
নয়া দিগন্ত ডেস্ক
গাজীপুরের কালিয়াকৈরে বেড়াতে যাওয়ার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ছেলেসহ এক দম্পতি নিহত হয়েছে। এ ছাড়া কক্সবাজারের চকরিয়া, চট্টগ্রামের রাঙ্গুনিয়া, চুয়াডাঙ্গার জীবননগর ও ঝালকাঠির কাঁঠালিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় আরো পাঁচজন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন।
গাজীপুর জেলা ও মহানগর প্রতিনিধি জানান, গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৮ বছরের এক শিশুও রয়েছে। গতকাল বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গাজীপুর মহানগরীর দেওয়ালিয়াবাড়ি এলাকার নজরুল হোসেন, মোফাজ্জলের ছেলে মামুন হোসেন, আশরাফুল (৩০), তার স্ত্রী শিশু আক্তার ও ছেলে আরাফাত হোসেন (৮)।
সড়ক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোরশেদ গণমাধ্যমকে বলেন, শিশু সন্তানসহ ওই দম্পতি টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় বেড়াতে যাচ্ছিলেন। পথে সড়ক দুর্ঘটনায় তারা সবাই মারা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ছেলে আরাফাতসহ তিনজন মোটরসাইকেলে করে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকা থেকে চন্দ্রার দিকে যাচ্ছিলেন। তারা সফিপুর বাজারের উড়াল সড়কে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তবে কোন গাড়ির চাপায় তারা মারা গেছেন, তাৎক্ষণিকভাবে তা শনাক্ত করা সম্ভব হয়নি।
চকরিয়ায় দুই মোটরসাইকেল চালক নিহত
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা ও খুটাখালী এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন মোট পাঁচজন। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ডুলাহাজারা পূর্ব মাইজপাড়া এলাকার যতীন্দ্র মোহনের ছেলে বাবুল কান্তি দে (৬৫) ও খুটাখালী এলাকায় ৭ নং ওয়ার্ডের মাইজপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে মনিরুল খালেদ (৪১)।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার ডুলাহাজারা বাজার থেকে রাত ১টার দিকে বাড়ি ফিরার পথে ব্রিজের পাশে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী বাবুল কান্তি দেকে ছেলে রনি দে রাস্তার উপর ছটফট করতে দেখেন। পরে তাকে উদ্ধার করে মালুমঘাট হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ছাড়া মহাসড়কের খুটাখালী এলাকায় সেখানকার বাসিন্দা মনিরুল খালেদ নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
রাঙ্গুনিয়ায় শ্রমিক নিহত
রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সাহেদ (২০) নামে এক হার্ডওয়্যার শ্রমিক নিহত হয়েছেন। তিনি পোমরা ইউনিয়নের রোশাইপাড়া (ওস্টাপাড়া) বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে। গতকাল সকালে পোমরা রোশাইপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, উপজেলার পোমরা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের শান্তিরহাট-মালিরহাট-বারলিয়া সড়কের রোশাইপাড়া ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক সাহেদ রাস্তায় ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাবা দেলোয়ার হোসেন বলেন, সাহেদ রোশাইপাড়া বাড়ি থেকে শান্তিরহাট যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছে।
জীবননগরে যুবকের মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গার জীবননগরে সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে রাসেল হোসেন (২৩) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। উপজেলার সন্তোষপুর ইকো পার্কের পাশে মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার সেনেরহুদা গ্রামের মাদরাসা পাড়ার ইলিয়াস হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোরে কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে সন্তোসপুর-আন্দুলবাড়িয়া সড়কে পার্কের পাশে খাদের মধ্যে একটি লাশ পড়ে থাকতে দেখতে পান। পাশে একটি নীল রঙের আরটিআর মোটরসাইকেল দুমড়ে মুচড়ে পড়ে ছিল। পরে ‘৯৯৯’ কল দিয়ে পুলিশকে খবর দেয়া হয়। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খেজুর গাছের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই তিনি মারা গেছেন।
বাবা ইলিয়াস হোসেন বলেন, রাসেল রাজমিস্ত্রির কাজ করতো। মঙ্গলবার রাত ৯টার দিকে সন্তোসপুর পাম্পে মোটরসাইকেলের তেল কেনার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। সারারাত তার নম্বরে ফোন কল দিলেও কেউ রিসিভ করেনি। পরে আজ (বুধবার) ভোরে খবর পেলাম সে এক্সিডেন্ট করেছে, এসে দেখি মারা গেছে।
কাঁঠালিয়ায় কৃষক নিহত
কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা জানান, ঝালকাঠির কাঁঠালিয়ায় ট্রাকের ধাক্কায় স্বরজিৎ ডাকুয়া (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল দুপুরে কাঁঠালিয়া-রাজাপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার আওরাবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্বরজিৎ ডাকুয়া উপজেলার আওরাবুনিয়া এলাকার মৃত উপেন্দ্র নাথ ডাকুয়ার ছেলে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বেলা ১১টার দিকে স্থানীয় সাতনী বাজার থেকে দক্ষিণ দিকে হেঁটে যাচ্ছিলেন কৃষক স্বরজিৎ ডাকুয়া। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








