
নয়া দিগন্ত ডেস্ক
পরমাণু অস্ত্র তৈরির পক্ষে ইরানের অভ্যন্তরে চাপ ক্রমেই বাড়ছে। দেশটির পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ধারাবাহিক হামলা এবং শীর্ষ নেতাদের হত্যার পর পারমাণবিক নীতি পরিবর্তন করে বোমা তৈরির দাবি জোরালো হয়েছে। এমন পরিস্থিতিতেও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে সরে আসার ঘোষণা দেয়নি তেহরান। বরং যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ অবসানের পাশাপাশি পশ্চিমাদের সাথে পারমাণবিক সমঝোতায় পৌঁছানোর পথ খোলা রাখতে চায় দেশটি। তবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শন এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য এখনো কাটেনি।
গত সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সাথে সহযোগিতা সীমিত করা হলেও এনপিটি চুক্তির অধীনে ইরানের প্রতিশ্রুতি বহাল রয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার কারণে স্বাভাবিক পরিস্থিতিতে আইএইএ-এর সাথে সহযোগিতা করা সম্ভব হচ্ছে না।
ইসরাইলকে ইঙ্গিত করে বাকাই বলেন, ‘অন্য পক্ষগুলো শর্ত আরোপ করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসকগোষ্ঠীর পক্ষ থেকে আমাদের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার কারণে সুরক্ষা-সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নে সমস্যা তৈরি হয়েছে।’ তিনি বলেন, ‘এই পরিস্থিতি যত দিন অব্যাহত থাকবে, তত দিন আইএইএ-এর সাথে স্বাভাবিক পরিস্থিতির মতো সহযোগিতা করা আমাদের পক্ষে সম্ভব নয়।’ এ সময় সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রসির সমালোচনাও পুনর্ব্যক্ত করেন তিনি।
তবে বাকাই নিশ্চিত করেন, কয়েক দিন আগে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আইএইএ-এর নতুন পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়েছে। রাশিয়ার সহযোগিতায় নির্মিত এবং নতুন পর্যায়ের উন্নয়নকাজ চলমান থাকা এই বিদ্যুৎকেন্দ্রটিই বর্তমানে আইএইএ-এর পরিদর্শনের জন্য উন্মুক্ত ইরানের একমাত্র পারমাণবিক স্থাপনা। যুদ্ধের সময় বুশেহরে সরাসরি বোমা হামলা চালানো না হলেও মার্কিন যুদ্ধবিমান কয়েক দফায় কেন্দ্রটির আশপাশের এলাকায় হামলা চালিয়ে ক্ষয়ক্ষতি করে। এর পরিপ্রেক্ষিতে রাশিয়ার কর্মীদের একটি অংশকে সরিয়ে নেয়া হয়। তারা এখনো পুরোপুরি সেখানে ফিরে আসেননি। অক্টোবরের শেষ দিকে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে দেয়া বক্তব্যে আইএইএ প্রধান রাফায়েল গ্রসি বলেন, ইরান প্রয়োজনীয় তথ্য ও প্রবেশাধিকার না দেয়ায় দেশটির পারমাণবিক উপাদানের প্রকৃত অবস্থা যাচাই করা সম্ভব হচ্ছে না।
ইরানের অবস্থানের বিষয়ে থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচির উপপরিচালক আলি ভায়েজ বলেন, ইরান এখনো এনপিটি চুক্তির ভেতরে থাকলেও চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টিও বিবেচনায় রাখছে। তিনি আলজাজিরাকে বলেন, বুশেহরে পরিদর্শনের অনুমতি দেয়া মূলত কূটনৈতিক আলোচনা সচল রাখার একটি সীমিত পদক্ষেপ। এর মাধ্যমে তেহরান কট্টরপন্থীদের চাপ সামাল দেয়ার পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূগর্ভের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর নিজেদের নিয়ন্ত্রণ ও দরকষাকষির সক্ষমতা ধরে রাখতে চাইছে। এসব স্থাপনার মধ্যে রয়েছে নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহান।
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং গবেষক এবং ইরানের সাবেক পারমাণবিক আলোচক সাইয়েদ হোসেইন মুসাভিয়ান বলেন, এনপিটি চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করা এবং বোমা হামলার শিকার পারমাণবিক স্থাপনাগুলোতে পরিদর্শনের অনুমতি দেয়া দু’টি পৃথক বিষয় হিসেবে দেখছে তেহরান।
তার মতে, সামরিক হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা পরিদর্শনের বিষয়ে আইএইএ-এর কোনো প্রতিষ্ঠিত প্রটোকল নেই। এ ছাড়া ইরানের আশঙ্কা, স্পর্শকাতর স্থাপনাগুলোতে আইএইএ-এর প্রবেশাধিকার দেয়া হলে সেখান থেকে পাওয়া তথ্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হাতে চলে যেতে পারে, যা ভবিষ্যতে নতুন হামলার কাজে ব্যবহার করা হতে পারে। মুসাভিয়ান বলেন, তেহরান বৃহত্তর পরিদর্শনে বিধিনিষেধ আরোপের বিষয়টিকে এনপিটি চুক্তির বাধ্যবাধকতা প্রত্যাখ্যান নয়; বরং নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগ হিসেবে দেখছে।
পারমাণবিক নীতি পরিবর্তনের চাপ
আন্তর্জাতিক নজরদারির আওতায় থাকা ইরানের পারমাণবিক কর্মসূচি একাধিক আন্তর্জাতিক চুক্তি ও জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের মাধ্যমে নিয়ন্ত্রিত। এনপিটি চুক্তি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের পাশাপাশি শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার নিশ্চিত করে। চুক্তির সদস্য হিসেবে ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম পরিচালনা, প্রযুক্তিগত সহায়তা গ্রহণ এবং এ-সংক্রান্ত আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ পায়। বিনিময়ে দেশটি পারমাণবিক অস্ত্র গ্রহণ, উৎপাদন কিংবা অন্য কোনো উপায়ে অর্জন না করার অঙ্গীকার করেছে। একই সাথে আইএইএ-এর পরিদর্শন ও প্রয়োজনীয় তথ্য সরবরাহে সম্মত হয়েছে।
