
ফজলুল হক রোমান নেত্রকোনা
নেত্রকোনার মদনে আলোচিত ১১ বছর বয়সী মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় মাদরাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন সংশ্লিষ্ট আদালত। একইসাথে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মামলার অপর আসামি সাগরের ভাই মাইমুন ওরফে মামুনের বিরুদ্ধ অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো: আব্দুস সালাম এ রায় ঘোষণা করেন।
ধর্ষণের ফলে জন্ম নেয়া শিশুটিকে দণ্ডপ্রাপ্ত সাগরের সন্তান হিসেবে স্বীকৃতি দেয়া এবং জন্ম নিবন্ধনের আদেশ দিয়েছেন। পাশাপাশি নবজাতকের বিয়ে হওয়া পর্যন্ত তার যাবতীয় ব্যয়ভার রাষ্ট্রকে বহনের নির্দেশ দেয়া হয়েছে। তবে রাষ্ট্র চাইলে দণ্ডপ্রাপ্ত আসামির সম্পদ বাজেয়াপ্ত করে সেই অর্থ থেকে শিশুটির ভরণপোষণের ব্যবস্থা করতে পারবে। শিশুটির প্রাতিষ্ঠানিক ও সরকারি নথিপত্রে পিতা হিসেবে দণ্ডপ্রাপ্ত শিক্ষক সাগরের নাম ব্যবহারেরও নির্দেশ দিয়েছেন আদালত।
সংক্ষিপ্ত রায় পাঠকালে বিচারক শিক্ষাপ্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। হাইকোর্টের পূর্ববর্তী পর্যবেক্ষণের কথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন আইন করে বাধ্যতামূলক করা উচিত।
মামলাটির বিচার কার্যক্রম মাত্র ৯ কার্যদিবসে এবং সার্বিকভাবে ৬০ দিনের মধ্যে সম্পন্ন করে রায় ঘোষণা করা হয়েছে। এতে মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো: নুরুল কবির রুবেল। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো: আনিসুর রহমান।
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি কওমি মাদরাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ সাগর ১১ বছর বয়সী এক ছাত্রীকে মাদরাসায় ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন। ভয়ে শিশুটি প্রথমে বিষয়টি কাউকে জানায়নি। পরে তার শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সন্দেহ হয়। চলতি বছরের এপ্রিলে চিকিৎসকের পরীক্ষায় শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। ২৩ এপ্রিল শিশুটির মা বাদি হয়ে সাগর ও তার ভাইকে আসামি করে মদন থানায় মামলা করেন।
মামলার পর দেশজুড়ে আলোচনার সৃষ্টি হলে র্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে। পরে ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে প্রধান আসামি আমান উল্লাহ সাগরকে গ্রেফতার করা হয়। ২ জুলাই সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভুক্তভোগী শিশুটি একটি কন্যাসন্তানের জন্ম দেয়।
পরে আদালতের নির্দেশে সিআইডির বিশেষ দল নবজাতকের নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় পাঠায়। পরীক্ষার প্রতিবেদনে নবজাতকের সাথে শিক্ষক সাগরের ডিএনএ ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিলে যায়। এর ভিত্তিতে ২৬ আগস্ট মদন থানার উপপরিদর্শক (এসআই) মো: আক্তারুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
গত ২৮ অক্টোবর যুক্তিতর্ক শুনানির সময় আসামি নিজের ১২ শতাংশ জমিসহ সব সম্পত্তি লিখে দেয়ার বিনিময়ে মুক্তি চেয়েছিলেন বলে জানা গেছে। তবে আদালত সেই প্রস্তাব গ্রহণ করেননি।
রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল কবির রুবেল সন্তোষ প্রকাশ করে বলেন, মাত্র ৬০ দিনের মধ্যে ৯ কার্যদিবসে মামলার বিচার শেষ করে রায় পাওয়া গেছে। আদালত প্রধান আসামিকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন।
তিনি আরো বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১৩ ধারা অনুযায়ী ধর্ষণের ফলে জন্ম নেয়া শিশুটির যাবতীয় দায়িত্ব রাষ্ট্রকে দেয়া হয়েছে। রাষ্ট্র চাইলে দণ্ডপ্রাপ্ত আসামির সম্পদ থেকেও শিশুটির ভরণপোষণের ব্যয় নির্বাহ করতে পারবে বলে আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








