দেশ অস্থিতিশীল করে আতঙ্ক ছড়ানোর চেষ্টা
  •  মিরপুরে তিন বাসে আগুন
  •  টেকনাফে পুলিশের ওপর হামলা  
  •  দাকোপে বিএনপি অফিসে অগ্নিসংযোগ
  •  জবিতে ছাত্রলীগ নেতা রিমান্ডে



কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা ও নাশকতা দেশজুড়ে অব্যাহত রয়েছে। সর্বশেষ বুধবার ঢাকার মিরপুরে তিনটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়েছে। খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিতে এসে এক যুবক আটক হয়েছেন। এর আগে মঙ্গলবার রাতে কক্সবাজারের টেকনাফে নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল থেকে পুলিশের ওপর হামলায় এক উপপরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া খুলনার দাকোপে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগ এবং পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেয়ার পর থেকেই দেশে অস্থিতিশীলতা সৃষ্টিতে সহিংসতা চালিয়ে আসছে আওয়ামী দুর্বৃত্তরা। আতঙ্ক ছড়াতে গত কয়েক দিনের ধারাবাহিকতায় গতকালও দেশের বিভিন্ন স্থানে নাশকতা চালানো হয়। নিজস্ব প্রতিবেদক ও সারা দেশ থেকে ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
টেকনাফে পুলিশের ওপর হামলা
টেকনাফে নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বের করা  মশাল মিছিল থেকে পুলিশের ওপর হামলা হয়েছে। মঙ্গলবার রাতে পৌরসভার আবহাওয়া অফিসের পশ্চিম পাশে গোদারবিল এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় টেকনাফ মডেল থানার এসআই মো: জাফর আলম মাথায় গুরুতর আঘাত পান। একটি গাড়িও ভাঙচুর করা হয়। আহত এসআইকে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, পরে সেখানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
থানার ওসি মো: সাইফুল ইসলাম জানান, সংগঠনটির উপজেলা শাখার সভাপতি নুরুল আলমের নেতৃত্বে গোদারবিল থেকে মিছিল বের হয়। মিছিল শহরের দিকে এগোচ্ছে খবর পেয়ে পুলিশ ও বিজিবি বাধা দেয়। তখন মিছিল থেকে লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের কোনো কর্মসূচি পালনের অনুমতি নেই। ঘটনার পর পুলিশ, বিজিবি ও এসআরবির টহল জোরদার করা হয়েছে। 
মিরপুরে তিন বাসে আগুন
রাজধানীর মিরপুরের পৃথক দু’টি স্থানে রাস্তার পাশে পার্ক করা তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুর্বৃত্তরা। মোটরসাইকেলে এসে তারা আগুন দিয়ে পালিয়ে যান। এত কোনো হতাহতের খবর পওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, তিন বাসের মোট ক্ষয়ক্ষতি ১০ লাখ ৫০ হাজার থেকে ১৩ লাখ ৫০ হাজার টাকা।
এর মধ্যে মঙ্গলবার দিবাগত রাতে শাহ আলী থানা এলাকার চিড়িয়াখানা রোডে জাহাঙ্গীর হোটেলের সামনে ‘চিড়িয়াখানা সিটি পরিবহণ’-এর একটি বাসে আগুন দেয়া হয়। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন এবং নিজেরাও আগুন নেভানোর চেষ্টা করেন। এতে বাসের সিট, জানালা ও বডির বড় অংশ পুড়ে যায়। ক্ষতি আনুমানিক দুই থেকে তিন লাখ টাকা। শাহ আলী থানার ডিউটি অফিসার এসআই মো: রিপন জানান, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে যায়। 
অন্য দিকে, সকাল সাড়ে ৬টার দিকে পল্লবী থানার মিরপুর সেকশন-১২-এর ফুলকলি মোড়ে পার্ক করা ‘বিকল্প পরিবহন’ ও ‘অভিজাত পরিবহন’-এর দু’টি বাসে আগুন দেয়া হয়। স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিকল্প পরিবহণের বাসের বডি, কাচ ও ভেতরের সব সিট পুড়ে যায়। মালিকেরা ক্ষতি ৮ থেকে ১০ লাখ টাকা বলে জানিয়েছেন। অভিজাত পরিবহনের বাসের পেছনের দু’টি জানালার কাচ, সিট ও সিটের কাভার পুড়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়। পল্লবী থানার ওসি জালাল উদ্দিন বলেন, সাধারণ মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টির জন্যই বাসে আগুন দেয়া হয়েছে। উভয় ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।
খুলনায় স্মৃতিস্তম্ভে আগুনের চেষ্টা