তবে কোনো দেশ যদি মনে করে যে অসাধারণ কোনো ঘটনা তার সর্বোচ্চ জাতীয় স্বার্থকে বিপন্ন করেছে, তাহলে নির্ধারিত প্রক্রিয়ায় নোটিশ দিয়ে এনপিটি থেকে বেরিয়ে আসতে পারে। চুক্তিটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের প্রতিশ্রুতি দিলেও প্রচলিত সামরিক হামলা থেকে কোনো সুরক্ষা দেয় না। ইরানের কট্টরপন্থীরা এই বিষয়টিকেই চুক্তি থেকে বেরিয়ে আসার পক্ষে অন্যতম যুক্তি হিসেবে তুলে ধরছেন। ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাই একাধিকবার প্রকাশ্যে এনপিটি থেকে বেরিয়ে আসার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। এ ছাড়া ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেবি চলতি সপ্তাহের শুরুতে বলেন, দেশটি পারমাণবিক নীতিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিলে সংগঠনটি প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবে।
যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা অব্যাহত
এ দিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সর্বাত্মক যুদ্ধ এড়াতে কাতার ও পাকিস্তানের মতো আঞ্চলিক মধ্যস্থতাকারীরা দুই দেশের মধ্যে বার্তা আদান-প্রদান অব্যাহত রেখেছে। তবে বিশ্লেষকদের আশঙ্কা, আগামী কয়েক মাসে সঙ্ঘাত আরো বাড়তে পারে। ইরান জানিয়েছে, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে নিয়ে যাওয়ার অনুমতি তারা দেবে না। তবে আন্তর্জাতিক তত্ত্বাবধানে দেশের ভেতরেই ইউরেনিয়ামের সমৃদ্ধির মাত্রা কমিয়ে আনতে রাজি রয়েছে তেহরান। একই সাথে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম পুরোপুরি বন্ধ না করলেও এর মাত্রা সীমিত করার বিষয়ে আলোচনায় বসতে প্রস্তুত ইরান। ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতেও দেশটি এ ধরনের সীমাবদ্ধতা মেনে নিয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে ২০১৮ সালে একতরফাভাবে ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন।
বিশ্লেষকদের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পূর্ণাঙ্গ সমঝোতায় পৌঁছাতে হলে হরমুজ প্রণালীসহ বিভিন্ন অঞ্চলে চলমান সঙ্ঘাতেরও অবসান ঘটাতে হবে। তবে অদূর ভবিষ্যতে এমন সমাধানের সম্ভাবনা কম। আলি ওয়ায়েজ বলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুনির্দিষ্ট ছাড় পাওয়া গেলে তেহরান আলোচনার পথ আরো উন্মুক্ত করতে পারে।
তবে নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক দরকষাকষির হাতিয়ারগুলো শুরুতেই ছেড়ে দেয়ার সম্ভাবনা কম। তিনি আরো বলেন, প্রাথমিক পর্যায়ের একটি সমঝোতার মাধ্যমে সীমিত পরিসরে এবং ধাপে ধাপে আন্তর্জাতিক পরিদর্শন পুনরায় শুরু করা সম্ভব হতে পারে। এ ক্ষেত্রে ২০২৫ সালে ইরান ও আইএইএ-এর মধ্যে স্বাক্ষরিত কায়রো চুক্তিকে ভিত্তি হিসেবে ব্যবহার করা যেতে পারে। তবে সাবেক ইরানি পারমাণবিক আলোচক মুসাভিয়ান মনে করেন, তেহরান কেবল কায়রো চুক্তির মতো প্রাথমিক কোনো সমঝোতায় সন্তুষ্ট হবে না। তিনি বলেন, ‘এ ধরনের সহযোগিতার জন্য সামগ্রিক নিরাপত্তা ও পারমাণবিক ইস্যুগুলো সমাধান করে এমন একটি পূর্ণাঙ্গ চুক্তি প্রয়োজন। তা না হলে বোমা হামলার শিকার স্থাপনাগুলোতে পরিদর্শনের অনুমতি পাওয়ার সম্ভাবনা কম।’
হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা
ইরান ঘোষণা করেছে যে, তাদের দেয়া সাতটি শর্ত ওয়াশিংটন সম্পূর্ণরূপে পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। জনাব রেজাই জোর দিয়ে বলেছেন যে, ইরান যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত পেশ করেছে, যেগুলোকে তারা ইরানি জনগণের ন্যায্য অধিকার বলে মনে করে; কিন্তু ওয়াশিংটনের প্রাথমিক প্রতিক্রিয়ায় সেই দাবিগুলো পূরণ হয়নি। তেহরান এখন একটি স্পষ্ট ও সুনির্দিষ্ট উত্তরের অপেক্ষায় রয়েছে এবং নিশ্চিত করেছে যে, সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের সাথে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছানো কঠিন হতে পারে বলে মন্তব্য করার পর এই বিবৃতিগুলো আসে। তিনি তেহরানের দাবিগুলোকে ‘অযৌক্তিক ও হাস্যকর’ বলে বর্ণনা করেছেন। প্যারিসে জি৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে রুবিও বলেন, কিছু দেশ এখনো প্রস্তাবের মাধ্যমে ইরানের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে; কিন্তু ওয়াশিংটন এখনো কোনো যুগান্তকারী সাফল্য অর্জন করতে পারেনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








