য তৈরি হয়েছিল, জাতীয় ঐক্যের মাধ্যমে সেই ঐক্যকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। একই সাথে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে শুধু বক্তব্য নয়, কার্যকর পদক্ষেপ নেয়ারও তাগিদ দিয়েছেন তিনি।
গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালী বিধির ৩০০ বিধিতে দেয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান। পরে তার বক্তব্যের প্রতিক্রিয়ায় বিরোধীদলীয় নেতা জাতীয় ঐক্যের বিষয়টি সমর্থন করেন। বিরোধীদলীয় নেতার বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রীও তাকে ধন্যবাদ জানান। 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যে সুযোগ নিচ্ছে বিভিন্ন পক্ষ সীমান্তের ওপার থেকে কর্মসূচি দিয়ে কখনো এটার নাম ধর্মঘট, কখনো হরতাল, কখনও ভিন্ন নাম দেয়া হচ্ছে- উদ্দেশ্য একটাই, তারা যেন এখানে অস্থিরতা সৃষ্টি করতে পারে। সেটা যাতে আমরা সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে রুখে দিতে পারি, সেজন্য জাতীয় ঐক্য প্রয়োজন।’
তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় যে ঐক্য গড়ে উঠেছিল, বর্তমান পরিস্থিতিতেও সেই ঐক্য প্রয়োজন। পতিত ফ্যাসিবাদী গোষ্ঠীকে সমূলে উৎপাটন এবং তাদের যেকোনো ষড়যন্ত্র নস্যাৎ করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ফ্যাসিবাদ প্রতিরোধের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখার স্বার্থে এ ঐক্যের বিকল্প নেই মন্তব্য করে সরকার ও বিরোধী দলের পাশাপাশি সংসদের বাইরের রাজনৈতিক দলগুলোকেও এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, তিনি মন্ত্রীর বক্তব্যের শেষাংশ থেকে কথা শুরু করতে চান। স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বানকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘উনি শেষের দিকে এসে একটা আপিল জানিয়েছেন। বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ২৪-এ যেভাবে ঐক্য তৈরি হয়েছিল, জাতীয় ঐক্যের মাধ্যমে আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেব। উনার এই ফিলিংসের জন্য ধন্যবাদ।’
বিরোধীদলীয় নেতা বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালে যে ঐক্য তৈরি হয়েছিল, সেই ঐক্যের চেতনাকে ধরে রেখে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। অতীতে যে পরিস্থিতির মধ্য দিয়ে মানুষকে যেতে হয়েছে, তার পুনরাবৃত্তি ঠেকানো রাজনৈতিক দলগুলোর অন্যতম দায়িত্ব। তিনি বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে। যারা ফ্যাসিবাদী শক্তিকে আশকারা দিয়েছে বা তাদের ফিরে আসার সুযোগ তৈরি করছে, তাদের বিষয়ে জনগণই বিচার করবে। তবে শুধু রাজনৈতিক বক্তব্য বা সংসদীয় আলোচনা দিয়ে দায়িত্ব শেষ করা যাবে না। ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে আলোচনার পর কার্যকর উদ্যোগ নেয়া জরুরি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আগামীতে আমরা এখানে বসে যা বলব, তারপর যেন কার্যকর পদক্ষেপ নেয়া হয়, সেটাই আমরা দেখতে চাই।’
বিরোধীদলীয় নেতা আরো বলেন, জাতীয় ঐক্যের আহ্বানকে বাস্তবে রূপ দিতে হবে। সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, বিভিন্ন বিষয়ে বিতর্কও হবে। কিন্তু দেশের ভবিষ্যৎ, গণতান্ত্রিক পরিবেশ এবং ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকানোর প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে দায়িত্বশীল অবস্থান থাকা প্রয়োজন। জনগণ যেন আর অতীতের মতো রাজনৈতিক নিপীড়ন ও দুঃসহ পরিস্থিতির শিকার না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার কথাও বলেন তিনি।
বিরোধীদলীয় নেতার বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বিরোধীদলীয় নেতা জাতীয় ঐক্যের বিষয়ে যে কথা বলেছেন, তা গুরুত্বপূর্ণ। সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা-সমালোচনা থাকবে। তবে এসব আলোচনা ও বিতর্ক সংসদের ভেতরেই সীমাবদ্ধ থাকবে এবং সংসদীয় রীতি ও ঐতিহ্য মেনেই তা পরিচালিত হবে।