খুলনায় বুধবার ভোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিতে এসে ফাহাদ হোসেন (২৪) নামে এক যুবক আটক হয়েছেন। তিনি নগরীর শেখপাড়ার হাসান উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, মোটরসাইকেলে তিন যুবক নগরীর শিববাড়ী মোড়ে স্মৃতিস্তম্ভের সামনে আসেন। একজন নেমে স্তম্ভের কাছে গেলে পথচারীদের সন্দেহ হয়। তারা তাকে আটক করে পুলিশে খবর দেন। তার কাছ থেকে এক বোতল পেট্রোল ও পটকাজাতীয় বস্তু উদ্ধার করা হয়। অপর দু’জন মোটরসাইকেলে পালিয়ে যান।
সোনাডাঙ্গা থানার ওসি মো: রফিকুল ইসলাম জানান, ফাহাদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পলাতকদের খোঁজে অভিযান চলছে। পরে বুধবার দুপুরে স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, একটি রাজনৈতিক দল দেশজুড়ে অরাজকতা করে সরকারকে বিব্রত করতে চায়। 
দাকোপে বিএনপি অফিসে আগুন
খুলনার দাকোপ উপজেলার দাকোপ ইউনিয়নের সাহেবের আবাদ গ্রামে ২ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগ করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুত আগুন নেভান। ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থল থেকে একটি ভাঙা কাচের বোতল ও পেট্রোলভর্তি একটি বোতল উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রতিবাদে বিকেলে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চালনা পৌর বিএনপি।
পাবনায় গ্রামীণ ব্যাংকে আগুন
পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন দিয়েছে ছাত্রলীগের দুর্বৃত্তরা। স্থানীয়দের দাবি, তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আগুন দেন। ব্যাংকের পাবনা জোনাল অফিসের এ জি এম আসাদুজ্জামান জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে সাইনবোর্ডে আগুন দেয়া হয়, থাই গ্লাস ভাঙা হয় এবং অফিসের সামনের অংশে পেট্রোল ঢেলে আগুন ধরানো হয়। নৈশপ্রহরী আব্দুল ওহাবের চিৎকারে বাড়ির মালিক, কর্মী ও স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় গুরুতর কোনো ক্ষতি হয়নি। আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানান ওসি তরিকুল ইসলাম।
জবিতে ছাত্রলীগ নেতার রিমান্ড
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রলীগের অর্থবিষয়ক সম্পাদক রেজওয়ান আহম্মেদের (২৪) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম কোতোয়ালি থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এ আদেশ দেন। তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ নাজমুল আলম টুটুল পাঁচ দিনের রিমান্ড চেয়েছিলেন। মামলার অভিযোগ অনুযায়ী, গত সোমবার রাত ৭টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের সামনে ককটেল বিস্ফোরিত হয়। ছাত্রদল নেতাকর্মীরা রেজওয়ানকে একটি অবিস্ফোরিত ককটেলসহ আটক করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ বলেন, ছাত্রলীগ বিভিন্ন জায়গায় ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়াচ্ছে। আসামিপক্ষের আইনজীবী ঘটনার সময় সন্ধ্যা ৭টা আর ককটেল উদ্ধার রাত ১১টায় দেখানো হয়েছে উল্লেখ করে রিমান্ড বাতিল ও জামিন চান। 
সিলেটে রিসোর্টে সভা, তালা
নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারকে সভা করার সুযোগ দেয়ায় গোয়াইন ঘাটের রাতারগুলে ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্টে’ তালা দিয়েছে পুলিশ। মঙ্গলবার রাত তিনটার দিকে রিসোর্টের দুই কর্মী ও নিষিদ্ধ সংগঠনটির দুই নেতাসহ চারজনকে আটক করা হয়। মালিক সোহেল আত্মগোপনে আছেন।
সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানান, মঙ্গলবার সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট থেকে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে আটক করা হয়। তার দেয়া তথ্যে রিসোর্টের সন্ধান মেলে। ৮ নভেম্বর শিক্ষা সফরের কথা বলে একজন আইনজীবী রিসোর্টটি ভাড়া নেন। সভায় প্রায় ১৭৫ জন অংশ নেন। রাতে রনজিত সরকার এসে ব্যানার লাগিয়ে কয়েক মিনিট বক্তব্য দিয়ে চলে যান। তারা মিয়াকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। রনজিত সরকার কিভাবে দেশে ঢুকলেন, তা তদন্ত হচ্ছে।
সোমবার রনজিত সরকার ফেসবুকে বর্তমান সরকারের সমালোচনা করে বক্তব্য দেন। এর জেরে ওই রাতে সিলেট শহরের গোপালটিলায় তার বাড়িতে আগুন দেন বিক্ষুব্ধ লোকজন। মঙ্গলবার সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।