সাবেক মন্ত্রী জাবেদের অর্থ আত্মসাত মামলার রায় ১৯ নভেম্বর

চট্টগ্রাম ব্যুরো 
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলার রায় ঘোষণা হবে আগামী ১৯ নভেম্বর। গতকাল বুধবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতে মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হওয়ার পর বিচারক মিজানুর রহমান রায়ের এ তারিখ নির্ধারণ করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি মোকাররম হোসাইন জানান, মামলায় মোট ৫৬ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। সাক্ষ্যগ্রহণ শেষে উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করা হলে আদালত রায় ঘোষণার দিন ধার্য করেন। 
মামলার ৩৬ আসামির মধ্যে সাবেক মন্ত্রী জাবেদের পাশাপাশি রয়েছেন তার স্ত্রী রুকমীলা জামান, ছোট ভাই আসিফুজ্জামান ও বোন রোকসানা জামান। এ ছাড়া ইউসিবিএল ব্যাংক এবং জাবেদের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান আরামিট গ্রুপের একাধিক কর্মকর্তা আসামির তালিকায় রয়েছেন। 
দুদকের তদন্তে উঠে আসা অভিযোগ অনুযায়ী, ভিশন ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থ আত্মসাতের প্রক্রিয়া শুরু হয়। অভিযোগপত্রে বলা হয়েছে, আরামিট গ্রুপের প্রটোকল অফিসার ফরমান উল্লাহ চৌধুরীকে ব্যবসায়ী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে মিথ্যা তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স তৈরি করা হয়েছিল। ওই লাইসেন্স ব্যবহার করে ২০১৯ সালের ১৩ অক্টোবর ইউসিবিএলের চট্টগ্রামের পোর্ট শাখায় ভিশন ট্রেডিংয়ের নামে একটি চলতি হিসাব খোলা হয়। এরপর ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে গম, হলুদ, ছোলা ও মটর আমদানির উদ্দেশ্যে ১৮০ দিনের জন্য টাইম লোনের আবেদন করা হয়। ঋণ প্রস্তাবের বিষয়ে নেতিবাচক অবস্থান থাকা সত্ত্বেও ব্যাংকের পরিচালনা পরিষদ যথাযথ যাচাই-বাছাই ছাড়াই ঋণ অনুমোদন করে বলে অভিযোগপত্রে উল্লেখ করেছে দুদক। 
ঋণ অনুমোদনের পর অর্থ সরাসরি ভিশন ট্রেডিংয়ের হিসেবে রেখে দেয়া হয়নি; বরং পে-অর্ডারের মাধ্যমে আলফা ট্রেডার্স, ক্লাসিক ট্রেডার্স, মডেল ট্রেডিং ও ইম্পেরিয়াল ট্রেডিং নামের চারটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়। দুদকের তদন্তে এসব প্রতিষ্ঠানকে নামসর্বস্ব হিসেবে উল্লেখ করা হয়েছে। পরবর্তী সময়ে এসব হিসাব থেকে অর্থ নগদে উত্তোলন এবং বিভিন্ন মাধ্যমে স্থানান্তর করা হয়। 
অভিযোগপত্রে আরো বলা হয়েছে, স্থানান্তরিত অর্থের একটি অংশ হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করে সেখানে সম্পত্তি কেনা হয়। পাশাপাশি জাবেদের মালিকানাধীন আরামিট সিমেন্ট ও আরামিট থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের ব্যাংক হিসাবে অর্থ জমা দিয়ে দায় সমন্বয় করা হয়। দুদকের তদন্ত অনুযায়ী, ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে অর্থ আত্মসাৎ ও পাচারের এ ঘটনা ঘটে। 
এ ঘটনায় গত বছরের ২৪ জুলাই দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ মামলা করেন সংস্থাটির উপপরিচালক মো: মশিউর রহমান। মামলায় প্রাথমিকভাবে জাবেদ ও তার স্ত্রীসহ ৩১ জনকে আসামি করা হয়েছিল। পরবর্তী সময়ে তদন্তে আরো সাতজনের সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের অন্তর্ভুক্ত করে মোট ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। 
চলতি বছরের ৫ জানুয়ারি চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো: মশিউর রহমান। ৭ জানুয়ারি আদালত অভিযোগপত্রটি গ্রহণ করেন। পরে ১১ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ৫ এপ্রিল মামলার বাদি ও তদন্তকারী কর্মকর্তা মশিউর রহমানের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে বিচারিক কার্যক্রমে সাক্ষ্যপর্ব শুরু হয়।

Advertisement