৩০০ বিধিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য : সংসদে ৩০০ বিধিতে দেয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা আর বাংলাদেশে ফিরতে পারবেন না। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হিটলারের সাথে তুলনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুরো একটি দল পালিয়ে গেছে। শেখ হাসিনার পালিয়ে যাওয়া বিশ্বের ইতিহাসে কেবল হিটলারের নাৎসি বাহিনীর জার্মানি থেকে পালিয়ে যাওয়ার সাথে উদাহরণ দেয়া যায় এবং মিলেও যায়। তিনি বলেন, নাৎসিরা যেমন জার্মানিতে আর ফিরতে পারেনি, রাজনীতি করতে পারেনি। তেমনই গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না।
দেশে সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, অগ্নিসংযোগ আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতি। এ প্রসঙ্গে ২০০৪ সালের ৪ জুন শাহবাগে তৎকালীন হোটেল শেরাটনের সামনে বিআরটিসির একটি দোতলা বাসে গানপাউডার নিক্ষেপ করে আগুন দেয়ার ঘটনা উল্লেখ করেন তিনি। তার বর্ণনা অনুযায়ী, ওই ঘটনায় ঘটনাস্থলে ৯ জন এবং পরে হাসপাতালে আরো দু’জনসহ মোট ১১ জন নিহত হন। এ ঘটনায় তৎকালীন আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের জবানবন্দী ইউটিউবে পাওয়া যায় বলেও উল্লেখ করেন তিনি।
সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে উসকানি দেয়া হচ্ছে বলে বিরোধীদলীয় নেতার বক্তব্যের সাথে একমত পোষণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি অভিযোগ করেন, সীমান্তের ওপার থেকে পলাতক আওয়ামী লীগ নেত্রী অডিও-ভিডিও কলে দলের নেতাদের জুলাই আন্দোলনকারীদের তালিকা তৈরি ও তাদের ঘরবাড়ি ভাঙার নির্দেশ দিচ্ছেন। এ ছাড়া দেশে ফিরলে জুলাইযোদ্ধাদের চরম শিক্ষা দেয়ার হুমকি দিচ্ছেন বলেও জানান তিনি। 
মানবাধিকার মেনে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। তবে প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, ‘আমরা সেই নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কখনোই আইনশৃঙ্খলা বাহিনীকে পেটোয়া বাহিনীতে পরিণত করতে চাইনি, করবও না। তবে প্রয়োজনে- আই রিপিট, প্রয়োজনে-সরকার পরিস্থিতি অনুযায়ী আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।’
বিগত সরকারের আমলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, অপহরণ, গায়েবি মামলা এবং জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের অঙ্গীকার বাস্তবায়নে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল জেলায় জেলায় তদন্ত শুরু করবে বলেও জানান তিনি। তার অভিযোগ, মানবাধিকারের প্রতি সরকারের শ্রদ্ধাশীলতার সুযোগ নিয়ে পতিত শক্তি অস্থিরতা ও নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। তবে মানবাধিকারের সীমারেখার মধ্যেই এসব চক্রান্ত নস্যাৎ করা হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘রাইট অব প্রাইভেট ডিফেন্স’-এর আলোকে অভিযান পরিচালনার সময় প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে বাহিনীর সদস্যদের ওপর হামলা এবং একজন সৈনিকের মৃত্যুর ঘটনাও উল্লেখ করেন তিনি। কক্সবাজারে মানব পাচারবিরোধী অভিযানে ৫৬ জন জিম্মিকে উদ্ধার করা হয়েছিল জানিয়ে তিনি বলেন, অবৈধ অস্ত্রধারীদের হামলায় গুলিবিদ্ধ ওই সৈনিক সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দেশে ধীরে ধীরে মবের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে ৫৫টি মবের ঘটনা ঘটলেও ২০২৬ সালের একই সময়ে তা কমে ১৬টিতে নেমেছে। তিনি বলেন, ‘এই ১৬টাও যাতে না হয়, সে জন্য আমরা চূড়ান্ত ব্যবস্থা নেব। ধীরে ধীরে দেশে কোনো মব থাকতে পারবে না।’

Advertisement